শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৭ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলির ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন টিনেক হাইস্কুল এবং হ্যাকেনস্যাক হাইস্কুলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই তথ্য জানায়।
ম্যাচের বিরতির সময় গ্যালারিতে গুলির শব্দ শোনা যায়। এতে মাঠে উপস্থিত খেলোয়াড়, চিয়ারলিডার এবং দর্শকেরা আতঙ্কিত হয়ে ছুটে পালান। সরাসরি সম্প্রচারের ভিডিওতে গুলির শব্দ শোনার পর সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরতির আগে সেখানে মারামারি হয়েছিল। পরে সন্দেহভাজন ব্যক্তি ফিরে এসে গুলি চালাতে পারেন। তাকে গত বছর হ্যাকেনস্যাক স্কুল থেকে পাস করা সাবেক শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
তবে কর্তৃপক্ষ নিহত ব্যক্তি এবং সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
ঘটনার তদন্ত কার্যক্রম চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঞ্চে তখন ছিল এক উৎসবমুখর পরিবেশ। দর্শকদের আনন্দিত করে ‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় গান ‘রান ডাউন দ্য সিটি’ গাইছিলেন র্যাপার-গায়িকা রেবল। হঠাৎ করে একটি ড্রোন এসে তার মুখে আছড়ে পড়ে। এই আকস্মিক ঘটনায় হতবাক হয়ে যান তিনি। এরপর আর পরিবেশনা চালিয়ে না গিয়ে মঞ্চ ত্যাগ করেন রেবল। ভারতের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মেঘালয়ের এই শিল্পীর প্রকৃত নাম দায়ইফী লামারে। ‘ধুরন্ধর’ সিনেমার ‘রান ডাউন দ্য সিটি’, ‘মণিকা’ এবং ‘নাল নচনা’র মতো গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গুয়াহাটির হাতিশিলায় আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছিলেন রেবল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গান গাওয়ার পাশাপাশি নাচছিলেন এই গায়িকা। এমন সময় আচমকাই একটি ড্রোন তার মুখে আঘাত করে। ধাক্কা লেগে ড্রোনটি মাটিতে পড়ে যায়। এই আকস্মিক ঘটনায় স্পষ্টতই চমকে যান রেবল। কিছুক্ষণ পর তাকে মঞ্চ ছেড়ে চলে যেতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই শিল্পীর নিরাপত্তা এবং শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। তবে দুর্ঘটনার পর রেবলের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এমনকি তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়ও এ ঘটনার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কুল কর্তৃপক্ষ গুগল অনুসন্ধানের মাধ্যমে তৈরি হওয়া এআই সারসংক্ষেপ বন্ধ করে দিয়েছে। এই স্কুল জেলায় প্রায় ৫ লাখ শিক্ষার্থী রয়েছে এবং তাদের ব্যবহৃত যন্ত্রে এখন গুগল অনুসন্ধানের এআই সারসংক্ষেপ দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এর মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং বয়সোপযোগী অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে তারা সাময়িকভাবে এই সুবিধাটি বন্ধ করেছে। এর আগে, গুগলের এআই চ্যাট সুবিধাও স্কুলের যন্ত্রে বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিকে, গুগল তাদের অনুসন্ধান ও এআই প্রযুক্তি সম্পর্কে জানিয়েছে যে, এই দুটি বিষয় এখন গভীরভাবে সংযুক্ত। যদি স্কুলগুলো এআই ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে শিক্ষার্থীদের অনুসন্ধান সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল গুগলের বিকল্প অনুসন্ধান ব্যবস্থা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর সময় রায়না ইউটিউবে নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের প্রথম ইউটিউবার হিসেবে তার চ্যানেলে পেইড মেম্বারের সংখ্যা ১০ লাখের বেশি হয়ে গেছে। এই অর্জনের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের জন্য একটি নতুন মাইলফলক স্থাপন করেছেন তিনি।
গুগল ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে সময়ের এই সাফল্যের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির একটি ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে, সময় তার ইউটিউব চ্যানেলকে লাখো মানুষের ভার্চুয়াল আড্ডার জায়গায় পরিণত করেছেন। তার চ্যানেলের সদস্যসংখ্যার এই রেকর্ড দর্শকদের মধ্যে নির্মাতাদের কাজের জন্য সরাসরি অর্থ খরচের আগ্রহের প্রমাণ দেয়।
তবে, ১০ লাখ মেম্বার হওয়া মানে ১০ লাখ সাবস্ক্রাইবার নয়। ইউটিউবের চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে দর্শকেরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে পছন্দের নির্মাতাকে নিয়মিত সহায়তা করেন। বর্তমানে সময়ের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটি ২৪ লাখ।
ভারতে ইউটিউবের এই মেম্বারশিপ সুবিধার জনপ্রিয়তা বাড়ছে। গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে ১২ লাখের বেশি দর্শক অন্তত একটি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ কিনেছেন। একই সময়ে ভারতীয় নির্মাতাদের মেম্বারশিপ থেকে আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে।
সময় রায়না সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্কের মধ্যে ছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে রণবীর আল্লাহবাদিয়ার মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় সময়সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়ের হয়। পরে সময় ক্ষমা চান এবং অনুষ্ঠানটির পর্বগুলো ইউটিউব থেকে সরিয়ে নেন।
দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে ‘স্টিল অ্যালাইভ’ নামের স্ট্যান্ডআপ স্পেশালের মাধ্যমে ফেরেন সময়। একই সময়ে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমও শুরু করেন তিনি। ইউটিউব ও নেটফ্লিক্সে প্রকাশিত এই মৌসুমে অতিথি হিসেবে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, হুমা কুরেশি ও করণ আওজলাকে দেখা গেছে।
বিতর্ক পেরিয়ে আবারও দর্শকদের কাছে ফিরেছেন সময়। এবার ইউটিউবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক ছুঁয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরকে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে সংবাদে এসেছেন চেন্নাই-ভিত্তিক উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। তবে তিনি এটি প্রকাশ্যে আসার জন্য করেননি। দীর্ঘদিন ধরে তিনি তিরুপতি মন্দিরসহ বিভিন্ন স্থানে দান ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। কিন্তু কখনোই তিনি প্রচারের আলোতে আসতে চাননি। তবে এবার তার দানের বিশালতা গণমাধ্যমকে কৌতুহলী করেছে।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে বিশেষভাবে তৈরি ৪৬টি অলংকারের মধ্যে একটি মুকুট, হার, বাজুবন্ধ, কোমরবন্ধ এবং অন্যান্য ঐতিহ্যবাহী গহনা অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে কিছু হীরাখচিত। দান করা ১২১ কেজি স্বর্ণের বাজার মূল্য প্রায় ২০৬ কোটি রুপি। স্ত্রী রাধিকা জৈনকে সাথে নিয়ে করা তার এই দানকে তিরুমালা তিরুপতি দেবস্থানমসের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ নৈবেদ্য হিসেবে বর্ণনা করা হচ্ছে। সাংবাদিকদের সাথে কথা না বললেও, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন, "ঐশ্বরিক ইচ্ছায় মানত পূরণ করতে তিনি এ দান করছেন।"
বর্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'অ্যাক্সেস হেলথকেয়ার'-এর প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান। তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। চেন্নাইয়ের লয়োলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী জৈন সেখানে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৯৭ সালে অনুরাগ জৈনের সাথে যৌথভাবে 'ভিশন হেলথসোর্স' প্রতিষ্ঠার মাধ্যমে তার উদ্যোক্তা জীবন শুরু হয়। প্রতিষ্ঠানটি মেডিকেল বিলিং এবং স্বাস্থ্যসেবা দাবি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ ছিল, যা ২০০৩ সালে পেরট সিস্টেমস অধিগ্রহণ করে নেয়। ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমস অধিগ্রহণ করার পর, জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি ১০০টিরও বেশি ক্লায়েন্টের সেবা তদারকি করতেন এবং প্রায় ৯ হাজার কর্মীর একটি দল পরিচালনা করতেন।
পরবর্তীতে তিনি অ্যাক্সেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন এবং এটিকে একটি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা আউটসোর্সিং ও প্রযুক্তি ব্যবসায় পরিণত করেন। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কার্যক্রম সহজতর করতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবহারের ওপর গুরুত্ব দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফার্ম 'নিউ মাউন্টেন ক্যাপিটাল' কম্পানিটির সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব নেওয়ার জন্য একটি কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়, যার আনুমানিক মূল্য ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার বলে জানা গেছে।
ব্যবসার বাইরেও বর্ধমান জৈন বেশ কয়েকটি দাতব্য উদ্যোগের সাথে যুক্ত। তিনি 'শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্ট'-এর ব্যবস্থাপনা ট্রাস্টি, যা শিক্ষা, ক্ষুধা নিবারণ এবং জরুরি স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদান করে। এ ছাড়া সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিনি 'আবিষ্কার' নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সাথে যুক্ত থাকার মাধ্যমে তার জনহিতকর কাজ শিশু স্বাস্থ্যসেবা খাতেও বিস্তৃত রয়েছে।
তিরুপতি মন্দিরের সাথে তার সম্পৃক্ততাও বেশ কয়েক বছরের পুরনো। সর্বশেষ এই স্বর্ণদানের আগে জৈন 'শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেল'-এর জন্য ৭ কোটি রুপি, তিরুপতি মন্দিরের গোশালায় একটি পশুখাদ্য মিশ্রণ কেন্দ্রের জন্য ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাই করার মেশিনের জন্য ১ কোটি রুপি দান করেছিলেন বলে জানা গেছে। এ ছাড়া মন্দিরে যাতায়াতের সুবিধার্থে তিনি বৈদ্যুতিক বাসও দান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ