বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:০০ পি.এম
অস্ট্রেলিয়া দলে ফিরে আসার পর মেগান শুট অসাধারণ বোলিং প্রদর্শন করেছেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে সেরা খেলোয়াড়ের সম্মান দেওয়া হয়েছে। তবে, এর মধ্যেই এসেছে একটি বড় খবর।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কর্তৃক জানানো হয়েছে, প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের কঠোর নিয়ম বা নির্দেশিকা লঙ্ঘন করার কারণে নারী দলের এই তারকা পেসারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ঘটে যাওয়া ওই বিচ্ছিন্ন ঘটনার জন্য শাস্তি মেনে নেওয়ার ফলে ৩৩ বছর বয়সী শুট নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পারবেন না।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিএ একটি বিবৃতিতে শুটকে নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যা করেছে, "প্রেসক্রিপশনের ওষুধ সংক্রান্ত স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন নির্দেশিকার প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থ হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি প্রতিযোগিতার বাইরে থাকাকালীন ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এটি পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ছিল না।"
শুট বোর্ডের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন, "দত্ত শাস্তি আমি সম্পূর্ণরূপে মেনে নিচ্ছি এবং আমার কাছ থেকে প্রত্যাশিত মান পূরণে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চাইছি। এই ঘটনার জন্য আমি দুঃখিত এবং সবার কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের রাজধানী তেহরানের উত্তরে তাজরিশ স্কয়ারে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে একটি ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শিত হয়। এই শিল্পকর্মটি ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পের আদলে একজন অভিনেতাকে কারাগারের পেছনে দেখা যাচ্ছে।
বিলবোর্ডের মতো দেখতে এই শিল্পকর্মে একটি কৃত্রিম কারাগার নির্মাণ করা হয়েছে। ট্রাম্পের ভূমিকায় অভিনয় করা ওই ব্যক্তি কারাগারের চারপাশে হাঁটছেন এবং মাঝে মাঝে ভেতরে বসে থাকছেন।
শিল্পকর্মটিতে লেখা রয়েছে, ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ।’ এর পাশাপাশি অন্যান্য বার্তাগুলোতে দক্ষিণ ইরানের সিরকি এলাকায় সেপ্টেম্বরের শুরুতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ওই হামলায় দুই নারী ও দুই শিশুসহ মোট চারজন নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, তেহরানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই ব্যতিক্রমী শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্টকে কারাগারে বন্দি অবস্থায় দেখিয়ে তার প্রতি প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজার’। টানা সাত সপ্তাহের সাড়া জাগানো আয়োজনের পর এবার অষ্টম সপ্তাহে গাড়ি কেনা-বেচার এই মেলা বসতে যাচ্ছে।
ক্রেতারা এখানে তাদের পছন্দের গাড়ি কিনতে পারবেন, সেইসাথে নিজের ব্যবহৃত গাড়িটিও সঠিক দামে বিক্রি করার সুযোগ পাবেন।
৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনা-বেচার আয়োজন এখন থেকে নিয়মিতভাবে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। ক্রেতারা এখানে কোনো ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারবেন।
এছাড়া, প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িও বিক্রি করা যাবে। ‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিন থেকেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক ক্রেতার মতে, ব্যস্ততার এই শহরে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তাই ক্রেতাদের নিয়মিত স্বস্তি দিতে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পূর্বঘোষণা অনুযায়ী ‘সুপার সেল কার বাজার’ অনুষ্ঠিত হবে। নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এই কার বাজারে।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দেওয়ার পর ফেরার সময় বংশাই নদীতে পড়ে বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়ে গেছেন। ঘটনার ২৩ ঘণ্টা অতিক্রম করলেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার পর বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় চন্দ্র হঠাৎ নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন, কিন্তু নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে পৌঁছানোর পর হঠাৎ পানিতে ডুবে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, নৌকার ছাদে উচ্চ স্বরে গান বাজিয়ে মদ্যপ অবস্থায় নাচানাচি করছিলেন তারা।
স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানান, ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে টাঙ্গাইল থেকে আসা একজন ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। ডুবুরির সংখ্যা বাড়ানো হলে নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া সহজ হতো বলে মনে করেন তিনি।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন বলেন, আমাদের এখানে ডুবুরি ইউনিট নেই। এ কারণে টাঙ্গাইল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরৎ ঋতু আসার সাথে সাথে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে শিউলি ফুলের মিষ্টি সুবাস। সাদা পাপড়ি এবং কমলা বোঁটার এই ফুলের প্রতি ভালোবাসা থেকেই ঢালিউডের অভিনেত্রী পরীমনি শিউলি ফুলের খোঁজে বের হয়েছেন।
সম্প্রতি, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। পোস্টে পরীমনি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’ এবং লেখার সাথে ফুল, পরী ও ভালোবাসার ইমোজি যুক্ত করেন।
পরীমনির এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনেকেই শিউলি ফুলের সাথে পরীমনিকে তুলনা করেছেন।
একজন মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ অপর একজন লিখেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ আরেক ভক্তের মন্তব্য ছিল, ‘ফুল ফুলকে খুঁজে।’
শিউলি ফুল নিয়ে পরীমনির এই সংক্ষিপ্ত পোস্টটি ভক্তদের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ