সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০৪ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—জুলাই-৩৬ হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল, শহীদ আনাস হল ও খালেদা জিয়া হল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নবনিযুক্ত প্রভোস্টদের মধ্যে শহীদ আনাস হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম। ‘জুলাই ৩৬’ হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন। ‘উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা’ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব নেবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং ‘খালেদা জিয়া’ হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ।
অফিস আদেশ অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর পূর্ববর্তী প্রভোস্টদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৩০ সেপ্টেম্বর থেকে নবনিযুক্ত প্রভোস্টরা তাদের দায়িত্ব পালন শুরু করবেন। দায়িত্ব পালনের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা লাভ করবেন।
এছাড়া, পূর্ববর্তী প্রভোস্টদের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বানটি তিনি জানান।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট বলেন, "এ দেশে সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
প্রেসিডেন্ট আরও বলেন, বিগত সরকারের সৃষ্টি করা সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নৃ-গোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার বিষয়েও তিনি অবগত রয়েছেন বলে জানান।
তিনি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সংরক্ষিত নারী আসনে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থীদের অধিক হারে মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট জানান, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বিষয় যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের একটি কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবার প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; একা কোনো পক্ষের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রেসিডেন্টকে আসন্ন দুর্গাপূজায় ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পূজা মন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় প্রতিনিধি দল বিভিন্ন দাবি প্রেসিডেন্টের কাছে তুলে ধরে। জবাবে প্রেসিডেন্ট অতীতে বঞ্চিতদের এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য অ্যাডভোকেট জন গমেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা সুশীল চন্দ্র বড়ুয়াসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সনাক-সাতক্ষীরার এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়িত হলে সচ্ছতা নিশ্চিত হবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আলোচিত কিশোর গ্যাং 'আর স্কোয়ার্ড' এর প্রধান রতনের উপস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের রতন কীভাবে পেছনের সারিতে এসে দাঁড়িয়েছেন, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। রতনের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্কও নেই।
ছাত্রদল নেতা মহসিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও তিনি নিজেই আপলোড করেছেন। তিনি উল্লেখ করেন, যদি তিনি কিশোর অপরাধী রতনকে ব্যক্তিগতভাবে চিনতেন, তাহলে এই ভিডিও আপলোড করতেন না এবং এটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এত আলোচনা সমালোচনা হতো না।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মিছিলের শুরুতে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মহানগর ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। মহানগর ছাত্রদলের সহসভাপতি হিসেবে তিনি সামনের সারিতে মহানগর ছাত্রদলের নেতাদের সঙ্গে ছিলেন। তাঁর পেছনের অংশে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। গুরুত্বপূর্ণ একটি মিছিলে সকলকে চেনা খুব কঠিন ছিল। আমরা মিছিল নিয়ে ব্যস্ত ছিলাম।
মিছিলে রতনের উপস্থিতিকে নিজের সঙ্গে সম্পর্কের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। ছাত্রদল নেতা মহসিন আরও বলেন, মিছিলে কারা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে এসেছেন, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলায় ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়, যা ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের আওতায় পরিচালিত হয়।
এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, এবং বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, "সরকার ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইনের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।"
এ অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ