১২:২৩ পি.এম
জনপ্রিয় টিভি সিরিজ ‘হিরোস’ ও ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করার জন্য পরিচিত মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের আর নেই। মাত্র চার দিন আগে, তিনি তার ৩৭তম জন্মদিন পালন করে চলে গেলেন এই আকস্মিক মৃত্যুর সাথে।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে, অভিনেত্রীর প্রতিনিধি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এবিসি নিউজে দেওয়া বিবৃতিতে হেইডেনের প্রতিনিধি বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবরটি জানাচ্ছি। তিনি তার পরিচিত সকলের জীবনে এবং পর্দায় তাকে দেখা লক্ষ লক্ষ দর্শকের মাঝে অপরিমেয় ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।’
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
প্যানেটিয়ের ব্যক্তিজীবনে মদ ও মাদকের সাথে নিজের দীর্ঘ সংগ্রামের বিষয়ে বরাবরই খোলামেলা ছিলেন। ২০২০ সালে পুনর্বাসন কেন্দ্রে সময় কাটিয়ে তিনি সম্পূর্ণরূপে নেশামুক্ত হন। কিন্তু ২০২৩ সালে তার ছোট ভাই জ্যানসেন ২৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, তিনি বড় ধরনের মানসিক ধাক্কা পান এই অভিনেত্রী। ২০২৪ সালে পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জীবনে এত বড় বিপর্যয় নেমে আসলে মানুষ ছোটখাটো বিষয়কে পাত্তা দেওয়া ছেড়ে দেয়।’
পিপল ম্যাগাজিনের সেই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশের পর ভক্তরা তার অস্পষ্ট উচ্চারণ ও ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলে, বিষয়টি নিয়ে অনলাইনে সমালোচনা শুরু হয়। পরে ইনস্টাগ্রাম পোস্টে প্যানেটিয়ের জানান, পোষা কুকুরের জরুরি অস্ত্রোপচারের পর দু’দিন ঘুমাতে না পারায় তিনি প্রচণ্ড ক্লান্তি অনুভব করেছিলেন। পাশাপাশি সাইবার বুলিংয়ের উৎপীড়ন নিয়ে তিনি প্রতিরোধ জানান, লেখেন, ‘না জেনে কম্পিউটার স্ক্রিনের আড়ালে বসে মন্তব্য করা কারও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতি করতে পারে।’
প্যানেটিয়ের তার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নসের চরিত্রে অনবদ্য পারফর্মেন্সের জন্য তিনি দুইটি মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন লাভ করেন।
অভিনয়ের গণ্ডি পেরিয়ে, চলতি বছরের মে মাসে তিনি তার রচিত প্রথম বই—‘দিস ইজ মি: এ রেকনিং’ প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন