ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্মীয় নেতাদের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক


ধর্মীয় নেতাদের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহ হিল বাকী নদভী মন্তব্য করেছেন যে, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং টিকাদান কর্মসূচিকে শতভাগ সফল করা সম্ভব।

তিনি বুধবার (৭ অক্টোবর) কক্সবাজারে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের মিলনায়তনে ধর্মীয় নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ের কেন্দ্র শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন খালেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর। ইউনিসেফের প্রতিনিধি সোহাইল আহমদ ও এডভোকেসি স্পেশালিস্ট হাওয়া হাসানও বক্তব্য দেন। হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন কক্সবাজারের ইপিআই সুপারিনটেনডেন্ট সাইফুল হক।

আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সারোয়ার আলম এবং কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় তথ্য এবং সচেতনতামূলক বার্তা প্রদান করা। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে টিকাদান ও স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, হাম-রুবেলা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জন সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এসব রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জুমার নামাজের প্রাক-খুতবায় নিয়মিত মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম, মানবপাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। এ প্রভাবকে কাজে লাগিয়ে মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে হাম-রুবেলা প্রতিরোধ, টিকাদানের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যসচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে টিকাদান কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো সম্ভব।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৩১.৩১১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৩১.৩১১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও সামান্য পতন ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার হিসেবে নির্ধারিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, ৭ অক্টোবর দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ১২৩ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম৬ হিসাব অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১১ বিলিয়ন ডলার।

গত ২০ সেপ্টেম্বর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০৯ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৪৫৩ বিলিয়ন ডলার। এই হিসাবে দেখা যাচ্ছে, ২০ সেপ্টেম্বরের তুলনায় ৭ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ কমেছে প্রায় ১৮৫ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভ কমেছে প্রায় ১৪২ মিলিয়ন ডলার।

রিজার্ভের সর্বশেষ অবস্থান নির্দেশ করে যে, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা থাকলেও বৈদেশিক মুদ্রার চাহিদা ও বিভিন্ন বৈদেশিক পরিশোধের কারণে রিজার্ভে ওঠানামা অব্যাহত রয়েছে। দেশের আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ এবং অন্যান্য আন্তর্জাতিক দায় পরিশোধের সঙ্গে রিজার্ভের পরিবর্তন সরাসরি সম্পর্কিত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। তবে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং আমদানি ও অন্যান্য বৈদেশিক পরিশোধের চাপ সামলানোর কারণে রিজার্ভের ওপরও প্রভাব পড়ছে।

বিশ্লেষকদের মতে, রিজার্ভের টেকসই বৃদ্ধির জন্য রেমিট্যান্স প্রবাহের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী করা এবং আমদানি ব্যয় ব্যবস্থাপনায় ভারসাম্য রাখা জরুরি। বিশেষ করে বৈদেশিক মুদ্রার নিট প্রবাহ বাড়ানো গেলে রিজার্ভের ওপর চাপ কমবে এবং অর্থনীতিতে বৈদেশিক লেনদেনের সক্ষমতা আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও পেশাদারিত্বের মাধ্যমে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানা থেকে ১৫টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি, গোমস্তাপুর থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৭টি—মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের এ কার্যক্রমে সংশ্লিষ্ট থানার সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের ফলে ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার সুযোগ পান।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি হারানো মালামাল উদ্ধারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় কোচিং করতে আসা রাকিব বন্ধুর হাতে খুন, লাশ নীলফামারীতে মাটিচাপা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


ঢাকায় কোচিং করতে আসা রাকিব বন্ধুর হাতে খুন, লাশ নীলফামারীতে মাটিচাপা

এইচএসসি পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় আসেন ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম। পূর্ব শেওড়াপাড়ার একটি মেসে অবস্থান করে ফার্মগেটের একটি কোচিং সেন্টারে ভর্তি হন তিনি। ১৬ সেপ্টেম্বর বিকালে হোয়াটসঅ্যাপে কল করে তাকে বাসার বাইরে ডেকে নেওয়া হয়। এরপর থেকে রাকিব আর বাসায় ফেরেননি।

পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকায় আসার পর খুব অল্প সময়ের মধ্যে অনলাইনে রাকিবের সঙ্গে পরিচয় হয় আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকারের (২৪)। সেই পরিচয়ের সূত্র ধরেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ১৬ সেপ্টেম্বর মামুন হোয়াটসঅ্যাপে ফোন করে রাকিবকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে ডেকে শুক্রাবাদে তার বাসায় নিয়ে যান। সেখানে রাকিবকে জিম্মি করে মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় মামুন রাকিবের ঘাড় মটকে দেন, যার ফলে রাকিবের মৃত্যু ঘটে।

এরপর মামুন রাকিবের মরদেহ একটি কার্টনে ভরে স্কচটেপ দিয়ে মুড়িয়ে অটোরিকশায় গাবতলী বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখান থেকে বাস ও অন্যান্য যানবাহনে নীলফামারীর ডিমলায় পৌঁছান। ১৭ সেপ্টেম্বর তিনি নিজ বাড়ির সামনে সুপারি বাগানে গর্ত করে কার্টনসহ রাকিবের মরদেহ মাটিচাপা দেন।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির ক্রাইম প্রিভেনশন (উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।

পুলিশ জানায়, রাকিব নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে ফোন ও অনলাইন মাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। রাকিবকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে মোট ৪ লাখ টাকা প্রদান করেন।

রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম জীবন প্রথমে কাফরুল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মামলা দায়ের করেন।

মহিদুল ইসলাম জানান, মুক্তিপণ দাবিতে ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের ব্যবহারকারী হিসেবে মামুনকে শনাক্ত করা হয়। পরে ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মামুন পুলিশকে জানান, কয়েক মাস আগে অনলাইনে রাকিবের সঙ্গে তার পরিচয় হয়। ১৬ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপে ফোন করে রাকিবকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে ডেকে নিয়ে যান তিনি। পরে তাকে শুক্রাবাদের বাসায় নিয়ে মুক্তিপণের টাকা আদায়ের জন্য চাপ দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের ঘাড় মটকে দিলে তার মৃত্যু ঘটে।

মহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে ডিমলা থানা পুলিশের সহায়তায় মামুনের দেখানো স্থান থেকে কার্টনে ভর্তি অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বড় ভাই জীবন মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামুনের কাছ থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা এবং মুক্তিপণের অর্থ লেনদেনসহ ঘটনার অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানান মহিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট ১০২ বছর বয়সে মারা গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট ১০২ বছর বয়সে মারা গেলেন

হলিউডের স্বর্ণযুগের অন্যতম শেষ সারির তারকা এবং অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট মারা গেছেন। তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ১০২ বছর। তার মুখপাত্র জেফ স্যান্ডারসন জানিয়েছেন, কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুর কারণ স্বাভাবিক ছিল। মৃত্যুর সময় তার পরিবারের সদস্য ও স্বজনরা তার পাশে উপস্থিত ছিলেন।

১৯৫৪ সালে ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইভা মেরি সেন্টের। প্রথম সিনেমাতেই মার্লন ব্র্যান্ডোর বিপরীতে এডি ডয়েল চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ওই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জিতে নেন। তার অভিষেক ছবির মাধ্যমে অস্কার জয় তার ক্যারিয়ারকে শুরুতেই নতুন উচ্চতায় নিয়ে যায়।

এরপর ১৯৫৯ সালে আলফ্রেড হিচককের ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমায় ক্যারি গ্রান্টের বিপরীতে ইভ ক্যান্ডাল চরিত্রে অভিনয় করে আরও খ্যাতি অর্জন করেন তিনি। সিনেমাটি হলিউডের অন্যতম আলোচিত ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। পরবর্তী সময়ে ‘এক্সোডাস’, ‘গ্র্যান্ড প্রি’, ‘দ্য স্টকিং মুন’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন ইভা।

শুধু সিনেমা নয়, টেলিভিশনেও তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার ছিল। ১৯৯০ সালে ‘পিপল লাইক আস’ মিনি সিরিজের জন্য প্রাইমটাইম এমি পুরস্কার জেতেন তিনি। পরবর্তী প্রজন্মের দর্শকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় মার্থা কেন্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে ইভা মেরি সেন্ট হলিউডের ইতিহাসে এক অনন্য অধ্যায় রেখে গেলেন।

১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সির নিউয়ার্কে জন্মগ্রহণ করেন ইভা মেরি সেন্ট। ২০২৪ সালে পরিবারের সঙ্গে ১০০তম জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। প্রায় সাত দশকের অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে হলিউডের স্বর্ণযুগের আরেক উজ্জ্বল অধ্যায়ের অবসান হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%