০৪:৫৭ পি.এম
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায়ের পর যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সংসদের বিরোধী দলের পক্ষ থেকে আলাদা চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কাছে এই কৃতজ্ঞতা জানান।
রোববার জামায়াতে ইসলামীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ নভেম্বর তারিখের চিঠি দুটি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের মাধ্যমে পাঠানো হয়েছে। গত ১৯ নভেম্বর আইসিজে রায় দেয় যে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এরপর থেকে দুই দেশের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি রোহিঙ্গা গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানান। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রাখাইন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ওয়েস্টার্ন কমান্ডের বর্তমান ও সাবেক কমান্ডারও। এছাড়া, মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহে বিধিনিষেধ, ন্যায়বিচার নিশ্চিত করা ও রাখাইনে মানবিক সহায়তায় নতুন অর্থায়ন এবং ৭ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের অনুরোধকেও তিনি স্বাগত জানান।
আরও পড়ুন: রাষ্ট্রপতি: রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে
ফরাসি প্রেসিডেন্টকে লেখা চিঠিতে তিনি আইসিজের রায়কে চূড়ান্ত ও বাধ্যতামূলক হিসেবে ফ্রান্সের ঘোষণার জন্য ধন্যবাদ জানান। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের আওতায় নিরাপত্তা পরিষদের পদক্ষেপ চেয়ে পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। আইসিজের রায় না মানলে নিরাপত্তা পরিষদ তা কার্যকরে ব্যবস্থা নিতে পারে। মামলায় হস্তক্ষেপকারী রাষ্ট্রগুলোর একটি হিসেবে ফ্রান্সের ভূমিকার কথা উল্লেখ করে তিনি ইউরোপীয় ইউনিয়নে দেশটির সমর্থনও কামনা করেন।
দুটি চিঠিতেই বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরতে পারেননি। তিনি জানান, ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের যে লক্ষ্য সরকার ঠিক করেছে, সংসদের বিরোধী দল তাকে সমর্থন করে। একে তিনি “দলীয় নয়, জাতীয় অবস্থান” বলে অভিহিত করেন।
নিরাপত্তা পরিষদে বাংলাদেশের চারটি উদ্বেগ তুলে ধরতে তিনি দুই দেশের প্রতি আহ্বান জানান। প্রথমত, ক্ষতিপূরণ এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন-সংক্রান্ত আদেশসহ রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে মিয়ানমারের নিয়মিত প্রতিবেদন দেওয়া। দ্বিতীয়ত, আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের ওপর চাপের স্বীকৃতি এবং শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই, বহুবছরমেয়াদি অর্থায়ন। তৃতীয়ত, প্রত্যাবাসনকে মাঠপর্যায়ে যাচাইযোগ্য শর্তের সঙ্গে যুক্ত করা, যার মধ্যে রয়েছে নিরাপত্তা, চলাফেরার স্বাধীনতা, বৈষম্যহীনভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ এবং রাখাইনে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর প্রবেশাধিকার। চতুর্থত, রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী সব পক্ষ যেন রোহিঙ্গাদের অধিকারকে সম্মান করে এবং তাদের প্রত্যাবাসনে বাধা না দেয়।
চিঠিতে বিরোধীদলীয় নেতা লেখেন, “২০১৭ সালে যা ঘটেছিল, এই রায় সেই সত্যকে স্বীকৃতি দিয়েছে। আমরা আশাবাদী, এখন এটি রোহিঙ্গাদের নিরাপদে ঘরে ফেরার পথ হয়ে উঠবে।”
আরও পড়ুন: ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী
চিঠির অনুলিপি পাঠানো হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড, ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন