ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর


জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

আজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

আরও পড়ুন: বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এ সময় তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।

আরও পড়ুন: সরকার ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার পরিকল্পনা

তিনি জানান, বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

বাংলাদেশে সবুজ শিল্পায়নকে উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর লক্ষ্য হচ্ছে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা।

আরও পড়ুন: হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

এছাড়া উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়।

জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্যে আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: নতুন পে স্কেলে আরো যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

এ প্রেক্ষাপটে পাঁচটি প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে।

আরও পড়ুন: প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।

তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

আরও পড়ুন: সরকার ৯৭ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পে স্কেলে আরো যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


নতুন পে স্কেলে আরো যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা বেতন পাবেন। স্থানীয় সরকার বিভাগ গত ১ জুলাই থেকে তাদের নতুন বেতন স্কেল কার্যকর করার জন্য নির্দেশনা প্রদান করেছে। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই থেকে তাদের জন্য নতুন বেতন স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় সুযোগ-সুবিধা প্রদান করতে সরকার সম্মতি দিয়েছে। তবে, তাদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারীকৃত এসআরও (SRO)-এর শর্তাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’ এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন বেতন স্কেলে নির্ধারণ করতে হবে।

এই আদেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সকল জেলা প্রশাসক (DC), জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যার সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


গণহত্যার সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ: অ্যামনেস্টি

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ সুদানে মার্চ মাসে সংঘটিত দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার পূর্বাভাস পাওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দেশটির সরকার এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

দক্ষিণ সুদান, যা বিশ্বের নবীনতম দেশ, ২০১১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে গৃহযুদ্ধ, দারিদ্র্য, দুর্নীতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহিংসতার শিকার হয়ে আসছে।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

গত ১ মার্চ, সুদানের সীমান্তবর্তী আবিয়েমনম কাউন্টিতে নুয়ের জাতিগোষ্ঠীর অন্তত এক হাজার সশস্ত্র ব্যক্তি চার ঘণ্টাব্যাপী হামলা চালায়। এই হামলায় শিশুসহ ২০০ জনের বেশি মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব ও দক্ষিণ আফ্রিকাবিষয়ক আঞ্চলিক পরিচালক টিগেরে চাগুতাহ মন্তব্য করেন, ‘এটি ২০২০ সালের পর থেকে দক্ষিণ সুদানে নথিভুক্ত সবচেয়ে বড় গণহত্যার ঘটনাগুলোর একটি।’

মানবাধিকার সংস্থাটির তদন্তে উঠে এসেছে যে, দক্ষিণ সুদানের কর্তৃপক্ষ এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস) হামলার অন্তত দুই সপ্তাহ আগে এ বিষয়ে সতর্কবার্তা পেয়েছিল। তাদের জানানো হয়েছিল যে, কাছের একটি সম্প্রদায়ের লোকজন আগের হামলার প্রতিশোধ নিতে অস্ত্র ও যোদ্ধা জড়ো করছে।

অ্যামনেস্টি জানায়, ইউএনএমআইএসএস স্বীকার করেছে যে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। হামলার ৪৮ ঘণ্টা আগে আবিয়েমনমের উপকণ্ঠে তাদের অস্থায়ী ঘাঁটিতে প্রায় এক হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।

চাগুতাহ বলেন, ‘সরকার ও ইউএনএমআইএসএস—উভয়ের কাছে আরও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট তথ্য ও সময় ছিল। কিন্তু তারা আরও জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মূল্য দিতে হয়েছে মানুষের জীবন দিয়ে।’

ইউএনএমআইএসএস ঘাঁটির পেছনের ফটকের বাইরেও সাতজন নিহত হয়। হামলা থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা সেখানে আশ্রয় নিতে গিয়েছিলেন।

স্থানীয় একজন জনপ্রতিনিধি অ্যামনেস্টিকে জানান, ‘সকালে শহরের বাসিন্দারা ইউএনএমআইএসএসের ঘাঁটিতে আশ্রয় নিতে যাওয়ার চেষ্টা করলে সেখানে নুয়ের গোষ্ঠীর লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।’

অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি-

অ্যামনেস্টিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মানুষের বাড়িঘর ও আঙিনায় গুলি চালায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করা এবং আশ্রয় নেওয়া লোকজনের ওপরও হামলা চালানো হয়। কয়েকজনকে আটক করার পর কিংবা আহত অবস্থায় কাছ থেকে গুলি করা হয়।

হামলা থেকে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক ব্যক্তি বলেন, ‘তারা আমার চাচাতো ভাইকে বিছানার নিচ থেকে টেনে বের করে মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়িঘর ও বাজারে আগুন ধরিয়ে দেয়। লুটপাটের পাশাপাশি স্থানীয় হাসপাতালের একাংশ তছনছ করে চিকিৎসা সামগ্রী ও বিছানাপত্র চুরি করে নিয়ে যায়।

নিহতদের অধিকাংশের মরদেহ শহরের উপকণ্ঠে দুটি গণকবরে দাফন করা হয়।

অ্যামনেস্টির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আগুনে ২৩০টির বেশি স্থাপনা পুড়ে ধ্বংস হয়েছে।

এ গণহত্যার কারণে আবিয়েমনমের পুরো জনসংখ্যাকে শহর ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।

অ্যামনেস্টি বলেছে, এ হামলার তদন্ত শুরু করতে হবে দক্ষিণ সুদান সরকার ও ইউএনএমআইএসএসকে। একই সঙ্গে দায়ীদের অপরাধের জন্য আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

চাগুতাহ বলেন, ‘আবিয়েমনমের বেঁচে যাওয়া মানুষগুলোর সত্য জানা, ন্যায়বিচার পাওয়া এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা আর কখনো ঘটবে না—এমন নিশ্চয়তা পাওয়ার অধিকার রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার পাথর লুটে বিপর্যস্ত নদী, ব্যারাজ ও জনপদ হুমকিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


তিস্তার পাথর লুটে বিপর্যস্ত নদী, ব্যারাজ ও জনপদ হুমকিতে

প্রশাসনের অভিযান, মামলা কিংবা গ্রেপ্তার—কোনো কিছুতেই থামছে না তিস্তা নদীর পাথর লুট। দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত শত শত নৌকায় ড্রেজার বসিয়ে নদীর তলদেশ খুঁড়ে অবাধে তোলা হচ্ছে পাথর। নদীর বুকজুড়ে চলছে লুটপাটের মহোৎসব। এর প্রভাবে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ, বাড়ছে ভাঙন। তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফসলি জমি ও বিস্তীর্ণ জনপদ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটাসহ গ্রামের পর গ্রাম। উদ্বাস্তু হয়েছেন কয়েক হাজার মানুষ।

সবচেয়ে উদ্বেগের বিষয়, নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার উপস্থিতিতেই চলছে এই কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, পাথর উত্তোলনকারীদের সঙ্গে অসাধু কিছু ব্যক্তির যোগসাজশ থাকায় অভিযান শুরুর আগেই ফাঁস হয়ে যায় খবর। ফলে প্রশাসনের অভিযান অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। এমনকি পাথর উত্তোলনের নৌকা থেকে মাসোহারা আদায়ের অভিযোগও উঠেছে নৌ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে, নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাতীরবর্তী আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে তিস্তা ব্যারাজের উজানে তেলির বাজার, কিসামত চর ও ছোটখাতা এলাকায় নদীর বুকজুড়ে চলছে পাথর উত্তোলন। চার শতাধিক নৌকায় ড্রেজার মেশিন বসিয়ে লোহার তৈরি ছেনির সাহায্যে নদীর তলদেশ খুঁড়ে পাথর তোলা হচ্ছে। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নীলফামারী ও লালমনিরহাট অংশের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে এ কর্মকাণ্ড। উত্তোলিত পাথর নৌকায় বোঝাই করে নদীর তীরে স্তূপ করে রাখা হচ্ছে।

অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠন পরিবর্তিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে একাধিক সরু চ্যানেল। আশপাশের অন্তত ২০টি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। এতে তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী জনবসতি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

চর গ্রামের অন্তত ১০ জন বাসিন্দা জানান, পাথর উত্তোলনের কারণে গত দুই বছরে তাঁদের গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েক হাজার মানুষ বসতভিটা হারিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রাস্তার পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

তাঁদের অভিযোগ, গত দুই বছর ধরে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নদী থেকে পাথর তোলা হচ্ছে। পরে ট্রাকে করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে এসব পাথর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। পাথর উত্তোলনকারীরা নদীতে প্রবেশের বিভিন্ন সড়কে লোক বসিয়ে নজরদারি করেন। প্রশাসনের কোনো গাড়ি দেখলেই মোবাইল ফোনে খবর পৌঁছে দেওয়া হয়। ফলে অভিযান শুরুর আগেই শ্রমিক ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার সুযোগ পান সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাকে প্রায় ৫০০ থেকে ৭০০ ঘনফুট পাথর পরিবহন করা হয়। এসব পাথর প্রতি ট্রাক ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়। দেশের বিভিন্ন জেলার নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে এই পাথর।

প্রতিদিন চার শতাধিক নৌকায় পাথর উত্তোলন করা হচ্ছে। অথচ এলাকায় বিজিবি ক্যাম্প ও নৌ পুলিশ রয়েছে। তাঁর অভিযোগ, নৌ পুলিশের কিছু সদস্য পাথর উত্তোলনকারীদের সঙ্গে যোগসাজশ করে অভিযানের আগাম তথ্য ফাঁস করেন। বিনিময়ে তাঁদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়।

এদিকে গোপন ক্যামেরায় ধারণ করা বক্তব্যে ডালিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই স্বপন ও শামীম পাথর উত্তোলনের নৌকাপ্রতি মাসোহারা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, চাঁদা না দিলে পাথর বহনকারী ট্রাক আটক করা হয়।

শুধু নদী ধ্বংস নয়, অবৈধ পাথর বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকায় সংঘাত, সংঘর্ষ ও দেশীয় অস্ত্রের মহড়ার অভিযোগও রয়েছে। প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের লোকজনও। এ ঘটনায় ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয়েছেন তিনি। তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন এবং মামলা চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে ২০-৩০ জনের একটি চক্র জড়িত।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, অবৈধ পাথর কারবারিদের বিরুদ্ধে থানায় অন্তত ১৫টি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ফলে বারবার অভিযান চালিয়েও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, নদীর তলদেশ কেটে পাথর উত্তোলন করা হলে নদীর গভীরতা ও স্বাভাবিক গঠন নষ্ট হয়। এতে ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান বলেন, শুধু অভিযান চালিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারা পাথর উত্তোলন করছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কোথায় এসব পাথর যাচ্ছে এবং কারা কিনছে—পুরো চক্র চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, তথ্য পেলেই প্রশাসন অভিযান চালায়। যন্ত্রপাতি জব্দ, মামলা এবং হাতেনাতে কাউকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হয়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় অভিযান শেষ হওয়ার পরপরই আবারও অবৈধভাবে পাথর উত্তোলন শুরু করে তারা।

অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই প্রতিবেদককে বলেন, “এই অপকর্মের সঙ্গে জড়িত যে-ই হোক, যে দলেরই হোক, তাদের শাস্তির আওতায় আনতে দুই জেলার প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হবে।”

তিস্তার বুক চিরে পাথর লুটের এই মহোৎসব বন্ধ না হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী জনপদের অস্তিত্ব আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিচ্ছিন্ন অভিযান নয়, পাথর লুটের নেপথ্যের মদদদাতা, অর্থের জোগানদাতা, পরিবহনকারী ও ক্রেতাদের চিহ্নিত করে সমন্বিত অভিযান চালাতে হবে। অন্যথায় একদিন তিস্তার ভাঙনে শুধু বসতভিটা নয়, হুমকির মুখে পড়তে পারে দেশের গুরুত্বপূর্ণ তিস্তা ব্যারাজ ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ‘সুজন’ এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


শেরপুরে ‘সুজন’ এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

শেরপুরে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা ডায়াবেটিক সমিতির হলরুমে ‘সচেতন, সংঘটিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবজ’ শিরোনামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সুজন সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন। সভায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য সাংবাদিক রফিক মজিদ, আরিফ হোসেন, আল আমীন রাজু, ফজলুল কবির সুরুজ, তাহমিনা জলি, ঝিনাইগাতী উপজেলার সভাপতি মেহেদী হাসান হালিম, শ্রীবরদী উপজেলার সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

সভায় শেরপুরে সুজনের কার্যক্রম গতিশীল করতে মাদকবিরোধী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে একটি এডহক কমিটির মাধ্যমে আগামী দিনে শেরপুরে মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুজন সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনকে আহবায়ক এবং সাংবাদিক রফিক মজিদকে সদস্য সচিব করা হয় এই মাদক বিরোধী কমিটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%