০১:৫৫ পি.এম
গত আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজ চলাকালীন অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের কারণে অভিযুক্ত হন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে তিনি পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অথরিটির (এনসিসিআইএ) তদন্তের আওতায় রয়েছেন।
ইংল্যান্ড সফরের সময় রিজওয়ানের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। জানা গেছে, সেটি এখনও এনসিসিআইএর কাছে রয়েছে। তবে এর মধ্যে রিজওয়ান ক্রিকেটে ফেরার অনুমতি পেয়ে গেছেন। তিনি পাকিস্তানের ২০২৬–২৭ মৌসুমের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের হয়ে খেলবেন। এই দলের অধিনায়কত্বের দায়িত্বও তার কাঁধে রয়েছে।
সুই নর্দার্নের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর ১৯ অক্টোবর থেকে দলের হয়ে খেলতে শুরু করবেন রিজওয়ান।
আরও পড়ুন: আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সহজ জয়
জিও সুপারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রিজওয়ান প্রেসিডেন্টস ট্রফিতে অংশ নিতে পিসিবির কাছ থেকে কোনো অনাপত্তিপত্র চাননি। তবে, তিনি নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন অনাপত্তিপত্রের জন্য। ওই টুর্নামেন্টের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার চুক্তি চূড়ান্ত হয়েছে।
রিজওয়ান নেপাল প্রিমিয়ার লিগের জন্য প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পর ছাড়পত্র পেতে পারেন। কারণ, পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা চলাকালীন বিদেশি লিগে খেলার জন্য ক্রিকেটারদের এনওসি দিতে পিসিবি অনাগ্রহী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন