ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাঙ্গাবালীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ


রাঙ্গাবালীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

দাম্পত্য কলহ, সম্পত্তি নিয়ে বিরোধের অভিযোগ পরিবারের; ময়নাতদন্তের প্রতিবেদন ঘিরে তদন্তের অপেক্ষা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা। এ ঘটনায় তাঁর স্বামী ও রাঙ্গাবালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের (৪৮) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দাম্পত্য কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের অভিযোগ
নিহতের পরিবারের অভিযোগ, প্রায় দেড় বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন শিলা। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সামান্য বিষয়েও প্রায়ই কথা-কাটাকাটি হতো। একাধিকবার রাতে শিলাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্বজনেরা।
পরিবারের আরও অভিযোগ, শিলার পৈতৃক সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হতো। পৈতৃক জমি বিক্রি করে পাওয়া অর্থ স্বামীর হাতে তুলে দিতেন শিলা। স্বজনদের দাবি, সেই অর্থ দিয়ে রাসেল তাঁর প্রথম স্ত্রীর সংসার পরিচালনা করতেন। প্রথম স্ত্রীকে কেন্দ্র করেও তাঁদের মধ্যে বিরোধ ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া শিলার বাবার দোকান রাসেল দখলে রেখেছেন বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মেয়ের বক্তব্যে উঠে এসেছে পারিবারিক অশান্তির চিত্র
নিহত শিলার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে লাবিবা আক্তারের ভাষ্য, গত এক বছর ধরে রাসেল তাঁর মাকে নিজের সঙ্গে ঘুমাতে দিতেন না। তাঁর মা বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতেন। রাতে মা-বাবার মধ্যে ঝগড়ার শব্দ শুনলেও ভয়ে নিচে যেতেন না বলে জানায় সে। তার দাবি, প্রায়ই রাতে তাঁর মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো।
লাবিবা জানায়, ঘটনার আগের রাতে সে ঘুমিয়ে ছিল। কী ঘটেছিল, তা সে দেখেনি। সকালে কেয়া খালামনি তাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে সে দেখতে পায়, তার মাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে।
প্রতিবেশীর বক্তব্যে উঠে এসেছে মরদেহ উদ্ধারের বিবরণ
প্রতিবেশী কেয়া বেগমের ভাষ্য, শুক্রবার সকালে শিলার স্বামী রাসেল তাঁকে ডেকে নেন। ঘরে গিয়ে তিনি শিলাকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তিনি জানতে পারেন, রাতে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিলেন। রাসেল মরদেহটি নামিয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম সজল বলেন, লোকমুখে বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়িতে যান। সেখানে বোনের গলায় ফাঁসের দাগ দেখতে পান বলে দাবি করেন তিনি। পরে তাঁর ছোট ভাই কমল পুলিশকে খবর দেন। তাঁর অভিযোগ, বোনের মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে।
ঘটনার পর স্বামীর অবস্থান নিয়ে প্রশ্ন
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর থেকে রাসেল মাহমুদ আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া ঘটনাটি ধামাচাপা দিতে উপজেলা বিএনপি ও যুবদলের শীর্ষ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে তদবির চালানোর অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতাও নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে রাসেল মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, “যা বলার, জানাজা নামাজের সময়ে বলবো।”
পুলিশের বক্তব্য
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের অপেক্ষা
একজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে একদিকে পরিবারের অভিযোগ, অন্যদিকে পুলিশের প্রাথমিক সুরতহাল ও চলমান আইনি প্রক্রিয়া—সব মিলিয়ে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে শিলার মৃত্যু আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
ময়নাতদন্তের প্রতিবেদন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং পুলিশের তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটিত হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন নিহতের স্বজনেরা।

আরও পড়ুন: নোয়াখালীতে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, উত্তোলন ২০ বছর চলবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাসের উদ্বোধন।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাসের উদ্বোধন।

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ‘দাওয়াত ও গণসংযোগ মাস’-এর উদ্বোধন এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর-২০২৬) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া বাগ-এ-জান্নাত জামে মসজিদের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, বন্দর থানা পশ্চিম শাখা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরতে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা নগরবাসীর কাছে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেক রোডে অবরোধ প্রত্যাহারের দাবিতে পাল্টা অবরোধ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


সাজেক রোডে অবরোধ প্রত্যাহারের দাবিতে পাল্টা অবরোধ চলছে

খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু ও বাঘাইছড়ি-সাজেক সড়কে পার্বত্য চট্টগ্রাম অধিকার রক্ষা কমিটি এবং পরিবহন শ্রমিকদের ১২ ঘণ্টার অবরোধ চলছে।

রোববার (১ নভেম্বর) দীঘিনালা জামতলী এলাকার সুপারি বাগানসহ বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে পরিবহন শ্রমিকদের অবরোধ পালন করতে দেখা গেছে।

এর আগে গত ৩০ অক্টোবর সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত এক বিঙ্গপ্তিতে জানানো হয় যে, ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’ তৃতীয় দফায় ১০ দিন অবরোধ শেষে আজ (১ নভেম্বর) ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল থাকবে। পরবর্তীতে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে।

টানা অবরোধের ফলে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। এর প্রতিবাদে গত (৩১ অক্টোবর) মধ্যরাতে ‘পার্বত্য চট্টগ্রাম অধিকার রক্ষা কমিটি’ নামক সংগঠনের সদস্য সচিব বিন্দু লাল চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেকে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড ও পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেকে দিনব্যাপী অবরোধ থাকবে।

একই সাথে পরিবহন শ্রমিকরাও সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে সড়কে অবস্থান করছে। পরিবহন শ্রমিকদের সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জালিয়ে অবরোধ পালন করতে দেখা গিয়েছে।

ক্ষোভ প্রকাশ করে পরিবহন শ্রমিক রমজান আলী বলেন, "মাসব্যাপী অবরোধের ফলে আমরা দীর্ঘদিন ধরে গাড়ি চালাতে না পেরে অসহায় দিন যাপন করছি। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা তাদের সুবিধার জন্য একদিন অবরোধ শিথিল করেছে, পরবর্তীতে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিয়েছে। সরকার এবং প্রশাসন যদি এর সুরাহা না করে তাহলে আমরা এর থেকেও কঠোর আন্দোলনে নামবো।"

এই বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, "শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হচ্ছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পুলিশের টহল দল জননিরাপত্তায় মাঠে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ ২ চোরা কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


মেহেরপুরের মুজিবনগর সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ ২ চোরা কারবারি আটক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই চোরা কারবারিকে আটক করেছে। আটককৃতদের কাছে পাওয়া গেছে ৩২টি স্বর্ণের বার, যার মোট মূল্য প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা। রবিবার (১ নভেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এই অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ টহল দল আগে থেকেই অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সন্দেহজনকভাবে একটি ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে আটক করে।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। আটককৃতদের মধ্যে একজন হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো. আসাদুল হক (৫০) এবং অপরজন হলেন একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।

বিজিবি আরও জানায়, আটককৃত দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে ল্যাব সহকারী ও কর্মচারীসহ চারটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে কলেজের অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত প্রার্থীসহ এলাকাবাসীরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে কচাকাটা হাই স্কুল থেকে একটি মিছিল বের হয়ে কচাকাটা বাজার ঘুরে কলেজ গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় পুলিশি পাহারায় কলেজ গেট তালাবদ্ধ থাকলে বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে গেটের সামনে কলেজ সভাপতি ডা. মো. ইউনুস আলী ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের ছবি ও কুশপুত্তলিকায় আগুন দিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। কলেজের গেট খুলে দেওয়ার পর মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিয়োগবঞ্চিতরা অভিযোগ করেন, মেধা তালিকায় থাকা প্রার্থীদের বাদ দিয়ে পরীক্ষার চারদিন পর ফল প্রকাশ করে মোটা পরিমাণ অর্থের বিনিময়ে কলেজ কমিটির সভাপতি ডা. ইউনুস আলী ও অধ্যক্ষ রফিকুল ইসলাম কম মেধাবীদের নিয়োগ প্রদান করেছেন। তারা নিয়োগকে অবৈধ উল্লেখ করে নতুন করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগের দাবি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ অক্টোবর সকাল ১০টায় কচাকাটা কলেজের কম্পিউটার কাম অফিস সহকারী, ল্যাব সহকারী, নৈশ প্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব পদে ৪৫ চাকরিপ্রত্যাশী আবেদন করেন। ওইদিন যথাসময়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে সবাই উপস্থিত থাকলেও পরীক্ষা নেওয়া হয় দুপুরের পর। এছাড়া লিখিত পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ না করে সবার ভাইভা নেওয়া হয়। ভাইভা শেষে পরীক্ষার ফল প্রকাশ না করে চারদিন পর ফল প্রকাশ করার কথা বললে নিয়োগ সংশ্লিষ্টরা তোপের মুখে পড়েন। পরে কচাকাটা থানা পুলিশের সহায়তায় অধ্যক্ষসহ অন্যরা কলেজ ত্যাগ করেন।

প্রার্থীরা অভিযোগ করেন, মেধাক্রম অনুসরণ করে ফল ঘোষণা করে ভাইভা পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত ফল ঘোষণা না করে রাত আটটার দিকে কলেজ ছাড়েন পরীক্ষক ও কলেজ সংশ্লিষ্টরা। পরে ২৭ তারিখ সকালে পরীক্ষার ফলাফল কলেজের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন অধ্যক্ষ। তবে ফলাফল পত্রে ২৪ অক্টোবর তারিখে স্বাক্ষর দেখা যায়। লিখিত পরীক্ষার মেধাক্রমে উপরে থাকা প্রার্থীরা চাকরি পাননি বলে ক্ষোভ প্রকাশ করে কর্মসূচি নেন বঞ্চিত নিয়োগ প্রার্থী ও স্থানীয়রা।

এ সময় বক্তব্যে অনিছূর রহমান তোলা ব্যাপারী বলেন, "নিয়োগ বাণিজ্য করার উদ্দেশ্যে ডা. ইউনুস ফ্যাসিবাদী কায়দায় উড়ে এসে সভাপতি হয়েছেন। মাত্র ১০ মাসের মাথায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করেছেন। কলেজটিকে মেধাশূন্য করার পাঁয়তারা করতেন। অবৈধ নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের দাবি জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%