বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৮ পি.এম
রাজশাহী, ৫ নভেম্বর, ২০২৬ : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশে পরিণত করতে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, দেশে যেসব কৃষিপণ্য আমদানি করতে হয়, সেগুলোর উৎপাদন বাড়ানোর মাধ্যমে পর্যায়ক্রমে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
আজ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কৃষি উৎপাদন এলাকা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শনকালে কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী এবং কৃষিকাজে আন্তরিক। এ অঞ্চলে আম উৎপাদনের পাশাপাশি ধান ও সবজি চাষেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
কৃষির সম্ভাবনা কাজে লাগাতে আমবাগানের গাছের মধ্যবর্তী অব্যবহৃত জমিতে আদা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ বাড়ানোর মাধ্যমে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয় হবে। এ জন্য জমির মাটির উপযোগিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদীর পানি সেচকাজে ব্যবহারের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে একটি বড় প্রকল্প ইতোমধ্যে তার কাছে এসেছে। প্রকল্পটি অনুমোদনের পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, আমের সংরক্ষণকাল বাড়ানো গেলে মৌসুমে দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া রোধ করা সম্ভব হবে। এতে কৃষক তাদের উৎপাদিত আমের ন্যায্যমূল্য পাবেন।
পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, আদা, রসুন ও বর্ষাকালীন টমেটোর উৎপাদন বাড়াতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী মৌসুম থেকে বর্ষাকালীন টমেটো চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।
কৃষিপণ্য আমদানির পরিবর্তে বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
সফরকালে কৃষিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গায় রোপা আমন ধান কাটার উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমডিএর প্রতিনিধি এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। অভিযানের ফলে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাহাড়ি এলাকায় আটকে থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, অভিযানের অংশ হিসেবে মোচনী ক্যাম্প এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়।
আহত সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে সামরিক অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানিয়েছেন, জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। অভিযানের সময় অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দুই শতাধিক মানুষকে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসী ও মানবপাচার চক্রের সদস্যরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী টেকনাফের লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাৎটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সন্তান ফারহাম সাদিকও।
ফরহাদ হোসেন জানান, প্রেসিডেন্ট ৩১ ডিসেম্বর পঞ্চগড় সফরে আসবেন, যা দুই দিনের হবে। সাক্ষাতে উনার সফরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই প্রতিমন্ত্রী জানান, প্রেসিডেন্ট ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান পঞ্চগড়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিশিগানের ডিয়ারবোর্নে ২৬ বছর বয়সী জায়নাহ জাদাল্লাহ যখন আব্দুল এল-সায়েদের পক্ষে প্রচারণা চালাতে যান, তখন তিনি জানান যে অধিকাংশ মানুষ তাকে ঘরে ডেকে আপ্যায়ন করার আগেই বলতেন যে তারা ইতিমধ্যেই তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
এল-সায়েদের তৃণমূল পর্যায়ের শক্ত প্রচারণা এবং মিশরীয় ঐতিহ্য নিয়ে তার গর্বকে এই পরিচিতির পেছনে মূল কারণ হিসেবে দেখছেন জাদাল্লাহ।
জাদাল্লাহ বলেন, "তিনি সবসময় নিজের পরিচয় নিয়ে গর্বিত ছিলেন। কখনো নিজের পরিচয় বা নাম প্রকাশে তিনি কুণ্ঠাবোধ করেননি।"
অন্যদিকে, নিউ ইয়র্ক থেকে নবনির্বাচিত মার্কিন সিনেটরের (যার সাথে কোনো পারিবারিক সম্পর্ক নেই) বিজয় উৎসব দেখতে দুই মেয়েকে নিয়ে ডেট্রয়েটে এসেছিলেন ইয়াসমিন আল-সাইয়েদ। বিজয়ী ভাষণের পর অশ্রুসজল চোখে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, "৯/১১-পরবর্তী বিশ্বে বেড়ে ওঠা একজন মুসলিম এবং আরব হিসেবে আমি নিজেও কখনো স্বপ্নেও ভাবিনি যে আজ আমরা যা দেখলাম, তা বাস্তব রূপ নেবে।" সূত্র: মিডল ইস্ট আই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দৈনিক বিজনেস বাংলাদেশ এবং ডেইলি বাংলাদেশ আপডেট পত্রিকার সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতা নেওয়াজ আলী সর্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত দেড়টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদদীনসহ রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জীবদ্দশায় নেওয়াজ আলী সর্দার এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মেহেদী হাসান বাবু তার বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ