মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫৭ পি.এম
দক্ষিণ কোরিয়া আগামী নভেম্বর পর্যন্ত সাবেক স্প্যানিশ জাতীয় দলের কোচ রবের্ত মরেনোকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার, দেশটির ফুটবল ফেডারেশন (কেএফএ) মরেনোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে।
এই চুক্তির আওতায়, মরেনোর কোচিংয়ে দক্ষিণ কোরিয়া মোট ছয়টি ম্যাচ খেলবে। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর, তীব্র সমালোচনার সম্মুখীন হন দলের তৎকালীন প্রধান কোচ হং মিউং-বো। এর পরপরই তিনি দ্রুত দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মরেনো আপাতত তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দীর্ঘমেয়াদি কোচ নিয়োগের প্রক্রিয়া আগামী কয়েক মাস ধরে চালিয়ে যাবে কেএফএ। তবে, যদি মরেনোর পারফরম্যান্স আগামী ছয় ম্যাচে আশানুরূপ হয়, তাহলে আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপেও তাঁকে দায়িত্বে রাখা হতে পারে।
দক্ষিণ কোরিয়া সেপ্টেম্বর মাসে একুয়েডর ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর অক্টোবরে দলটি ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের মুখোমুখি হবে।
২০১৯ সালে স্পেন জাতীয় দলের কোচ লুইস এনরিকে কয়েক মাস ছুটিতে থাকাকালীন, মরেনো স্পেনের ডাগআউটে দায়িত্ব পালন করেন। পরে তিনি ফ্রান্সের ক্লাব মোনাকো, স্পেনের গ্রানাদা এবং রাশিয়ার ক্লাব এফসি সোচির কোচের দায়িত্বও পালন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিনদিনের সফরে এসেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময়, রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ, ফাউন্ড্রি, প্রোডাকশন এবং যাদুঘরসহ বিভিন্ন শপের কার্যক্রম পরিদর্শন করেন। এর পর, তিনি সৈয়দপুর চিনি মসজিদ এবং সৈয়দপুর খ্রিষ্টান চার্চে যান।
রাষ্ট্রদূতের সফরকালে তার সহধর্মিণী ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দল তার সফরসঙ্গী ছিলেন।
রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন মার্কিন রাষ্ট্রদূত।
এর আগে, সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে সমতলের চা-বাগান পরিদর্শন করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর হাজার হাজার নাবিক ও মেরিন সেনাকে স্বাগত জানাতে পাতায়া, থাইল্যান্ডে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্কিন এই পরমাণু শক্তিচালিত রণতরীটির সদস্যরা ২৭০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করার পর এবার কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন।
বার্তা সংস্থা এএফপি-কে প্রাদেশিক গভর্নর নারিত নিরামাইওং জানিয়েছেন, মার্কিন সামরিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রায় ৬০০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এই বিশাল বিমানবাহী রণতরীটি সপ্তাহান্তে সিঙ্গাপুর অতিক্রম করে থাইল্যান্ডের উপকূলের দিকে অগ্রসর হয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন গত ২০২৫ সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরে ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরবর্তীতে ছয় মাস আগে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যৌথ ইরান হামলার পটভূমিতে এটিকে দ্রুত মধ্যপ্রাচ্যে পুনঃপ্রেরণ করা হয়।
দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করার ফলে রণতরীটির ভেতরে নিম্নমানের জীবনযাত্রার পরিবেশ তৈরি হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। খাবার সংকট, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং একাধিক আত্মহত্যার চেষ্টার মতো সংবেদনশীল খবর মার্কিন সংবাদমাধ্যমে শিরোনাম হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধনীতির তীব্র সমালোচনা শুরু হয়।
পাতায়ার মেয়র পোরামাসে নগমপিচেস জানিয়েছেন, বুধবার মধ্যরাতের পর (জিএমটি মঙ্গলবার বিকেল ৫টা) রণতরীটি থাইল্যান্ডের লায়েম ছাবাং বন্দরে নোঙর করবে। মার্কিন সেনাসদস্যদের পর্যায়ক্রমে পাতায়া শহরে যাতায়াতের জন্য প্রায় ৪০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। আগামী রবিবার রণতরীটি স্বদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগ পর্যন্ত এই যাতায়াত সুবিধা কার্যকর থাকবে।
তবে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনার পর মেয়র পোরামাসে জানিয়েছেন, আগত মার্কিন সামরিক কর্মীদের কিছু নির্দিষ্ট বিনোদনমূলক কর্মকাণ্ড থেকে কঠোরভাবে বিরত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যারাট্রেকিং এবং ক্যানাবিস বা গাঁজা সেবন। উল্লেখ্য, ২০২২ সালে থাইল্যান্ডে চিকিৎসাসংক্রান্ত গাঁজা বৈধ করা হয় এবং বর্তমানে থাই শহরগুলোতে ক্যানাবিস ডিসপেনসারি খুবই সাধারণ চিত্র।
অতীতের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সিক্সটিজের দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনাদের বিশ্রাম ও বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার মাধ্যমে সাবেক শান্ত মাছ ধরার গ্রাম পাতায়া আজকের এই রূপ ধারণ করেছে। বর্তমানে এই পর্যটন কেন্দ্রটি তার চোখধাঁধানো রাতের জীবন ও সৈকতের জন্য বিশ্বজুড়ে পরিচিত, যদিও যৌন পর্যটনের কারণে এটি প্রায়শই সমালোচনার মুখে পড়ে।
সম্প্রতি পাতায়াতে যৌনকর্মীদের ওপর অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মেয়র পোরামাসে। তবে এটি মার্কিন সেনাদের আগমনকে কেন্দ্র করে করা হয়েছে এমন দাবি তিনি অস্বীকার করেছেন।
একই সাথে স্থানীয় ব্যবসায়ী যেন মার্কিন সেনাদের থেকে অতিরিক্ত মূল্য আদায় না করে সে বিষয়ে সতর্ক করেছে থাই সরকারি কর্মকর্তারা। পুলিশ প্রধান অনেক স্রেথংইউ জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো মার্কিন সেনা যদি থাই আইন ভঙ্গ করে তবে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা হবে।
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট পর্যটন মন্দার মুখে পড়া স্থানীয় ব্যবসায়ীরা এই মার্কিন সেনাদের স্বাগতম জানাতে উৎসুক হয়ে আছেন। সৈকতের কাছের একটি স্থানীয় বারে মার্কিন সেনাদের স্বাগত জানিয়ে ব্যানারও টাঙানো হয়েছে।
তবে সাধারণ ব্যবসায়ীদের মাঝে কিছুটা সংশয়ও রয়েছে। বুয়ালুয়াং পোনোক নামের একজন বার কর্মী বলেন, অতীতে তিনি মার্কিন সেনাদের দেখেছেন ঠিকই, তবে এবার আসা সেনাদল থেকে খুব বেশি ব্যবসা হবে বলে তিনি মনে করছেন না। ৫ হাজার সেনার আগমনের কথা বলা হলেও আসলে কতজন তাদের বার পর্যন্ত আসবেন তা নিয়ে তিনি দ্বিধান্বিত।
সূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সনি মিউজিক এবং ওয়ার্নার মিউজিকের প্রকাশনা শাখা অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, অ্যানথ্রপিক অনুমতি ছাড়া বিভিন্ন জনপ্রিয় গানের কথা ও নোটেশন ব্যবহার করে ক্লড এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছে।
অনুযায়ী, মামলাটি শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দ্য বিটলস, টেইলর সুইফট, মাইকেল জ্যাকসনসহ শতাধিক শিল্পীর গানের কথা ও শিট মিউজিক কপি করেছে অ্যানথ্রপিক।
সনি ও ওয়ার্নারের দাবি, এসব কপিরাইটযুক্ত গান ব্যবহার করে ক্লডকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, মানুষের বিভিন্ন নির্দেশের জবাব দিতে এই তথ্য ব্যবহার করা হয়েছে। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট নির্দেশ দিলে ক্লড কপিরাইটযুক্ত গানের কথা হুবহু পুনরুৎপাদন করতে সক্ষম। এছাড়া, কপিরাইটযুক্ত গানের কথা ব্যবহার করে নতুন এআই-নির্ভর গান তৈরির জন্যও ক্লডকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দুই প্রতিষ্ঠান।
সনি ও ওয়ার্নার দাবি করেছেন, এআইয়ের তৈরি এসব গান প্রকৃত কপিরাইটযুক্ত গানের বিকল্প হয়ে উঠতে পারে।
এতে সংগীত প্রকাশকদের বৈধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে অ্যানথ্রপিক এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, একই আইনজীবীদের পক্ষ থেকে এটি তৃতীয় মামলা। পূর্বের মামলাগুলোর অভিযোগই নতুন করে তোলা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অ্যানথ্রপিক আরো জানিয়েছে, তারা মামলাটির বিরুদ্ধে জোরালোভাবে আইনি লড়াই করবে।
প্রতিষ্ঠানটির দাবি, এআই মডেল প্রশিক্ষণে কপিরাইটযুক্ত উপাদান ব্যবহার ‘ফেয়ার ইউজ’-এর আওতায় পড়ে। কপিরাইট নিয়ে অ্যানথ্রপিকের বিরুদ্ধে এটি প্রথম মামলা নয়। এর আগে ২০২৩ সালে ইউনিভার্সাল মিউজিক গ্রুপও গানের কথা এআই প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
এছাড়া, লেখকদের করা একটি মামলার নিষ্পত্তিতে গত বছর অ্যানথ্রপিককে ১৫০ কোটি ডলার দিতে হয়েছিল।
এবারের মামলায় সনি ও ওয়ার্নার প্রতিটি লঙ্ঘিত কপিরাইটের জন্য সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি, কপিরাইটযুক্ত গান ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ বন্ধে আদালতের নির্দেশও চেয়েছে তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বিএনপির ৪৮ বছরের ইতিহাস হল স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র, উন্নয়ন এবং জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মহাকাব্য।
তিনি আরও উল্লেখ করেন, "জনকল্যাণই বিএনপির লক্ষ্য। জনগণই বিএনপির ক্ষমতার উৎস।" দেশি ও বিদেশি অশুভ শক্তি বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করলেও, জনগণের সমর্থন ও ভালোবাসার কারণে বিএনপি আজ একটি অবিনাশী শক্তিতে পরিণত হয়েছে। শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অপ্রতিরোধ্য ও অজেয় শক্তিতে পরিণত হয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রিন্স এসব কথা বলেন।
আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুমোদনের প্রসঙ্গ উল্লেখ করে প্রিন্স বলেন, "শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সাধারণ জনগণের আয়-রোজগার বৃদ্ধিতেও কাজ করছে সরকার।" জনগণের জীবনমানের উন্নয়ন, মানুষের আয়-রোজগার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করাই বিএনপি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি সকলের প্রতি ধৈর্য্য এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ অর্থনীতি, প্রশাসন, রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা তছনছ করে ফেলেছে। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমানকে সবকিছু পুনর্গঠন করতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক সঙ্কট এবং এই সেক্টরে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। বিএনপি সরকার কোনো অজুহাত দেখিয়ে সমস্যাগুলো আড়াল করতে চায় না এবং আপ্রাণ চেষ্টা করছে সমস্যা সমাধানে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ূন কবির, মাহবুবুল আলম বাবুল, আব্দুল মোমিন শাহিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ