শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১০ পি.এম
বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া আবারও ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার প্রতি নিজের অঙ্গীকার স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে এবং যত বেশি সম্ভব সময় মাঠে থাকতে চান। শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন, যা ছিল জাতীয় দলের হয়ে খেলার সময় নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা। খবর গ্লোবো এস্পোর্তের।
রাফিনিয়া মন্তব্য করেন, ‘আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই এবং যত বেশি সম্ভব মিনিট মাঠে থাকতে চাই। আমার শরীর যদি সায় দেয়, তাহলে নিজের সেরাটা দেব।’
তিনি দাবি করেন, তার আগের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে পায়ের প্রায় একই জায়গায় তিনবার চোটে পড়েছিলেন এই ফরোয়ার্ড। তার মূল উদ্বেগ ছিল নতুন করে চোট এড়ানো এবং জাতীয় দল ও বার্সেলোনা দুই দলের জন্য ফিট থাকা।
রাফিনিয়ার ভাষায়, প্রথমবার ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর পর থেকেই জাতীয় দলের হয়ে খেলার প্রতি তার আগ্রহ ও প্রতিশ্রুতি জানিয়ে আসছেন। ব্রাজিলের হয়ে খেলা সব সময়ই তার কাছে সম্মানের বিষয় এবং সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
তিনি জানান, কোন ম্যাচ খেলবেন আর কোন ম্যাচ খেলবেন না, এমন কোনো পছন্দের কথাও বলেননি। বরং জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা দিতে হলে শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি—সেটিই বোঝাতে চেয়েছিলেন তিনি।
আগের মন্তব্যের পর সমালোচনার মুখে পড়া নিয়েও কথা বলেছেন এই ফরোয়ার্ড। তার মতে, ব্রাজিলের জার্সি পরার সঙ্গে বিশাল দায়িত্ব জড়িয়ে আছে। প্রত্যাশা পূরণ করতে না পারলে সমালোচনা মেনে নেওয়ার মানসিকতাও খেলোয়াড়দের থাকতে হবে।
রাফিনিয়া বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। পুরো দেশের মানুষ এই দলকে জিততে এবং ভালো খেলতে দেখতে চায়। সেই প্রত্যাশার ভার আমাদের বহন করতে হয়। ফল ভালো না হলে আমাদের জবাবদিহি করতে হবে।’
তবে তিনি স্বীকার করেছেন যে, সমালোচনা খেলোয়াড়দের মানসিক অবস্থায় প্রভাব ফেলে। নিজের সর্বোচ্চটা দেওয়ার পরও আক্রমণের শিকার হলে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়তে পারেন বলে মন্তব্য করেন এই তারকা।
বিশ্বকাপে চোটের কারণে নিজের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার হতাশাও প্রকাশ করেছেন রাফিনিয়া। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে অবদান রাখতে চাইলেও শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর বার্সেলোনার হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পরে হাইতির বিপক্ষে ম্যাচের সময় আগের চোটের জায়গার ক্ষত আবার খুলে যায়।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনার বিষয়টিও পরিষ্কার করেছেন রাফিনিয়া। তার দাবি, সেটি ছিল স্বাভাবিক ও অনানুষ্ঠানিক কথোপকথন। সেখানে মাঠে খেলার মিনিট নির্ধারণ বা কোনো বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়নি। বরং শতভাগ ফিট থাকা এবং নিজের শরীরের যত্ন নেওয়ার বিষয়টিই গুরুত্ব পেয়েছিল।
এদিকে শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটির আগে রাফিনিয়ার এই বক্তব্যে জাতীয় দলের প্রতি তার প্রতিশ্রুতির বিষয়টি আবারও স্পষ্ট হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত সরকার ইসলামি আলোচক জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে, তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে প্রথমবারের মতো জাকিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার।
জাকির নায়েককে দীর্ঘদিন ধরে খুঁজছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও এনআইএ। তার বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার বক্তৃতা প্রদান নিষিদ্ধ করা হয়েছে।
বর্তমানে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন ২০১৭ সাল থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সকার হল অব ফেমে স্থান পাচ্ছেন ডেভিড বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে ২০২৭ সালের অন্তর্ভুক্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবার মনোনয়ন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের দুই তারকা মেগান রাপিনো ও জুলি এর্তজও হল অব ফেমে জায়গা করে নিয়েছেন।
২০০৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ত্যাগ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার মাধ্যমে আলোচনায় আসেন বেকহাম। পাঁচ বছরের চুক্তিতে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রে তাঁর আগমন এমএলএসের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গ্যালাক্সির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৪ ম্যাচে ২০টি গোল করেছেন বেকহাম। তাঁর সময়ে দলটি দুবার এমএলএস কাপ এবং দুবার সাপোর্টার্স শিল্ড জিতেছে। গ্যালাক্সিতে থাকার সময় ২০০৯ ও ২০১০ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলানে ধারে খেলেছেন তিনি।
২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পরও যুক্তরাষ্ট্রের ফুটবলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন বেকহাম। তিনি এমএলএস ক্লাব ইন্টার মায়ামির সহমালিক হন। তাঁর ক্লাবেই ২০২৩ সালে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
বৃহস্পতিবার এমএলএসের বোর্ড অব গভর্নরসের সভায় ভেটেরান্স ব্যালটে নির্বাচিত হওয়ার খবর পান বেকহাম। যুক্তরাষ্ট্রে তাঁর সময়কে ‘অবিশ্বাস্য এক যাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন ৫১ বছর বয়সী সাবেক এই ফুটবলার। তিনি মন্তব্য করেন, ‘এই মহান দেশে লিগ ও খেলাটিকে আরও এগিয়ে নিতে আমি দীর্ঘদিন কাজ করতে চাই।’
হল অব ফেমে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতা আগামী ১৬ এপ্রিল ২০২৭ টেক্সাসের ফ্রিসকোতে অনুষ্ঠিত হবে। বেকহামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের দুই সাবেক তারকা রাপিনো ও এর্তজও ২০২৭ সালের তালিকায় স্থান পেয়েছেন। প্রথমবার যোগ্যতা অর্জনের বছরেই নির্বাচিত হয়েছেন তাঁরা। ৪১ বছর বয়সী রাপিনো ২০১৯ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। ৩৪ বছর বয়সী মিডফিল্ডার এর্তজ ছিলেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
২০১৫ ও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের হয়ে নারী বিশ্বকাপ জিতেছেন রাপিনো ও এর্তজ। স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাপিনো লিখেছেন, দেশের হয়ে খেলা সেরা ফুটবলারদের সঙ্গে একই স্বীকৃতি ভাগ করে নিতে পারা তাঁর কাছে বিশেষ সম্মানের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা উত্তর কোরিয়ার, ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয়সংক্রান্ত তথ্য চুরি করে ৪০ কোটি ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসের মধ্যে ৯০০ জনেরও বেশি মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। এফবিআই এই প্রতারণার কৌশলটির নাম দিয়েছে ‘ফেসস্টিলার’ বলে।
এফবিআইয়ের সাইবার বিভাগের পরিচালক ব্রেট লেদারম্যান মন্তব্য করেন, উত্তর কোরিয়ার সরকার তাদের অবৈধ অস্ত্র কর্মসূচিতে অর্থ যোগাতে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এভাবে কয়েক শত কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।
এক সপ্তাহ আগে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছিল, ভুয়া চাকরির সাক্ষাৎকারের ফাঁদে ফেলে হ্যাকাররা তাদের কাছ থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। এই অর্থের পরিমাণ ৪৭০ কোটি ব্রিটিশ পাউন্ডের সমান।
মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই ঘটনার পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী জড়িত। তবে পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফেসস্টিলার’ নামের নতুন এই প্রতারণার কৌশলে মূলত ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব৩ খাতে কর্মরত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে যারা ওপেন-সোর্স সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ করেন, তারা এই হ্যাকারদের প্রধান লক্ষ্য।
এফবিআই ও আদালতের নথি অনুযায়ী, ‘ফেসস্টিলার’ প্রতারণার সঙ্গে যুক্ত হ্যাকাররা ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয়সংক্রান্ত তথ্য চুরি করে। এ জন্য তারা জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণ ব্যবহার করে। হ্যাকাররা আগে থেকে ধারণ করা ভিডিও দেখিয়ে ভুক্তভোগীদের ভিডিও কলে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়।
এসব ভিডিওতে এমন ব্যক্তিদের দেখা যায়, যাদের সঙ্গে ভুক্তভোগীদের আগে থেকেই পরিচয় রয়েছে। ফলে ভিডিও কলটি আসল বলে মনে হয়। তবে কল চলাকালে হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে অডিওতে সমস্যা হচ্ছে বলে ভান করে।
এরপর ভুক্তভোগীর কম্পিউটার বা মোবাইলের পর্দায় একটি বার্তা দেখানো হয়। এতে অডিওর সমস্যা সমাধানের জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। কিন্তু সমস্যা সমাধানের নামে ওই লিংকে ক্লিক করলেই ভুক্তভোগীর ডিভাইসে ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) ডাউনলোড হয়ে যায়। এর মাধ্যমে হ্যাকাররা ভুক্তভোগীর যোগাযোগের তালিকা (কন্টাক্ট লিস্ট) এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুযোগ পেয়ে যায়।
ফলে তারা আরো নতুন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকাররা গোপনে এসব ভিডিও কল রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ড করা ভিডিও ব্যবহার করে নতুন ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলে।
এফবিআই ‘ফেসস্টিলার’কে অত্যন্ত কার্যকর একটি প্রতারণার কৌশল হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির মতে, এই কৌশলের মাধ্যমে হ্যাকাররা প্রযুক্তিগতভাবে দক্ষ এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন ব্যক্তিদেরও সহজে বিভ্রান্ত করতে পারে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, এই প্রতারণায় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের প্রতি মানুষের আস্থা এবং ব্যক্তিগত পরিচিতির সম্পর্ককে কাজে লাগানো হয়। তিনি আরো বলেন, ‘আপনি যদি মনে করেন, এমন পরিস্থিতিতে কখনোই আপনার প্রতারিত হওয়ার আশঙ্কা নেই, তাহলে বুঝতে হবে আপনি বিষয়টি যথেষ্ট গভীরভাবে বিবেচনা করছেন না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্যের মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় মালাতিয়া প্রদেশে ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
একটি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
এছাড়া, তুর্কি সশস্ত্র বাহিনী এবং দেশবাসীর প্রতি সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং চিকিৎসক দলের সদস্যরা পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ