ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত


ভৈরবে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১১ জুলাই ২০২৬) ভৈরব থানা পুলিশের উদ্যোগে থানা ভবন প্রাঙ্গণে একটি কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় মাদক, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, ছিনতাই, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানবপাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা সভায় বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বিশেষভাবে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

সভায় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তুফা কামাল, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান, পৌর বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক লায়ন শামীম আহমেদ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতা ও ভৈরব উপজেলা শাখার সাবেক সেক্রেটারি সিদ্দিকুর রহমান সিরাজ, ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, সেক্রেটারি মাওলানা মতিন রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদলের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সমাপনী বক্তব্যে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোষ বলেন, "অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই এবং মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা পেলে একটি নিরাপদ ও অপরাধমুক্ত ভৈরব গড়ে তোলা সম্ভব।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব থানার সার্জেন্ট অফিসার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল কবির।

এ সময় ভৈরব উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সভায় বক্তারা সমাজ থেকে অপরাধ, মাদক ও সহিংসতা নির্মূলে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভৈরবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং একটি নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ঢামেক) ইতিহাসের জীবন্ত সাক্ষী। তিনি বলেন, ঢামেক ১৯৫২, ১৯৭১, ১৯৯০ সালের আন্দোলনে অবদান রেখেছিল। সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনে, ঢামেকের প্রত্যেক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সেই আন্দোলনের সঙ্গেও জড়িয়ে গিয়েছিলেন। সেদিন আহত-শহীদ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তারা চিকিৎসা দিয়েছিলেন।

শনিবার ডিএমসি ডে-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ডাক্তাররা জনগণের পরম বন্ধু এবং ভরসার জায়গা। বিপদে পড়লে মানুষ ডাক্তারদের কাছে যায়। চিকিৎসকরাই রোগ-শোকে কাতর মানুষের পাশে দাঁড়ান। এই বিষয়ে আমি আপাতভাবে নিজেও উপলব্ধি করেছি।

তিনি আরও জানান, দেশের প্রখ্যাত চিকিৎসকরাই বহু বছর ধরে তার মায়ের চিকিৎসা করেছেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তারা আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে তার পাশে ছিলেন। যদিও বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, তবুও তার বিশ্বাস ছিল যে, উন্নত যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেখানে সেই মানবিক সেবা পাওয়া যেতো না। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তাদের নিষ্ঠা এবং সেবার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সম্পর্কে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোতে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রোগীদের সেবা বাড়াতে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর শূন্য পদ দ্রুত পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ মাতৃত্ব এবং মানসম্মত নবজাতক সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

দেশে প্রায় ৬০০টি উপজেলা থাকলেও মাত্র পাঁচটিতে ১০০ শয্যার হাসপাতাল আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে ৭০ শতাংশের বেশি মানুষ গ্রাম ও উপজেলার পর্যায়ে বসবাস করেন, তবে শহরে মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ মানুষের বসবাস। এই জন্য গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা জরুরি।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মী এবং সরকারের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে বর্তমান ও ভবিষ্যৎ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। লাখো মানুষ উন্নত চিকিৎসার সন্ধানে বিদেশে যাচ্ছেন, ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। তিনি সকলকে একত্রিত হয়ে একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আহ্বান জানান, যাতে দেশের মানুষ আস্থার সঙ্গে উন্নত চিকিৎসা নিতে পারেন এবং বিদেশমুখিতা কমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায জুয়া খেলারত অবস্থায় চারজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া ( পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


ভাণ্ডারিয়ায জুয়া খেলারত অবস্থায় চারজন গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় চার জনকে গ্রেফতার করেছে।

গতকাল শুক্রবারের রাতে সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা দক্ষিণ শিয়ালকাঠী বেপারি বাড়ি থেকে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় এই চার জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, হানিফ বেপারী (৬৫), মো. জামাল মুন্সী (৪৫), মো. আব্দুল রাজ্জাক শরিফ (৫০) এবং মো. নিকসন শিকারী (৫৫)।

গ্রেফতার হওয়া চার জুয়ারি দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের স্থানীয় বাসিন্দা।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের অপসংস্কৃতিতে কেউ ফিরে যেতে পারবে না: সারজিস আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের অপসংস্কৃতিতে কেউ ফিরে যেতে পারবে না: সারজিস আলম

সারজিস আলম মন্তব্য করেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল, ছাত্রশক্তি তো দূরের কথা, ক্ষমতাসীন দল বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাত্রদলও এ কালচারে ফিরে যেতে পারবে না।

তিনি শুক্রবার (১০ জুলাই) রাত ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবহণ চত্বরে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন।

সারজিস বলেন, এটা যেদিন ঘটবে, সেদিন আরেকবার ১৬ই জুলাই নেমে আসবে, যেদিন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কবর রচনা হয়েছিল। তিনি বলেন, অতীতের পরিণতি সবাই দেখেছে বলেই এমন পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ কম।

এছাড়া, সারজিস আলম দেশে ফ্যাক্ট-চেকের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, রাজনৈতিক দলগুলোকেও জবাবদিহির মধ্যে রাখা সহজ হবে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি শিক্ষার্থীদের আবাসিক সুবিধার দাবি আদায়ের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সারজিস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রশক্তির একজন প্রতিনিধিই থাকে, শিক্ষার্থীরা তার কাছে শিক্ষামন্ত্রী বরাবর একটা আবেদনপত্র প্রদান করেন। প্রয়োজনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যাব। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বোচ্চ সহায়তা করব।’

একই সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৯-এর গণ-অভ্যুত্থানে তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা যে ভূমিকা রেখেছিলেন, তার সাথে ২৪-এর গণ-অভ্যুত্থানের মিল আছে। তবে চব্বিশের গণ-অভ্যুত্থানের সময়ে প্রক্টররা শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দেন। বর্তমান সংসদের ক্ষমতাসীন দলের অধিকাংশ সাংসদ প্রায় ৫৯ শতাংশ পরিবারের লোক।’

সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিজয়ী প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় নাগরিক কমিটির রাজশাহী জেলার আহ্বায়ক ও মেয়র প্রার্থী মোবাশ্বের রাজ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসানসহ এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও রাজশাহীর স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালু ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


বালু ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী জানান, "আমি বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব।" তিনি বলেন, "অবৈধ পাহাড় কাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

শুক্রবার (১০ জুলাই) সকালে টানা অতিবৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন।

এ সময় তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন। হুমাম কাদের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, "দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বর্তমান বন্যা পরিস্থিতি এবং পাহাড়ধস নিয়ে বিস্তারিত কথা বলেন। সাংসদ হুমাম কাদের চৌধুরী বলেন, "যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটি শুধু রাঙ্গুনিয়া নয়; রাউজান, ফটিকছড়িসহ বেশ কিছু এলাকায় ফ্ল্যাশ ফ্লাড (আকস্মিক বন্যা) হিসেবে দেখা দিয়েছে।" তিনি আরও জানান, "আসন্ন দুই-তিন দিন আরও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আশার কথা হলো, আমাদের সরকারি কর্মকর্তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন।"

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%