ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

নিউজিল্যান্ড সফরে মারুফার অংশগ্রহণ অনিশ্চিত চোটের কারণে


নিউজিল্যান্ড সফরে মারুফার অংশগ্রহণ অনিশ্চিত চোটের কারণে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস আক্রমণের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত মারুফা আক্তার। তবে, আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে এই পেসারকে ছাড়াই খেলতে হতে পারে।

মারুফার পুরোনো গোড়ালির চোট আবারও ফিরে আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। মাঠে দ্রুত ফেরানোর পরিবর্তে তাকে পুরোপুরি সুস্থ করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বোর্ড।

বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফর আগামী ১০ ডিসেম্বর শুরু হবে, যেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। দুই দলের মাঠের লড়াইটি টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে। তবে, মারুফার চোটের কারণে এই সিরিজে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির সূত্রে জানা গেছে, তার গোড়ালির পুরোনো সমস্যা আবারও দেখা দিয়েছে।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়া ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ল

মারুফার সুস্থতার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। দলের অন্যতম নির্ভরযোগ্য এই পেসারকে পুরোপুরি ফিট না করে মাঠে ফেরাতে চায় না তারা। বোর্ডের মূল লক্ষ্য হলো দীর্ঘ মেয়াদে তার ফিটনেস ও বোলিং সক্ষমতা ধরে রাখা।

ক্রিকবাজ -কে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মারুফার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। তাই বোর্ড তাকে পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হওয়ার সময় দিতে চায়। ভবিষ্যতে যেন কোনো ধরনের অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারেন, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ না হলে তার জন্য নিজের স্বাভাবিক সামর্থ্য অনুযায়ী বোলিং করাও কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছে বিসিবি।

বাংলাদেশের পেস আক্রমণে মারুফার গুরুত্ব বিবেচনায় নিয়েই এমন সতর্ক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাময়িকভাবে নিউজিল্যান্ড সফরে তাকে না পাওয়ার আশঙ্কা থাকলেও, চোট পুরোপুরি কাটিয়ে দীর্ঘ সময় দলের হয়ে খেলার উপযোগী করে তোলাই এখন বোর্ডের প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুন: আফগান লিগের ড্রাফটে ব্রিটিশ পরিচয়ে নাম দিলেন আমির, আইপিএলে নিবন্ধন করবেন কি?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, উত্তোলন ২০ বছর চলবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নোয়াখালীতে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, উত্তোলন ২০ বছর চলবে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ সম্পন্ন হওয়ার পর গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) জানায়, কূপটির দুইটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে।

ভোক্তা পর্যায়ে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার বিকেলে, সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তেল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্টের পর জানা যাবে।

এর আগে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) নিজস্ব অর্থায়নে কূপটির খনন কার্যক্রম সম্পন্ন করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদন অনুযায়ী কূপটির খনন কাজ শুরু হয়।

বাপেক্স জানায়, চলতি বছরের ৮ জুলাই বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য ও অস্ত্র জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য ও অস্ত্র জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় মহিষ, গরু, শাড়ি, জিরা, আলু, সুপারি, চা-পাতা, শ্যাম্পু ও ফেসওয়াশ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিছনাকান্দি ও সোনারহাট বিওপির চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারি আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা।

অন্যদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সোমবার সকাল ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের সিজার মূল্য ১১ হাজার টাকা।

একই দিনে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৫ পিস ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, বিভিন্ন ধরনের ২৮৮ পিস শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।

এভাবে, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক উদ্ধার করা এয়ারগান, ওয়াকিটকি ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা। অপরদিকে, ৪৮ বিজিবির অভিযানে জব্দ করা মালামালের মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা। দুই ব্যাটালিয়নের পৃথক অভিযানে সর্বমোট জব্দ করা মালামালের সিজার মূল্য ৩৫ লাখ ৫৯ হাজার টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ১৯ বিজিবি জানিয়েছে, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা এয়ারগান কানাইঘাট থানা-পুলিশের হেফাজতে রয়েছে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ

সরকার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি আগামী ২ ডিসেম্বর থেকে এই পুনঃপরীক্ষার আয়োজনের প্রস্তাব করেছে। ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর।

গত শনিবার আন্ত শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে। যেহেতু বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের জন্য কোনো সুযোগ নেই, তাই শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা পাওয়ার পরই ২ ডিসেম্বর থেকে বোর্ডগুলো পুনঃপরীক্ষার সূচি ঘোষণা করবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, আন্ত শিক্ষা বোর্ড আগামী ৩ নভেম্বর থেকে পুনঃপরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে, যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্ন প্রণয়নের কাজ চলবে।

গত শনিবার সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবারে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয় মিলিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে চার লাখ ২২ হাজার ৯০৫ জনকে।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, ‘তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব, যেন তাদের আগামী দিনে একটি বছর নষ্ট না হয়।’

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী এবং পাস করতে পারেনি পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার : প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন নড়াইলের পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার : প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন নড়াইলের পুলিশ সুপার
নড়াইলের বিভিন্ন বাসাবাড়ি, হাটবাজার, মেলাসহ লোকালয় থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের (সিসিআইসি) সদস্যরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন ভুক্তভোগী বিভিন্ন পেশার মানুষ। অনেকের ফোন এক বছর পর, আবার কারোর ছয়মাস বা তার চেয়ে কম, বেশি সময়ের মধ্যে চুরি এবং হারিয়ে যায়।

শহরের মাছিমদিয়া এলাকার মোহাম্মদ আলী জিন্নাহ, ভওয়াখালীর তিথি বিশ্বাসসহ উপকারভোগীরা বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর পুলিশকে অবগত করলে তারা আন্তরিক ভাবে কাজ করেছে। আমরা ফোন হাতে অনেক খুশি হয়েছি। পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এভাবে জনগণের সেবা করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন জানান, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় এসআই রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ জনগণের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকি। এরই ধারাবাহিতকায় সোমবার ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরণের কাজ আমাদের অব্যাহত থাকবে। # 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%