সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১২:১৯ পি.এম
নিউইয়র্ক সিটিতে বাড়ি কেনার জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ‘হোমফার্স্ট ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’-এর মাধ্যমে যোগ্য ক্রেতারা বাড়ি কেনার প্রাথমিক ডাউন পেমেন্ট অথবা ক্লোজিং খরচের জন্য সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আর্থিক সহায়তা লাভ করতে পারবেন।
নিউইয়র্ক সিটির পাঁচটি বরো—কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের অধিবাসীরা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। মূলত বাড়ির ক্রমবর্ধমান মূল্য এবং প্রাথমিক খরচের কারণে যেসব পরিবার নিজেদের বাড়ির স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছেন, তাদের সহায়তা করার উদ্দেশ্যে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচপিডি) এই উদ্যোগ গ্রহণ করেছে।
সম্প্রতি সেঞ্চুরি ২১-এর আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে সম্ভাব্য ক্রেতাদের এই কর্মসূচির সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।
এই কর্মসূচির আওতায় এক থেকে চার পরিবারের বসবাসের উপযোগী বাড়ি, কনডোমিনিয়াম এবং কো-অপারেটিভ অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে সহায়তা পাওয়া যাবে। তবে আবেদনকারীদের জন্য শর্ত হলো, কেনা বাড়িটি তাদের প্রধান বাসস্থান হতে হবে এবং তাদের অবশ্যই প্রথমবার বাড়ি ক্রেতা হতে হবে (অর্থাৎ গত তিন বছরের মধ্যে কোনো বাড়ির মালিক ছিলেন না)।
সহায়তা পাওয়ার জন্য পরিবারের আয়সীমা সংশ্লিষ্ট এলাকার মধ্যম আয়ের সর্বোচ্চ ১২০ শতাংশের মধ্যে থাকতে হবে এবং আবেদনকারীদের এইচপিডি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বাড়ি কেনাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এছাড়া, ক্রেতার নিজস্ব তহবিল থেকে অন্তত ৩ শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার সক্ষমতা থাকা বাধ্যতামূলক।
এই আর্থিক সহায়তা মূলত সাধারণ অনুদানের বদলে শর্তসাপেক্ষে মওকুফযোগ্য ঋণ হিসেবে প্রদান করা হয়, যা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই বাড়িতে বসবাসের পাশাপাশি আনুষঙ্গিক সব শর্ত পূরণ করলে সম্পূর্ণরূপে মওকুফ হয়ে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো রোববার প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এএফপি’র সংবাদ সূত্রে জানা গেছে।
ভোটের দিন গণপরিবহন সংক্রান্ত সমস্যার কারণে কিছু ভোটার ভোগান্তিতে পড়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি এ অবস্থান নেন।
ব্রাসিলিয়া থেকে দেওয়া বক্তব্যে ফ্লাভিও বলসোনারো বলেন, ‘এই ফলাফল মেনে নেওয়া অসম্ভব।’
তিনি আরও বলেন, ‘আমি এই নির্বাচন বাতিলের আবেদন জানাব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন পুলিশ ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সবাইকে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট, যা টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং এর নাম ডি থ্রি টুর্নামেন্ট। এই আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে একটি নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে লেগ স্পিনার রিশাদ হোসেন গুরুত্ব হারিয়েছেন।
সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডি থ্রির নিলাম অনুষ্ঠিত হয়।
শেখ মেহেদী হাসানকে ব্লু স্টার দলে নেওয়ার পর রিশাদকে দলে নিতে কোনো দলের আগ্রহ দেখা যাচ্ছিল না। সঞ্চালক চারু শর্মা যখন রিশাদের বাকি দুই ফরম্যাটে খেলার বিষয়টি পরিষ্কার করেন, তখন তার প্রতি কিছুটা আগ্রহ তৈরি হয়। কিন্তু দর খুব বেশি ওঠেনি। শেখ মেহেদী হাসান দেড় কোটি পয়েন্টে দলে স্থান পেলেও রিশাদকে ৬০ লাখ পয়েন্টে দলে পেয়ে যায় ফরচুন।
এছাড়া, ফরচুন ৭৫ লাখ পয়েন্টে সৌম্য সরকারকে এবং ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে সেভেন রিংস সিমেন্টে কিনে নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদ্রাসার শিক্ষকদের (সবাই নয়) সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। কিছু ব্যক্তির কারণে এই ধরনের নেতিবাচক ধারণাগুলি ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের উচিত আত্মসমালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আইনবিষয়ক প্রতিষ্ঠান ‘ল ল্যাব’-এর হেড অব চেম্বারস অ্যাডভোকেট শিশির মনির তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই মন্তব্য করেছেন।
বিডিআর মামলা সম্পর্কে তিনি লিখেছেন, ‘বিডিআর মামলা। ১৫২ জনের ফাঁসি এবং ১৫১ জনের যাবজ্জীবন। রাষ্ট্র কি এই মামলাটি গুরুত্বপূর্ণ মনে করে না? মনে করলে অন্যগুলির সাথে দ্রুত শুনানির আবেদন করেনি কেন?’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি মন্তব্য করেছেন, ‘আসছে স্থানীয় সরকার [ইউনিয়ন ও অন্যান্য] নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিন। এনআইডি করার পদ্ধতি সহজ করে দিন। একটু দ্রুত করুন প্লিজ।’
পাচার হওয়া অর্থের বিষয়ে তিনি উল্লেখ করেছেন, ‘শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকার জব্দ করার পদক্ষেপ নিয়েছে। কিছু সম্পদ জব্দও করেছে। বর্তমান সরকারের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ