০৫:৩৪ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন যে, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বাউশিয়া-শ্রীনগর সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছরে দেশের প্রায় ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। তিনি জানান, "আমরা কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করব না। এখন থেকে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়া হবে এবং সবার কাছে স্বচ্ছ জবাবদিহিতা থাকবে।"
তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন ও প্রত্যাখ্যাত হয়ে নিষিদ্ধ হয়েছে। তিনি বলেন, "জনগণের মন থেকে তারা মুছে গেছে এবং তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে বা আত্মগোপনে চলে গেছে।" বর্তমান সরকার ন্যায়নীতি ও সততার সাথে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা রুখে দেওয়া যায়।
আরও পড়ুন: সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখছেন ডা. আশরাফুল আমিন চৌধুরী
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বীসহ জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাউশিয়া সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন শেষে, খায়রুল কবির খোকন নজরপুর ইউনিয়নের বালুয়া ঘাট সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে চরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই দুটি ব্রীজ বাস্তবায়িত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন