বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৫০ পি.এম
বাংলাদেশ পুলিশ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য সড়ক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে ১২টি নির্দেশনা প্রদান করেছে। সম্প্রতি, বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। এছাড়া, গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন বলেও জানানো হয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করার কথাও বলা হয়েছে।
বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি, লেন পরিবর্তন বা মোড় নেওয়ার পূর্বে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর কথাও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
কুয়াশা, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার সময় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। যানজট বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য হারানো থেকে বিরত থাকার এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে।
মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অথবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণের নির্দেশনাও প্রদান করা হয়েছে।
এছাড়া, চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের প্রয়োজনীয় সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে চলাচলের সময় এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাগোয়া (জাপান), ২৪ সেপ্টেম্বর ২০২৬ : চীনের ১৩ বছর বয়সী সাঁতার প্রতিভা ইউ জিদি এশিয়ান গেমসে তার সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তিনি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্যও প্রতিপক্ষদের জন্য একটি সতর্কবার্তা রেখে গেছেন।
এই স্কুলছাত্রী চলতি সপ্তাহে টোকিওতে অনুষ্ঠিত তিনটি ব্যক্তিগত ইভেন্টে এশিয়ান গেমসের নতুন রেকর্ড গড়ে স্বর্ণ পদক অর্জন করেছেন। তার ধারাবাহিক পারফরম্যান্স তার বয়সের তুলনায় সত্যিই অবিশ্বাস্য।
সুইমিং পুলের বাইরে, তিনি সাধারণ কিশোরীদের মতোই। সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন, তবে যখন নিজের সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় ইউয়ের বয়স হবে ১৫ বছর। তখন তিনি বিশ্ববাসীর নজরে বড় পদকের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন।
ইউয়ের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে পরাজিত সতীর্থ কে ওয়েনসি মন্তব্য করেন, “সে কোনো কারণ ছাড়াই এত দ্রুতগতির হয়ে ওঠেনি। আমি তার অনুশীলনে কতটা পরিশ্রম করতে দেখেছি। জাতীয় দলের এই প্রশিক্ষণ ক্যাম্পে, আমি প্রতিদিন তাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি।”
এই সপ্তাহে ইউ ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও জয় লাভ করেছেন। তার সময়গুলো চলতি বছরের বিশ্বের দ্রুততম সময়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ২০০ মিটার মিডলেতে তার সময় বিশ্ব রেকর্ডের চেয়ে মাত্র ০.৪ সেকেন্ড পিছিয়ে ছিল। কানাডার সামার ম্যাকিনটোশের দখলে রয়েছে বিশ্বরেকর্ডটি। লস অ্যাঞ্জেলেসে তিনি ইউয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
অলিম্পিক নিয়ে ইউ বিস্তারিত কিছু বলতে চাননি। তিনি কেবল বলেছেন, তিনি “কঠোর পরিশ্রম চালিয়ে যেতে” চান।
এতে তার পরিণত মানসিকতা এবং সাফল্যের পথে মনোযোগ ধরে রাখার দৃঢ় ইচ্ছার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, “এই এশিয়ান গেমস থেকে আমি অনেক কিছু শিখেছি, তবে কিছুটা আফসোসও আছে। আমি ফিরে গিয়ে যেসব জায়গায় ভালো করতে পারিনি, সেগুলো পর্যালোচনা করব এবং আশা করি পরেরবার আরও ভালো করতে পারব।”
চলতি সপ্তাহে প্রতিযোগিতা করা সহজ ছিল কি না জানতে চাইলে ইউ কিছুক্ষণ বিস্মিত চোখে তাকিয়ে থেকে বলেন, “অবশ্যই নয়।”
সতীর্থদের সঙ্গে তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ছিলেন, বিশেষ করে ১৫ বছর বয়সী কে-এর সঙ্গে।
টোকিওতে একই কক্ষে থাকা ইউ ও কে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশের সময় হাত দিয়ে হৃদয়ের আকৃতি তৈরি করেন এবং আনন্দের সঙ্গে গল্প করেন।
কে বলেন, “আমাদের ঘরে তিনটি বিছানা আছে, দুটি পাশাপাশি জোড়া দিয়ে একটি বড় বিছানা বানানো হয়েছে, আরেকটি ছোট। আমি তাকে বড় বিছানাটি দিয়েছি, কারণ ছোটটিই আমার জন্য যথেষ্ট ছিল। আমি চেয়েছিলাম, সে যেন আরাম করে ঘুমানোর জায়গা পায়।”
ছয় বছর বয়সে একটি ওয়াটার পার্কে সাঁতার কোচের নজরে আসার পর থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে আসছেন।
জানুয়ারিতে তিনি বলেছিলেন, “সারাদিন ক্লাস করার পরও প্রশিক্ষণ নিতে হতো, যা সত্যিই ক্লান্তিকর ছিল।”
এশিয়ান গেমসের অভিজ্ঞতাকে তিনি “চ্যালেঞ্জিং” বলে অভিহিত করেছেন। অলিম্পিকের পথে তার জন্য পরিস্থিতি সহজ হওয়ার সম্ভাবনা নেই।
মনোযোগ ধরে রাখতে পারলে ইউ লস অ্যাঞ্জেলেস গেমসের অন্যতম তারকা হয়ে উঠতে পারেন।
প্রতিযোগিতা শুরুর আগে কী নিয়ে ভাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি অন্য কিছু নিয়ে ভাবি না। শুধু ছোট ছোট বিষয় এবং আমার গতিবিধি নিয়ে ভাবি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করেছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজারে ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, অতি বৃষ্টিপাতের কারণে বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংস্কার কার্যক্রম চলমান থাকার ফলে এবং কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের কারণে এই সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, "এক্ষেত্রে আমরা প্রায় সফলতা অর্জন করেছি।"
তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণের জন্য এসটিএস এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করার উদ্দেশ্যে ৫টি ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করা হয়েছে। এছাড়াও, আগামীতে আরও ১০টি কনটেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সহজ এবং দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণের মাধ্যমে নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য ডিএনসিসি সর্বদা সচেষ্ট এবং দায়িত্ব পালন করে যাচ্ছে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, প্রতিদিন ১৮০-২০০টি গাড়ির মাধ্যমে ঢাকা শহরের চার হাজার টন বর্জ্য অপসারণ করছে ডিএনসিসি।
তিনি বলেন, নগরবাসীকে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে আজ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কনটেইনার ক্যারিয়ার ট্রাক যোগ করা হলো। এই গাড়িগুলোর মাধ্যমে সহজে ও দ্রুত সময়ের মধ্যে ময়লা-আবর্জনা অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. শাহীন (১৫) রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে এবং মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার বিকেলে বাদামতলী মাঠে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিল শাহীন। খেলা শেষ হওয়ার পর শাহীন এবং তার তিন বন্ধু পাশের বাঁকখালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে শাহীন পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে তার খোঁজ করতে থাকে, কিন্তু শাহীনের সন্ধান পায়নি। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল সকালে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে রামু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রথমে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তবে টিমে ডুবুরি না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে একটি ডুবুরি দলকে আনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভেকিনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি একটি আটোরিকশাকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে সঙ্গে সঙ্গে মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এতে বাসে থাকা ৪৮ জন যাত্রী আটকে পড়েন। যাত্রীদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকে পড়া যাত্রীদের গাড়ির ভেতর থেকে বের করে আনতে সক্ষম হয়।
আহত ২৫ জন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। তাঁদের মধ্যে মারাত্মকভাবে আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে রায়পুর পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বাসটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, বাসটি সড়কের মাঝপথে উল্টে গেলেও যাত্রীদের তেমন ক্ষতি হয়নি।
আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনজন গুরুতর আহত হওয়ায় তাঁদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ