সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০২:৫৪ পি.এম
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু ঘটেছে। ৭৬ জন আহত হয়েছেন। গত শুক্রবারের ভূমিকম্পের পর নতুন কোনো ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সোমবার চীন জানিয়েছে, নতুন করে কেউ হতাহত হননি।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় হিমবাহের হ্রদ ও হিমবাহের ওপর প্রভাব খুবই সামান্য। ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৫৪টি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে দুটি পরাঘাতের মাত্রা ছিল ৫ বা তার বেশি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৫০ কিলোমিটার বা ৩১ মাইল ব্যাসার্ধের মধ্যে নতুন ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখেছে।
তিব্বতের উত্তরে জনবিরল পাহাড়ি শহর নাগকুতে ভূমিকম্পটি আঘাত হানে। ২০২৪ সালের জানুয়ারির পর এটি ছিল চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে—এমন ১৫৭টি স্থান পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২২টি স্থান আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। নতুন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে আরো ৩৫টি স্থান।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিশেষজ্ঞরা ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ৮০টি হিমবাহের হ্রদ ও ১৪৫টি হিমবাহ পরীক্ষা করেছেন। এসব পরীক্ষায় ভূমিকম্পের কারণে নতুন কোনো বড় ধরনের ভূতাত্ত্বিক বিপর্যয়ের তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজে তিনি অংশগ্রহণ করবেন না।
সাইম তার অফ-ফর্ম নিয়ে কাজ করার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে চান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এজন্য তাকে ওয়ানডে দলের বাইরে রাখা হয়েছে।
পিসিবি এক বিবৃতিতে জানায়, প্রধান কোচের সঙ্গে আলোচনা করে সাইম ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি নিজের ব্যাটিং ফর্ম উন্নত করার পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পেতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
পিসিবি আরও জানায়, সাইমের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং দলের ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোতে সাইমকে দলে পাওয়া যাবে না।
ত্রিদেশীয় সিরিজে সাইম তিন ইনিংসে ২১ রান করেছেন, তবে তিনি কোন উইকেট পাননি।
সাইমের পরিবর্তে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ও ওপেনার সাহিবজাদা ফারহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। লিগ পর্বে ইতোমধ্যে তিনটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর লাহোরে লিগ পর্বের চতুর্থ ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে এসব পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ ধাপ ‘স্টেজ-সি’ বা ‘পাওয়ার স্টার্টআপে’ প্রবেশ করবে ইউনিটটি। এই পর্যায়ে কেন্দ্রটির বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ‘স্টেজ-সি’ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিচালনা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা সম্ভব হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এ বিষয়ে বলেন, ‘স্টেজ-সি’ পর্যায়ে রিঅ্যাক্টর, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যক্রম পরীক্ষা করা হবে। একই সঙ্গে এসব ব্যবস্থার মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এই পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও ব্যবস্থাগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ ও যাচাই করা হবে। বিশেষ করে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থা, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থাগুলো স্বাভাবিক পরিচালন পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে।
তিনি জানান, স্টেজ-সি পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হলো জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত করা। এই প্রক্রিয়ায় গ্রিডের সঙ্গে সমন্বয় বজায় রেখে স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রয়োজনীয় পরীক্ষাগুলো সন্তোষজনকভাবে সম্পন্ন করা এবং কমিশনিং-সংক্রান্ত শর্ত পূরণের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউনিটটিকে পরবর্তী ‘পাইলট অপারেশন’ বা পরীক্ষামূলক পরিচালনা পর্যায়ে নেওয়ার পথ তৈরি হবে বলে তিনি জানান।
তবে ‘স্টেজ-সি’ পর্যায়ে প্রবেশ, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু এবং বাণিজ্যিক উৎপাদন-এই তিনটি পৃথক মাইলফলক।
বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, কমিশনিং কার্যক্রম ও নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নীতিনির্ধারণী বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন বা রদবদলের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে। দলটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, কোর কমিটিকে পাশ কাটানো হয়নি এবং তাদের ক্ষমতা অন্য কোনো সংস্থায় হস্তান্তর করা হয়নি।
রোববার পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে জানান, দলের কোর কমিটি, পলিটিক্যাল কমিটি এবং পার্লামেন্টারি পার্টি—প্রতিটি ফোরামের দায়িত্ব ও পরিধি সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার মূল দায়িত্ব কোর ও পলিটিক্যাল কমিটির, আর সংসদীয় ও আইনি বিষয়গুলো দেখভাল করে পার্লামেন্টারি পার্টি। তিনি আরও জানান, দলের সমস্ত চূড়ান্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, যিনি এই কমিটিগুলোর কাছে ক্ষমতা অর্পণ করেছেন।
দলের অভ্যন্তরীণ কাঠামো বা সংসদীয় কমিটিকে শক্তিশালী করার বিষয়টি নিয়ে আগে আলোচনা হলেও পিটিআই নেতা নাঈম হায়দার পানজুথা পরিষ্কার করেছেন যে, এ বিষয়ে কেবল একটি পরামর্শ দেওয়া হয়েছিল, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, বড় আকারের কোর কমিটির কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে, যা সহজ করতেই পলিটিক্যাল কমিটি গঠন করা হয়েছিল। তবে দলের যাবতীয় আন্দোলন এবং আলোচনার মূল ম্যান্ডেট মাহমুদ খান আচাকজাই এবং রাজা নাছির আব্বাসের হাতে ন্যস্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এক পৃথক বিবৃতিতে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দীর্ঘ কারাবাস ও মৌলিক অধিকার হরণের তীব্র নিন্দা জানিয়েছে দলটি। শেখ ওয়াকাস আকরাম দাবি করেন, ইমরান খান আদিয়ালা জেলে ১,১৭৭ দিন ধরে বন্দি আছেন, যার মধ্যে ৩১৫ দিনেরও বেশি সময় তিনি একাকী কারাবাসে কাটিয়েছেন। এছাড়া বুশরা বিবি ৯১১ দিনের বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন।
দলটি অবিলম্বে ইমরান খান ও বুশরা বিবির আইনি এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে ইমরান খানের সঠিক চিকিৎসা ও সুনির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষার জোর দাবি তুলেছে পিটিআই। দলের পক্ষ থেকে পিটিআইর নারী নেতাকর্মী ও আটক অন্যান্য জনপ্রতিনিধিদেরও অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। সূত্র: ডন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় রাশিয়ার একটি বিশেষ বিমান ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাশিয়ার AviaCon ZiTrans দ্বারা পরিচালিত AZS-6713 ফ্লাইটটি রাশিয়া থেকে ভারতের দিল্লি হয়ে ঢাকায় আসে। বিমানটিতে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি ১২টি টিপিএসে পরিবহন করা হয়েছে।
এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছে। এর আগে, কয়েক দফায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ইউনিটটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের অংশ হিসেবে এসব চালান বাংলাদেশে আসছে।
পূর্বে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ