০৪:৫৮ পি.এম
মার্কিন অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক মঙ্গলবার (১০ নভেম্বর) মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬২ বছর। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নিউমোনিয়াজনিত জটিলতার কারণে তার মৃত্যু ঘটেছে।
‘ইয়েস, ডিয়ার’ সিরিজের সহ-অভিনেতা ও বন্ধু মাইক ও’ম্যালি ১১ নভেম্বর তার মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি জনপ্রিয় টেলিভিশন সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি অর্জন করেছিলেন।
মাইক ও’ম্যালি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বন্ধুকে স্মরণ করেন এবং ক্লার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
বন্ধুর স্মৃতিচারণায় মাইক ও’ম্যালি লেখেন, ‘তিন সপ্তাহ আগে আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই তিনি আমাদের অনেক হাসিয়েছিলেন। নিজের উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন এবং আমাদের শো শেষ হওয়ার পরই মূলত অবসর নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমান, টনি।’
অ্যান্থনি ক্লার্ক ১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন। তিনি বোস্টনের এমারসন কলেজ থেকে ১৯৮৬ সালে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময়ই তার মধ্যে কমেডির প্রতি আগ্রহ তৈরি হয়। সেই সময় ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও তিনি জিতেছিলেন।
ক্লার্ক এক সাক্ষাৎকারে স্ট্যান্ড-আপ কমেডির প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। ২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্ট্যান্ড-আপ কমেডি তার কাছে বিশেষ, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।
অ্যান্থনি ক্লার্কের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’। এই সিরিজে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। সিরিজটির মূল উপজীব্য ছিল দুই দম্পতির একই বাড়িতে বসবাস, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি।
আরও পড়ুন: তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ প্রকাশ, প্রেম ও বিচ্ছেদের কষ্টের গল্প
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন ক্লার্ক। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। এছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানে তাকে দেখা গেছে।
১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরের উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি। অভিনয় ও স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে দর্শকদের হাসিয়ে যাওয়া এই শিল্পীর মৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন