ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন আলোচনা


সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন আলোচনা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরব তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে। মার্কিন গবেষকরা রিয়াদ প্রদেশের আল-দুওয়াদিমি স্থানে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র কারখানার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন। মূলত, উন্নত প্রযুক্তির কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করাই সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য, যা অধিক ভারী বিস্ফোরক বা পেলোড বহন করতে সক্ষম এবং দীর্ঘ পথ পাড়ি দিতে পারে।

চীনের সহায়তা এবং নিজেদের মতো অস্ত্র তৈরির উদ্যোগের মাধ্যমে সৌদি আরব ১৯৮০-এর দশক থেকে চীনের সাথে ক্ষেপণাস্ত্র সম্পর্ক গড়ে তুলেছে। পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে এই ধরনের প্রযুক্তির প্রসার ঘটাতে চায়নি, ফলে সৌদি আরব গোপনে চীনের কাছ থেকে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। অতীতে চীন থেকে ডিএফ-৩ এবং ডিএফ-২১ এর মতো ক্ষেপণাস্ত্র কেনার পর, ২০২১ সাল থেকে রিয়াদ চীনা সহায়তায় নিজেদের দেশে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে। বিশ্লেষকদের মতে, বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের নিরাপত্তায় সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়াটাই দেশটির মূল লক্ষ্য।

সৌদি আরব এতদিন মূলত মার্কিন যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল ছিল, তবে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিমান দিয়ে দূরপাল্লার হামলা চালানো বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ। গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনে সৌদি বাহিনীর পক্ষ থেকে চীনা প্রযুক্তির একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের লক্ষণ দেখা গেছে। এটি বোঝায় যে, এসব ক্ষেপণাস্ত্র কেবল ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং সরাসরি যুদ্ধের মাঠেও ব্যবহার করা শুরু হয়েছে। ফলে বিমানবাহিনীর পুরোনো দুর্বলতাগুলো কাটিয়ে দূরপাল্লার শক্তিশালী আঘাত হানতে এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই আধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তোলার পেছনে প্রধান উদ্দেশ্য হলো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করা। কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা যায়, যা শত্রুর আকস্মিক আক্রমণ প্রতিহত করতে সহায়তা করে। এছাড়া, ভবিষ্যতে পাকিস্তানসহ অন্য কোনো মিত্রের সহায়তায় সৌদি আরব যদি পারমাণবিক শক্তি অর্জন করে, তবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোই হতে পারে সেই অস্ত্র বহনের সবচেয়ে কার্যকর মাধ্যম। সব মিলিয়ে, নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন শক্তির ওপর নির্ভরতা কমিয়ে সৌদি আরব নিজেদের দরকষাকষির ক্ষমতা আরও বাড়াতে চাচ্ছে।

সূত্র: মিডলইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল শিক্ষা বোর্ডে ১ ডিসেম্বর শুরু হচ্ছে বিশেষ সম্পূরক পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


বরিশাল শিক্ষা বোর্ডে ১ ডিসেম্বর শুরু হচ্ছে বিশেষ সম্পূরক পরীক্ষা

বরিশাল, ১২ নভেম্বর, ২০২৬ : বরিশাল শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

অকৃতকার্য শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের নিজ নিজ কলেজ থেকে ফরম পূরণ প্রক্রিয়া শুরু করেছে। ৫ নভেম্বর থেকে অনলাইনে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল, তবে উদাসীন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সময়সীমা আজ রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে। এই শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষার জন্য ফরম পূরণের সুযোগ পাবে। আগামী ১ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৪০৬ জন শিক্ষার্থী ফরম পূরণ সম্পন্ন করেছে। ফরম পূরণের সময়সীমা ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে সময় দুই দিন বাড়ানো হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে ফরম পূরণের সময় আজ রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কোনো সমস্যা হবে কি-না, সে বিষয়ে বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। উচ্চ শিক্ষার ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এর আগে, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল বিগত কয়েক বছরের তুলনায় বিপর্যয়কর ছিল। পাশের হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশে। পূর্ববর্তী বছরে এই বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। এ বছর মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, এর মধ্যে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল বিপর্যয়ের বিষয়ে শিক্ষকরা মন্তব্য করেছেন, শিক্ষার্থীরা ক্লাসমুখী না হয়ে কোচিং সেন্টারমুখী হয়ে পড়েছে এবং মোবাইলে আসক্তির কারণে পাশের হার কমছে। শিক্ষকরা আশা প্রকাশ করেছেন যে, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে ফিরলে আগামীতে পাশের হার বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়ার বিধান ব্যাখ্যা করলেন মুফতি সাইদুজ্জামান কাসেমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়ার বিধান ব্যাখ্যা করলেন মুফতি সাইদুজ্জামান কাসেমি

বিয়ের তিন বছর অতিবাহিত হলেও সন্তান না হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার প্রশ্নের উত্তর ইসলামি শরিয়তের বিধান তুলে ধরেছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।

এক প্রশ্নের জবাবে মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও কোনো নারী সন্তান ধারণে অক্ষম হলে কিংবা কোনো পুরুষের শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান না হলে, এর জন্য কাউকে দায়ী করা যায় না। এটি আল্লাহর ইচ্ছার বিষয়।

পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।

মুফতি সাইদুজ্জামান আরও বলেন, বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধুমাত্র স্ত্রী সন্তান জন্ম দিতে পারছেন না— এ অজুহাতে তাকে তালাক দেওয়া সমীচীন নয়। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

সন্তান লাভের জন্য কয়েকটি দোয়া পড়ার পরামর্শও দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে, ‘রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন’। এর অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না। তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।

আরেকটি দোয়া হলো, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া’। অর্থ, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।

তিনি আরও বলেন, সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিতসহ বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে। তাই হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ ও সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন তিনি।

শুধু সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেননি এই মুফতি। তার মতে, দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন নিশ্চয়তা নেই। যাকে বিয়ে করা হচ্ছে, তিনিও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি আগে সন্তান হয়েছে, এমন নারীর দ্বিতীয় বিয়ের পরও সন্তান না হওয়ার ঘটনা রয়েছে।

তবে শরিয়তের সীমারেখা মেনে চলার সক্ষমতা থাকলে এবং শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে শুধুমাত্র সন্তান লাভকে বিয়ের একমাত্র ভিত্তি না করে শরিয়তসম্মত প্রয়োজনকে বিবেচনায় নেওয়ার কথা বলেন।

একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ন্যায়বিচার বজায় রাখার বিষয়েও সতর্ক করেছেন মুফতি সাইদুজ্জামান। এ প্রসঙ্গে তিনি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন জানা গেল

চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরের ভিত্তিতে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ শুরু হবে। এই ছুটি ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) শেষ হবে।

২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া, ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ছুটি রয়েছে। সব মিলিয়ে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি কাটাবেন।

মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ডিসেম্বরের শেষ দিকে ১২ দিনের শীতকালীন অবকাশ রয়েছে।

২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। এই সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

সরকারি ও বেসরকারি কলেজের জন্য মাউশির প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরপর ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলবে। সব মিলিয়ে, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় ছুটি ১৫ দিন

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসাগুলোতে মোট ১৫ দিন ছুটি থাকবে।

এদিকে, ২০২৬ সালের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরো দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ অধ্যাপক কে আলীর অবদান ও সমাজসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ অধ্যাপক কে আলীর অবদান ও সমাজসেবা

বাংলাদেশের ইতিহাসচর্চা ও শিক্ষা বিস্তারের ইতিহাসে যে কজন ক্ষণজন্মা মনীষী তাদের মেধা ও শ্রমের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অধ্যাপক কে. আলী (কাওসার আলী) অন্যতম। খুলনার ডুমুরিয়া উপজেলার একটি নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করে তিনি তার অনবদ্য লেখনী ও ইতিহাস গবেষণার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন। বিশেষ করে ইতিহাস রচনার ক্ষেত্রে সহজ ও সাবলীল ভাষার ব্যবহার করে তিনি পথিকৃৎ হিসেবে পরিচিত হন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইতিহাসবিদ ১৯২২ সালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ‘কাগজী পাড়া’ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ কেরামত আলী। চার ভাই ও দুই বোনের মধ্যে কাওসার আলী ছিলেন সবার ছোট। পারিবারিক পরিবেশ থেকেই তিনি শৃঙ্খলা ও জ্ঞানচর্চার প্রাথমিক অনুপ্রেরণা লাভ করেন।

কাওসার আলীর শিক্ষাজীবনের সূচনা নিজ এলাকাতেই ঘটে। সাহস ইউনিয়নে বসবাসরত তার বোন জোহরা বেগমের তত্ত্বাবধানে তিনি মধ্যপাড়া মাইনর স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে খুলনা শহরে যান এবং খুলনা মডেল হাইস্কুলে ভর্তি হন।

পরবর্তীতে তিনি বাগেরহাটের ঐতিহ্যবাহী প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৪১ সালে এসএসসি ও ১৯৪৩ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কলকাতায় গমন করে ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এম.এ. (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।

১৯৪৭ সালে এম.এ. পাস করার পর ১৯৪৮ সালের অক্টোবরে খুলনার দৌলতপুর বি.এল. কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন, যা তার বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা করে। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বি.এল. কলেজের নামকরণ: ১৯০২ সালে শ্রী ব্রজলাল চক্রবর্তী দৌলতপুরে ‘হিন্দু একাডেমী’ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে হাজী মুহাম্মদ মহসিন ট্রাস্ট এই প্রতিষ্ঠানে ৪০ একর জমি দান করে। ১৯৪৪ সালে ব্রজলাল চক্রবর্তীর মৃত্যুর পর এর নাম হয় ‘ব্রজলাল হিন্দু একাডেমী’। অধ্যাপক কে. আলীর প্রস্তাবনা ও উদ্যোগেই সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সর্বজনীনভাবে ব্রজলাল কলেজ (বি.এল. কলেজ)’ রাখা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা: দৌলতপুরে অবস্থানকালে তিনি নারী শিক্ষার প্রসারে দৌলতপুর মহসিন গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৫৮ সালে নারায়ণগঞ্জ তোলারাম কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত সেখানে কর্মরত থাকাকালীন স্বল্প সময়ের মধ্যেই তিনি মরগ্যান প্রাইমারি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।

অধ্যক্ষের দায়িত্ব পালন: ১৯৬১ সালে তিনি কুড়িগ্রাম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

অধ্যাপনা চলাকালীন অধ্যাপক কে. আলী উপলব্ধি করেন যে, জটিল ভাষার কারণে সাধারণ শিক্ষার্থীরা ইতিহাস পাঠে আগ্রহ হারিয়ে ফেলছে। শিক্ষার্থীদের এই সমস্যা দূর করতে তিনি সহজ, বোধগম্য ও সাবলীল ভাষায় ইতিহাস গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করেন।

তার প্রথম প্রকাশিত গ্রন্থ ইংরেজিতে A Study of Islamic History এবং বাংলায় ‘ইসলামের ইতিহাস’ প্রকাশের সাথে সাথেই সারাদেশে এবং আন্তর্জাতিক মহলে অভাবনীয় সাড়া ফেলে। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি গভীর গবেষণায় মগ্ন হন এবং একের পর এক কালজয়ী ইতিহাস গ্রন্থ রচনা করেন।

তার ইতিহাস বিষয়ক গ্রন্থগুলো অন্তর্ভুক্ত: A Study of Islamic History, ইসলামের ইতিহাস, মধ্যপ্রাচ্যের ইতিহাস, পাক-ভারতের ইতিহাস (সাধারণ ইতিহাস নামে খ্যাত), পাক-ভারতের মুসলমানদের ইতিহাস, মুসলিম সংস্কৃতির ইতিহাস। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক- Bangladesh: A New Nation। জীবনী ও অন্যান্য রচনা- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী গ্রন্থ, একটি আরব শিশুর কাহিনী (রম্য রচনা)।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের পর তিনি পূর্বে রচিত ইতিহাস গ্রন্থগুলোতে বাংলাদেশের অভ্যুদয় ও মুক্তিযুদ্ধের বিভীষিকাময় ঘটনাসমূহ সংযোজন ও পরিমার্জন করে নতুন সংস্করণ প্রকাশ করেন। পাশাপাশি ‘Bangladesh: A New Nation’ গ্রন্থটি রচনার মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিশ্বদরবারে তুলে ধরেন। তার রচিত গ্রন্থসমূহ আজও দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয়।

শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি পূর্ণকালীনভাবে পুস্তক রচনা ও প্রকাশনার কাজে মনোনিবেশ করেন। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে ও সুলভ মূল্যে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ঢাকায় আলী পাবলিকেশন নামে একটি প্রকাশনা সংস্থা (বুক ফার্ম) প্রতিষ্ঠা করেন।

শিক্ষানুরাগী এই মানুষটি ব্যক্তিগত প্রচারের আড়ালে থেকে সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজ তহবিল থেকে নিয়মিত বৃত্তির ব্যবস্থা করেছিলেন।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই মনীষী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকার ওয়ারীস্থ নিজ বাসভবনে ১৯৯৯ সালের ৯ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার জ্ঞানগর্ভ লেখনী ও শিক্ষা বিস্তারের অবদান বাংলাদেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।

লেখক: মানবাধিকারকর্মী ও চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%