ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৫ যুবক উদ্ধার


টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৫ যুবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা চলাকালীন পাঁচ যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারচক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, ‘কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহাম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।

আরও পড়ুন: বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির ভূস্বর্গ : কাদের গনি চৌধুরী

বিজিবি জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে।

এই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখা যায়, যা টহল দলের নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। পাশাপাশি সমুদ্রতীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: পীরগঞ্জে সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর আগে ভাইরাল হয়েছিল ‘কোলাভেরি ডি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


১৫ বছর আগে ভাইরাল হয়েছিল ‘কোলাভেরি ডি’

‘হোয়াই দিস কোলাভেরি ডি’—একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই শোনা যেত এই গান। তামিল ভাষা না বুঝলেও গানের সুর এবং ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি গুনগুন করতেন অনেকেই। ভাষার সীমানা পেরিয়ে গানটি ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৫ বছর। ২০১১ সালের ১৬ নভেম্বর মুক্তি পাওয়া গানটি কিভাবে রাতারাতি ভাইরাল হয়েছিল, সেই গল্পও বেশ মজার।

তামিল সিনেমা ‘থ্রি’-এর জন্য গানটি তৈরি করেছিলেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ছবিটি পরিচালনা করেছিলেন ঐশ্বরিয়া আর ধানুশ। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ধানুশ। তখন অনিরুদ্ধের বয়স ছিল মাত্র ২১ বছর। চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে এটিই ছিল তার অভিষেক।

গানটির জন্ম হয়েছিল একেবারে সাধারণ এক স্টুডিও সেশনে। অনিরুদ্ধের দাবি, সুরটি তৈরি করতে তার সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট। সুর শোনার পর ধানুশ নিজের মতো করে গাইতে শুরু করেন। সেখান থেকেই আসে ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি। এরপর ধীরে ধীরে তৈরি হয় পুরো গান।

গানের কথা লিখতেও বেশি সময় নেননি ধানুশ। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মাত্র ছয় মিনিটে গানটির কথা লিখেছিলেন। তার উদ্দেশ্য ছিল সহজ ও পরিচিত শব্দ ব্যবহার করা, যাতে নানা ভাষার শ্রোতারাও গানটির সঙ্গে সহজে যুক্ত হতে পারেন।

গানটিতে ইংরেজি শব্দের আধিক্য থাকলেও ধানুশ একে ‘ট্যাংলিশ’ বলতে চাননি। তার ভাষ্য, ইংরেজি শব্দ ব্যবহার করলেও গাওয়ার ধরনে তিনি তামিলের স্বাদ রেখেছিলেন। তামিল শ্রোতাদের কাছে গানটি পৌঁছে দেওয়াই ছিল তার লক্ষ্য।

ব্যর্থ প্রেমের হতাশা নিয়ে তৈরি গানটির কথায় ছিল অদ্ভুত এক সরলতা। ‘হোয়াইট স্কিন গার্ল’ কিংবা ‘ব্ল্যাক হার্ট’-এর মতো শব্দবন্ধ আর সহজ সুর গানটিকে অন্য রকম করে তুলেছিল। পরে এমন ব্যর্থ প্রেমের গানকে ‘সুপ সং’ নামে পরিচিতি দেওয়া হয়।

তবে গানটি শুরুতে এককভাবে প্রকাশের পরিকল্পনা ছিল না। ধানুশের পরিচিত একজন গানটির অসম্পূর্ণ সংস্করণ ইন্টারনেটে আপলোড করে দেন। এরপর সেটি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি বুঝে গানটি দ্রুত সম্পূর্ণ করার জন্য অনিরুদ্ধকে রাজি করান ধানুশ। শেষ পর্যন্ত ২০১১ সালের ১৬ নভেম্বর সনি মিউজিকের ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় গানটি।

মুক্তির পরপরই গানটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের টাইমলাইন থেকে ইউটিউব—সবখানেই তখন ‘কোলাভেরি’ নিয়ে আলোচনা। তামিল সিনেমার বাইরের শ্রোতারাও গানটি শুনতে শুরু করেন। তৈরি হতে থাকে নানা কাভার, প্যারোডি ও নিজস্ব সংস্করণ।

গানটির মিউজিক ভিডিওও ছিল বেশ সাদামাটা। ছিল না বড় কোনো সেট বা জাঁকজমকপূর্ণ আয়োজন। স্টুডিওতে বন্ধুদের আড্ডা আর গান গাওয়ার দৃশ্যই দেখা যায় ভিডিওতে। ধানুশ মাইক্রোফোনে গাইছেন, অনিরুদ্ধ কি-বোর্ড বাজাচ্ছেন। সেখানে ছিলেন ঐশ্বরিয়া ও শ্রুতি হাসানও। পর্দায় গানের কথা ভেসে ওঠায় শ্রোতারাও সহজে গানের সঙ্গে গলা মেলাতে পারতেন।

গানটি বলিউডেও প্রশংসা পেয়েছিল। অমিতাভ বচ্চন এক টুইটে গানটির মৌলিকত্ব ও সুরের প্রশংসা করে ধানুশ ও ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন। তবে গানের কথা, সুর ও গায়কির সমালোচনাও করেছিলেন গীতিকার জাভেদ আখতার। তা নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। কিন্তু সমালোচনা গানটির জনপ্রিয়তায় তেমন প্রভাব ফেলতে পারেনি।

অনিরুদ্ধের সংগীতজীবনের শুরুতেই এমন সাফল্য ছিল বড় প্রাপ্তি। অন্যদিকে, ধানুশ অভিনয়ের পাশাপাশি গায়ক ও গীতিকার হিসেবেও নতুন করে পরিচিতি পান। মজার বিষয় হলো, ‘কোলাভেরি ডি’ তুমুল জনপ্রিয় হলেও ‘থ্রি’ সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও গানটি নিজের মতো করে বেঁচে আছে শ্রোতাদের মনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে বিরোধীদলীয় টেলিভিশনে পুলিশের অভিযানে আটক কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


তুরস্কে বিরোধীদলীয় টেলিভিশনে পুলিশের অভিযানে আটক কয়েকজন

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : মঙ্গলবার ভোরে তুরস্কের বিরোধীদলীয় সমর্থক সংবাদমাধ্যম সোজকু টিভি এবং এর মিডিয়া গ্রুপের ইস্তাম্বুলের প্রধান কার্যালয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানের সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ দেওয়ার খবর পাওয়া গেছে বলে মিডিয়া গ্রুপটি জানিয়েছে।

এটি বিরোধীদলের সমর্থক সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে নেওয়া ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ ঘটনা। এক মাস আগে, তুরস্কের সবচেয়ে জনপ্রিয় সংবাদ চ্যানেল হাল্ক টিভির কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছিল। সেই সময় চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং একজন প্রশাসক নিয়োগ করা হয়।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে সোজকু টিভির আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করা হয়, ‘আদালতের নির্দেশে সোযজুর ভবনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটি ঘিরে রেখেছে।’

অন্য একটি পোস্টে বলা হয়েছে, ‘সোজকু টিভিতে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ভবনে পুলিশ তল্লাশি চালাচ্ছে... কয়েকজনকে আটক করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

রাজশাহীতে আগমন উপলক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয়কে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকও।

এ সময় রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি শিক্ষকদের চাকরির তথ্য ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


কারিগরি শিক্ষকদের চাকরির তথ্য ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত চার শ্রেণির শিক্ষক ও কর্মকর্তাদের চাকরিসংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক), ইনস্ট্রাক্টর (টেক), ইনস্ট্রাক্টর (নন-টেক) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদে কর্মরতদের এই তথ্য নির্ধারিত ছকে পূরণ করে আগামী ২৮ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট পদে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের হালনাগাদ তালিকা তৈরির জন্য তাদের চাকরির পুঞ্জীভূত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আলাদাভাবে পূরণ করতে হবে।

নির্দেশনার ভিত্তিতে, আগামী ২৮ নভেম্বরের মধ্যে পূরণ করা তথ্যের হার্ডকপি ও সফটকপি অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি বা পেনড্রাইভে জমা দিতে হবে। এটি এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্টে প্রস্তুত করতে হবে। তথ্য পূরণের ক্ষেত্রে কোনো ভুল বা অসম্পূর্ণতা রাখা যাবে না।

চাকরির তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির আদেশ, যোগদানপত্র ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমে তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য সঠিকভাবে পূরণ এবং জমা হয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%