ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মিরপুর বিহারি ক্যাম্পে দু'পক্ষের ভয়াবহ সংঘর্ষ-গোলাগুলি


মিরপুর বিহারি ক্যাম্পে দু

ঢাকার মিরপুর পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা নির্মাণের কাজ চলছিল। সেখানে পানির পাম্প বসানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

ওসি বলেন, পানির পাম্প বসানো নিয়ে বিরোধের সূত্রপাত। বিষয়টি শুরুতে বিহারিদের মধ্যকার বিরোধ থাকলেও পরে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পাশাপাশি ককটেল নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে।

সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি হাসান বাসির বলেন, দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তবে আহত হওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য পুলিশের কাছে আসেনি।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কারবারের অভিযোগে লক্ষ্মীপুরে ৩ বসতঘর ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


মাদক কারবারের অভিযোগে লক্ষ্মীপুরে ৩ বসতঘর ভাঙচুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদক কারবারি অভিযোগে তিনটি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম নাগের হাটসংলগ্ন লক্ষ্মী কুড়িবাড়ীতে এই ঘটনা ঘটে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনটি বসতঘরের ভাঙচুরের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার নাগেরহাট বাজারে মাদকবিরোধী একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কয়েকজন ব্যক্তি বাজারের পাশে কুড়িবাড়ীতে গিয়ে মানিক লাল কুড়ির দুই ছেলে স্বর্ণকার সোহাগ চন্দ্র কুড়ি ও রুবেল চন্দ্র কুড়ির বসতঘরে ভাঙচুর চালান। এ সময় পাশের বাড়ির হারুন নামের আরেক ব্যক্তির ঘরেও ভাঙচুর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সোহাগ, রুবেল এবং হারুনের ছেলে সুজন মাদক কারবারের সঙ্গে জড়িত। সোহাগের চাচা হরি লাল কুড়ি বলেন, ‘মানববন্ধন থেকে লোকজন এসে আমার ভাতিজা রুবেলের ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে ঘরের এক কোণে আগুনও দেয়। পরে সোহাগের বসতঘরেও হামলা চালানো হয়।

 

মাদক সেবন ও বিক্রির অভিযোগ তুলে এ ভাঙচুর করা হয়েছে।’ সোহাগের স্ত্রী অঞ্জলি কুড়ি বলেন, ‘আমি অন্যের বাড়িতে কাজ করি। আমাদের পরিবার খুবই অসহায়। মিথ্যা অভিযোগ এনে আমাদের বসতঘর ভাঙচুর করা হয়েছে। সন্তানদের নিয়ে কোথায় মাথা গোঁজাব? আমি এ হামলার বিচার চাই।

 

আমার ঘরে জমি বিক্রির ২ লাখ টাকা ছিল। ওই টাকাও নিয়ে গেছে।’ সোহাগ চন্দ্র কুড়ি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মিথ্যা অভিযোগ তুলে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মনির হোসেনের সঙ্গে আমার আগে থেকেই বিরোধ রয়েছে। এর জের ধরে তিনি স্থানীয় লোকজনকে উত্তেজিত করে আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করিয়েছেন।’

 

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, মাদক ব্যবসার অভিযোগ এনে সোহাগ ও রুবেলের বসতঘর ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। তাঁরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।

মাদকবিরোধী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন। হামলা-ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘রুবেল ও সোহাগকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। তাঁদের নাম শুনেছি, তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মানববন্ধনে আমি ছিলাম, তবে মিছিল নিয়ে আমি যাইনি। এ কারণে তাঁদের বাড়িতে হামলার বিষয়ে আমার জানা নেই।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম দেশগুলোর জন্য ইরানের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


মুসলিম দেশগুলোর জন্য ইরানের নতুন বার্তা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তারা মুসলিম দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক গভীর করতে চান। এরসঙ্গে যুক্তরাষ্ট্র যে অবৈধ হামলা চালিয়েছে সেটিও প্রতিহত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে মিসর ও লেবাননকে নিয়ে কথা বলেন আরাঘচি। তিনি বলেন, মিসর যখনই চাইবে তখনই তারা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত আছেন।

আরাঘচি বলেন, ‘আমরা মিসরের সঙ্গে ভালো সম্পর্ক চাই। যখনই মিসরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে একটি সিদ্ধান্তে পৌঁছাবে, আমরাও তা করতে প্রস্তুত আছি।’

অপরদিকে লেবানন নিয়ে তিনি বলেন, লেবাননের সরকার এবং রাজনৈতিক সব পক্ষের সঙ্গে তারা সম্পর্ক স্থাপনে প্রস্তুত আছেন। তবে লেবাননের নেতৃবৃন্দের কিছু নীতি নিয়ে প্রশ্ন তোলেন আরাঘচি। তিনি বলেন, লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও অনেক বেশি যৌক্তিকতা দেখাতে হবে। তবে কোন বিষয়ে যৌক্তিকতা দেখাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি।

অপরদিকে আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কখনো প্রতিবেশী ও মুসলিম দেশগুলোতে হামলা চালাননি। এরবদলে সেসব দেশে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। আর এ বিষয়ে এসব দেশকে আগে থেকেই সতর্কতা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পরই আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: ইয়েনি সাফেক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২৬ : জেলার নবীগঞ্জ উপজেলায় আজ পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মাসুম পারভেজ (৪০) ও শামীম রেজা (৩৯) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার বিকেলে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা মোহাম্মদ মাসুম পারভেজ জেলার নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। অন্যদিকে, নিহত শামীম রেজা একই বিদ্যালয়ের দপ্তরী। 

মাসুম পারভেজ নেত্রকোণা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেল যোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। অন্যদিকে, শামীম রেজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরাজিত পলাতক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


পরাজিত পলাতক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মীর হেলাল

পরাজিত ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশে নানান কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, বিএনপি কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। দেশের সব দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে পরাজিত ও পলাতক অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন। দেশের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে  সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় বিএনপি সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন উপস্থিত ছিলেন। নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আবুল হাশেম, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%