০৩:৪৯ পি.এম
মাদারীপুরে মারিয়া আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ইমরান বেপারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে শহরের সৈয়দারবালী এলাকার টিবি ক্লিনিক রোডে বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মারিয়া আক্তার ওই এলাকার হানিফ মুন্সির মেয়ে। তাঁর স্বামী ইমরান বেপারী মাদারীপুরের ডাসার উপজেলার চিড়াইপাড়া এলাকার কালাম বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে ইমরান বেপারীর সঙ্গে মারিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে মারিয়া বাবার বাড়িতে চলে আসেন। রোববার রাতে ইমরান শ্বশুরবাড়িতে আসেন। এর পরদিন সোমবার ভোরে ওই বাড়ি থেকেই মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ইমরান সেখান থেকে চলে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন
এদিকে, নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবিতে ইমরান প্রায়ই মারিয়াকে মারধর করতেন। যৌতুকের টাকা না দেওয়ায় তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে ইমরান পালিয়ে যান বলে দাবি তাঁদের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
তবে মারিয়ার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন