০৭:৪৩ পি.এম
ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমাটি এ বছর ১০টি দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নির্মাতা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। উৎসবটি আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে।
এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা বিভাগ দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন হিসেবে পরিচিত। নির্বাচিত সিনেমাগুলো উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’-সহ বিভিন্ন পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য রয়েছে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার ও ২০ লাখ ভারতীয় রুপি। এই অর্থ সিনেমাটির প্রযোজক ও পরিচালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সেরা পরিচালক পাবেন ‘রজত চকোরম’ ও চার লাখ রুপি। সেরা নবাগত পরিচালক তিন লাখ রুপি পাবেন। অন্যদিকে, উৎসবের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত দর্শকপ্রিয় চলচ্চিত্রের পরিচালক পাবেন দুই লাখ রুপি ও ‘রজত চকোরম’।
আরও পড়ুন: তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ প্রকাশ, প্রেম ও বিচ্ছেদের কষ্টের গল্প
‘বনলতা সেন’-কে এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত নির্মাতাদের সিনেমার সঙ্গে লড়াই করতে হবে। তালিকায় রয়েছে ভারতীয় কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারজয়ী ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’ এবং মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’। এছাড়া, বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’ও রয়েছে প্রতিযোগিতায়।
‘বনলতা সেন’ কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজক মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন। সিনেমাটিতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। এছাড়া, অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।
৩১তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘বনলতা সেন’ ছাড়াও ভারতের ‘পদযাত্রা’, ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেল্ভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’; ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’; ফিলিপিন্সের ‘সাইলেন্সড নাইটস’; মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ ও ‘দ্য সাইলেন্ট ভার্জিন’; চীনের ‘এম্বার্স’; ইরানের ‘স্ল্যাম্বার’ ও ‘পিপলস চাইল্ড’; উজবেকিস্তান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার ‘উরোবোরোস’ এবং উরুগুয়ের ‘সুইট ভায়োলেন্স’ প্রতিদ্বন্দ্বিতা করবে।
আরও পড়ুন: পঙ্কজ ত্রিপাঠী বলেন, মোটা অঙ্কের পারিশ্রমিকেও অভিনয়ের আনন্দই প্রধান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন