ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

এভেরোজ স্কুলের সমাবর্তনে ৫৪ হাফেজ ও ৮৫ গ্র্যাজুয়েটকে সংবর্ধনা


এভেরোজ স্কুলের সমাবর্তনে ৫৪ হাফেজ ও ৮৫ গ্র্যাজুয়েটকে সংবর্ধনা

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার চতুর্থ হিফজ ও O/A Level সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হল অডিটোরিয়ামে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে ৫৪ শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ হিসেবে এবং O-Level ও A-Level সম্পন্ন করা ৮৫ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান ও অন্যদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

আরও পড়ুন: ‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের কথাই দিয়াকে শক্তি দিয়েছে

সভাপতির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান উল্লেখ করেন, ২০১৫ সালের অক্টোবরে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে কোরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার চর্চাও গুরুত্ব পাবে।

তিনি বলেন, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষার সমন্বয়ে এভেরোজ লালমাটিয়া দেশে একটি স্বতন্ত্র শিক্ষাধারা গড়ে তুলেছে। তাদের দেখানো পথ অনুসরণ করে দেশে প্রায় ২৫০টি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মান ও সেবার উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা উচিত নয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়; শিক্ষা একটি আমানত।

প্রতিষ্ঠানের একাডেমিক সাফল্য তুলে ধরে খান মো. আক্তারুজ্জামান বলেন, ২০১৯ সাল থেকে O-Level ও A-Level পরীক্ষায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। ওয়ার্ল্ড হায়েস্ট ও কান্ট্রি হায়েস্টসহ বিভিন্ন অর্জন প্রতিষ্ঠানকে গর্বিত করেছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই গত জানুয়ারি থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বুটেক্সের পাঁচ শিক্ষার্থী পেলেন চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রায় এক হাজার আবেদনের মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বনশ্রীতে নতুন শাখা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমাটিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী বলেন, হিফজুল কোরআন, ইসলামিক স্টাডিজ, ইংরেজি মাধ্যমের O-Level ও A-Level এবং আরবি ভাষাশিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ইসলামী ও বুদ্ধিবৃত্তিক বিকাশে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে শিগগিরই ‘এভেরোজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র যাত্রা শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ।

এ ছাড়া পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়ার রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা, আরবি ও ইংরেজি নাশিদ, সম্মিলিত কোরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং নাট্য প্রদর্শনী পরিবেশিত হয়। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ এম


রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে AML/CFT (অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ) বিষয়ক কর্মশালার আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৩১ অক্টোবর ব্যাংকের রাজশাহী শাখা প্রাঙ্গণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী, রংপুর ও সৈয়দপুর অঞ্চলের ১২টি শাখার ৪৮ কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ। ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও ইভিপি এবং ডেপুটি ক্যামেলকো (DCAMLCO) মো. আব্দুল কুদ্দুস অর্থপাচার প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড বেইজড ও ক্রেডিট বেইজড মানি লন্ডারিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সংশ্লিষ্ট ১২টি শাখার শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ এবং জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জরা।

এ সময় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের রিকভারি-২-এর ইভিপি মো. হুমায়ুন কবীর মিয়া, রাইট অব ইনভেস্টমেন্ট রিকভারি ইউনিটের ভিপি মো. সাজ্জাদ হোসাইন এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের রিকভারি-১-এর এসএভিপি মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও আধুনিক করতে রাজশাহী, রংপুর ও সৈয়দপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক। ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএফআইসি ব্যাংক যোগ দিল ২ হাজার কোটি টাকার হিমায়িত খাদ্য তহবিলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


আইএফআইসি ব্যাংক যোগ দিল ২ হাজার কোটি টাকার হিমায়িত খাদ্য তহবিলে

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য আইএফআইসি ব্যাংক পিএলসির সাথে চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির উদ্দেশ্য হলো রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়ন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তির স্বাক্ষর সম্পন্ন হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আইএফআইসি ব্যাংকের প্রতিনিধিত্ব করেন ব্যাংকটির চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের (চলতি দায়িত্ব) ফারিহা হায়দার।

বাংলাদেশ ব্যাংক এই তহবিল গঠন করেছে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে। তহবিলের আওতায় অর্থায়নের সুযোগ বৃদ্ধি পেলে দেশের হিমায়িত খাদ্য খাতের উন্নতির পাশাপাশি রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আইএফআইসি ব্যাংক জানায়, তাদের দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই তহবিলে অংশগ্রহণের ফলে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বৃদ্ধি পাবে। এর ফলে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির অবদান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়োগে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবি করে কলেজে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


নিয়োগে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবি করে কলেজে বিক্ষোভ

কলেজের ল্যাব সহকারীসহ চারটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে, কলেজের অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিয়োগবঞ্চিত প্রার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে। এই বিক্ষোভের স্থান ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজ।

রোববার (১ নভেম্বর) দুপুরে কচাকাটা হাইস্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কচাকাটা বাজার ঘুরে কলেজের গেটে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় পুলিশি পাহারায় কলেজের গেট তালাবদ্ধ থাকলে, বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে, কলেজ সভাপতি ডা. মো. ইউনুস আলী এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের ছবি ও কুশপুত্তলিকায় আগুন দিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। কলেজের গেট খুলে দেওয়ার পর মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিয়োগবঞ্চিতরা অভিযোগ করেন যে, মেধা তালিকায় থাকা প্রার্থীদের বাদ দিয়ে, পরীক্ষার চার দিন পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কলেজ কমিটির সভাপতি ডা. ইউনুস আলী এবং অধ্যক্ষ রফিকুল ইসলাম কম মেধাবীদের নিয়োগ প্রদান করেছেন। তারা নিয়োগকে অবৈধ উল্লেখ করে, নিয়োগ বাতিল করে নতুন করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগের দাবি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ অক্টোবর সকাল ১০টায় কচাকাটা কলেজের কম্পিউটার কাম-অফিস সহকারী, ল্যাব সহকারী, নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব পদে ৪৫ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছিলেন। ওই দিন যথাসময়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে সবাই উপস্থিত ছিলেন, তবে পরীক্ষা নেওয়া হয় দুপুরের পর। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ না করে, সবার ভাইভা নেওয়া হয়। ভাইভা শেষে পরীক্ষার ফল প্রকাশ না করে, চার দিন পর ফল প্রকাশের কথা বললে নিয়োগ সংশ্লিষ্টরা তোপের মুখে পড়েন। পরে কচাকাটা থানা পুলিশের সহায়তায় অধ্যক্ষসহ অন্যরা কলেজ ত্যাগ করেন।

চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন যে, মেধাক্রম অনুসরণ করে ফল ঘোষণা করে ভাইভা পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত ফল ঘোষণা না করে রাত ৮টার দিকে কলেজ ছাড়েন পরীক্ষক ও কলেজ সংশ্লিষ্টরা। পরে ২৭ তারিখ সকালে পরীক্ষার ফলাফল কলেজের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন অধ্যক্ষ। তবে ফলাফলপত্রে ২৪ অক্টোবর তারিখে স্বাক্ষর দেখা যায়। লিখিত পরীক্ষার মেধাক্রমে ওপরে থাকা প্রার্থীরা চাকরি পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত নিয়োগ প্রার্থী ও স্থানীয়রা।

এ সময় বক্তব্যে আনিছুর রহমান তোলা ব্যাপারী বলেন, কলেজটিকে মেধাশূন্য করার পাঁয়তারা চলছে। তিনি অবৈধ নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের দাবি জানান।

ম্যানেজিং কমিটির সভাপতি ডা. ইউনুস আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ বিধিমালা অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, প্রতিপক্ষ একটি রাজনৈতিক চক্র উসকানি দিয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কচাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের সঙ্গে কথা বললে তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়েছে। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ সত্য নয়, এটি অপপ্রচার। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ডিজির প্রতিনিধি, ডিসির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে গ্রীষ্মে ২,৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব: আইইইএফএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ এম


বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে গ্রীষ্মে ২,৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব: আইইইএফএ

গরমের সময় বাসাবাড়িতে ফ্যানের ব্যবহার বিদ্যুতের চাহিদাকে ৫ হাজার ২১২ মেগাওয়াটে নিয়ে যায়। যদি সাধারণ ফ্যানের পরিবর্তে বিদ্যুৎসাশ্রয়ী বিএলডিসি ফ্যান ব্যবহার করা হয়, তাহলে গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত কমানো সম্ভব। এর ফলে বছরে ৬ হাজার ৯১৩ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে, যা আর্থিকভাবে ৮ হাজার ৯৮৭ কোটি টাকার সমান। পাশাপাশি, ভবিষ্যতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ এড়ানো সম্ভব হবে।

এই তথ্যগুলো ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) একটি গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সোমবার প্রকাশিত ‘হাউসহোল্ড স্পেস কুলিং ইন বাংলাদেশ: রোল অব এনার্জি-এফিশিয়েন্ট ফ্যানস’ শীর্ষক প্রতিবেদনে বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানের ব্যবহার বৃদ্ধির জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনটি আইইইএফএর বাংলাদেশ বিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম দ্বারা তৈরি করা হয়েছে। গবেষণাটি দেশের ২৬ জেলার ৪৩৫টি পরিবারের ওপর পরিচালিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, দেশে ব্যবহৃত মোট ফ্যানের মাত্র ১ দশমিক ৪ শতাংশ বিএলডিসি প্রযুক্তির। এই ফ্যানগুলো চালাতে ৩৫ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, যেখানে সাধারণ ফ্যানের জন্য ৭০ ওয়াট বা তার বেশি বিদ্যুৎ লাগে। গ্রীষ্মকালে রাত ৯টার দিকে বাসাবাড়িতে ফ্যানের ব্যবহার সবচেয়ে বেশি হয়, যা বিদ্যুতের চাহিদার ওপর বাড়তি চাপ তৈরি করে।

শফিকুল আলম মন্তব্য করেন, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জন্য বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ করা আরও কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানের ব্যবহার বৃদ্ধি পেলে বিদ্যুতের চাহিদা কমবে এবং বিপিডিবির ওপর চাপও হ্রাস পাবে।

তবে, এসব ফ্যানের দাম বেশি হওয়ায় তাদের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে না। জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ পরিবার জানে না যে বাজারে বিদ্যুৎসাশ্রয়ী ফ্যান পাওয়া যায়। অথচ, এসব ফ্যানের সুবিধা জানার পর ৯৬ শতাংশ পরিবার তা ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। একটি সাধারণ ফ্যানের দাম প্রায় ২ হাজার টাকা, যেখানে বিএলডিসি ফ্যানের দাম ৫ হাজার থেকে ৬ হাজার ৩০০ টাকার মধ্যে।

দেশের প্রায় ৪০ শতাংশ পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকা বা তার কম। এসব পরিবারের গ্রীষ্মকালীন গড় মাসিক বিদ্যুৎ বিল ৬৬৩ টাকা। আর্থিক সহায়তা ছাড়া বিদ্যুৎ বিল সাশ্রয় করে ফ্যানের বাড়তি দাম পুষিয়ে নিতে ৭ দশমিক ৭ থেকে ৯ দশমিক ৬ বছর লাগতে পারে। তবে, বড় পরিসরে একসঙ্গে ফ্যান কেনা এবং কার্বন ক্রেডিট বিক্রির অর্থ কাজে লাগালে এ সময় কমে ৪ দশমিক ৮ বছরে আসবে।

এই পরিস্থিতিতে, আইইইএফএ বিএলডিসি ফ্যানের দাম কমানোর জন্য সরকারের কাছে বড় পরিসরে একসঙ্গে ফ্যান কেনার উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছে। পাশাপাশি, স্বল্প আয়ের পরিবারের জন্য বিশেষ অর্থায়ন এবং বিদ্যুৎ বিলের সঙ্গে কিস্তিতে ফ্যানের দাম পরিশোধের সুযোগ চালুর সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ফ্যানের মান নির্ধারণ ও বিদ্যুৎ খরচের তথ্যসংবলিত লেবেলিং ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। এই দায়িত্ব পালন করতে পারে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)। পাশাপাশি, বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানের সুবিধা সম্পর্কে প্রচার চালানোর প্রয়োজন রয়েছে।

এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি জাতীয় কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে। কর্মসূচি পরিচালনার জন্য সরকারি উদ্যোগে বিশেষায়িত জ্বালানি সেবা প্রতিষ্ঠান (সুপার ইএসসিও) গঠন এবং ফ্যানের মান নিয়ন্ত্রণ ও অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে।

শফিকুল আলম বলেন, জ্বালানি খাতের সংকটের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানের ব্যবহার বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। এসব ফ্যান ব্যবহারের শুরুতেই বিদ্যুতের চাহিদা কমতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%