০৮:২৫ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অধীনে বাংলাদেশ বিমান বাহিনী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আকাশপথ থেকে নজরদারি মিশন পরিচালনা করেছে।
এই সময়ে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে আকাশপথে নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়, যা মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করে।
বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল ও ভোলা জেলার নদীসমূহে, যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদীসমূহে এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া অঞ্চলের নদীসমূহে বিশেষ নজরদারি মিশন পরিচালনা করে।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
এছাড়া, ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর এবং শরিয়তপুর জেলাসমূহের নদীগুলোতে নজরদারি মিশন পরিচালনার সময় মাদারীপুর ও শরিয়তপুর জেলার নদীসমূহের জেলেদের মাছ ধরার নৌযান দেখা গেলে হেলিকপ্টার থেকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) ব্যবহার করে ওই নৌযানকে সতর্ক করা হয়।
বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোতে সংযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) অন্ধকারে দৃশ্যমানতা বৃদ্ধি করে এবং সন্ধ্যার পর মাছ ধরার নৌযানগুলোকে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণে সহায়তা করে। এছাড়া, এসব মিশনে বিমান বাহিনীর এয়ারক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করেন, যা স্বল্প আলোতে কার্যকর নজরদারি এবং নিষিদ্ধ মাছ ধরার কার্যক্রম শনাক্তকরণে সহায়তা করে। আকাশ থেকে ভূমিতে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত এসব মিশনে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করা হয়।
উল্লিখিত অঞ্চলসমূহের পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনী দেশের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ মিশনের আওতায় উপকূলীয় অঞ্চলের উপর ‘লো’ লেভেলে উড্ডয়নের মাধ্যমে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ বিমান বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব মিশন পরিচালনার মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জাতীয় উন্নয়নে অবদান রাখছে। দেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে এবং জাতীয় স্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন