ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইউরোপজুড়ে চলছে তরুণদের বিক্ষোভ, কী চাইছেন তারা?


ইউরোপজুড়ে চলছে তরুণদের বিক্ষোভ, কী চাইছেন তারা?

ইউরোপের ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও আলবেনিয়ায় তরুণদের বিক্ষোভ চলছে। এই দেশগুলোতে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনা ও শিক্ষকের সংকট, বাড়িভাড়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি ও কর্মসংস্থানের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিক্ষোভকারীরা। ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বৃহত্তর বিক্ষোভে রূপ নিয়েছে। কিছু দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায়ও রূপ নিয়েছে।

ফ্রান্সে শিক্ষাব্যবস্থা ও ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার এক সপ্তাহ পর শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘ ক্লাসের সময়, শিক্ষকের ঘাটতি, জরাজীর্ণ শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অস্পষ্ট পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষক পদে শূন্যতা পূরণ না হওয়ায় অনেক শিক্ষার্থীকে নিয়মিত কয়েক মাস পর্যন্ত পাঠদান থেকে বঞ্চিত থাকতে হয়। এসব সমস্যার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে পরে অন্যরাও যোগ দেন। তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিশেষ করে জ্বালানির দাম নিয়ে ক্ষোভ জানান। যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ ট্রলি প্রদান

ফ্রান্সের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অব লেবার (সিজিটি) বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনটি দ্রব্যমূল্য কমানো, পেনশন বাড়ানো এবং মজুরি বৃদ্ধির দাবি তুলেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দুই মেয়াদের শাসনের শেষ পর্যায় চলছে। দেশটিতে আগামী ২০২৭ সালের এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

স্পেনে বাড়িভাড়া ও উচ্ছেদের প্রতিবাদ

স্পেনে গত সেপ্টেম্বরে বাড়ির দাম ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অধিকারকর্মীরা রাজপথে নেমে আসেন। ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে তার বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা বিক্ষোভের সূত্রপাত ঘটায়। একটি বিনিয়োগ তহবিল তার বাড়িভাড়া ২৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার দুই সপ্তাহ পর মারা যান তিনি।

বিক্ষোভকারীরা বাড়িভাড়া কমানো, উচ্ছেদ বন্ধ এবং বিনিয়োগ তহবিলের আবাসন কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ভাড়াটেদের সুরক্ষায় জরুরি আবাসন আইন পাসের চেষ্টা করেছিলেন। তবে পার্লামেন্টে ডানপন্থি ও উগ্রডানপন্থি দলগুলোর বিরোধিতায় আইনটি পাস হয়নি। এরপর ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ডাক দেন সানচেজ। সংস্কার কার্যকর করতে তার আরো বিস্তৃত প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, তীব্র বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নির্বাচনের আগে পার্লামেন্টের স্থায়ী পরিষদের মাধ্যমে আবাসনসংক্রান্ত কিছু অধ্যাদেশ পাশ করাতে পারলে স্পেনের বিক্ষোভ কমতে পারে। সানচেজের সমাজতান্ত্রিক দল ও রক্ষণশীল পিপলস পার্টি—দুই পক্ষই আগামী নির্বাচনে জিতলে আরো বাড়ি নির্মাণ এবং আবাসন সংকট সমাধানে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পর্তুগালে বাড়ির দাম বেড়েছে ১২৪ শতাংশ

স্পেনের প্রতিবেশী পর্তুগালেও শনিবার আবাসন সংকটের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। রাজধানী লিসবনের কেন্দ্রীয় এলাকায় শত শত মানুষ জড়ো হন। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে পর্তুগালে বাড়ির দাম বেড়েছে ১২৪ শতাংশ। এই বৃদ্ধির হার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গড়ের প্রায় দ্বিগুণ। বাড়ির দাম ও ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় আবাসন সংকট এখন দেশটির অন্যতম বড় উদ্বেগ।

ইতালিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ হয়েছে। ইতালির মিলানেও সংসার চালানোর ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে সহিংসতায় রূপ নেয়। মুখোশ পরা বিক্ষোভকারীরা দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশের দিকে পাথর, পেভমেন্টের ব্লকসহ বিভিন্ন বস্তু ছোড়েন। বার ও রেস্তোরাঁর টেবিল দিয়ে তৈরি প্রতিবন্ধকতায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: উটের প্রস্রাবেই সারবে ক্যানসার? সৌদি ভাইরাল দাবির সত্যতা জানাল

ইতালিতে শনিবারই জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভের প্রথম দিন ছিল। এদিকে ফ্রান্সের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বেলজিয়ামেও বিক্ষোভ হয়েছে।

আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এদি রামার বিরুদ্ধে বিক্ষোভ রোববার ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষার নিম্নমান নিয়ে ক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। গত গ্রীষ্মে দেশটির উপকূলে একটি বিলাসবহুল আবাসন প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। প্রকল্পটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভে কি পরিবর্তন এসেছে?

ফ্রান্সে শিক্ষকসংকট মোকাবিলায় আরো তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। বিদ্যালয় পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শিক্ষার্থীদেরও যুক্ত করার কথা বলা হয়েছে। আগামী বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের কিছু নিবন্ধন ফি বাড়ানোর যে পরিকল্পনা ছিল, তা-ও বাতিল করেছে সরকার।

আরও পড়ুন: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

সেপ্টেম্বরের মাঝামাঝি জ্বালানির দাম নিয়ে বিক্ষোভের পর নির্দিষ্ট কিছু শিল্প খাতে পেট্রলের ভর্তুকি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ফরাসি প্রেসিডেন্টের দপ্তর।

তবে এসব পদক্ষেপে বিক্ষোভ পুরোপুরি থামেনি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সহিংসতার জন্য চরম বামপন্থি বিক্ষোভকারী ও লুটপাটকারীদের দায়ী করেছেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, সরকার আরো ছাড় দিতে আগ্রহী নয়।

ফ্রান্সে বিক্ষোভের ভবিষ্যৎ গতিপথ নির্ভর করছে সরকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবির বিষয়ে কতটা কার্যকর পদক্ষেপ নেয়, তার ওপর।

স্পেনে আবাসনসংক্রান্ত কিছু প্রস্তাব পার্লামেন্টের স্থায়ী পরিষদের মাধ্যমে পাস করানো গেলে বিক্ষোভের চাপ কমতে পারে। তবে বাড়িভাড়া, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের ক্ষোভ কত দ্রুত কমবে, তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন: ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক কাঠামো বদলাচ্ছে: বিশ্লেষক

সব মিলিয়ে ইউরোপের সাম্প্রতিক বিক্ষোভে ভিন্ন ভিন্ন দেশের স্থানীয় সমস্যা সামনে এলেও কয়েকটি বিষয়ে মিল রয়েছে। যেমন—তরুণদের শিক্ষার সুযোগ, কর্মসংস্থান, সাশ্রয়ী আবাসন এবং জীবনযাত্রার ব্যয়। এসব ক্ষেত্রে পরিবর্তনের দাবিতেই রাজপথে নামছেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকে অপহরণ করা হয়েছিল’, আয়োজকদের বিরুদ্ধে আকাঙ্ক্ষার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ এম


‘আমাকে অপহরণ করা হয়েছিল’, আয়োজকদের বিরুদ্ধে আকাঙ্ক্ষার অভিযোগ

ভারতের টেলিভিশন জগতের একটি পরিচিত নাম আকাঙ্ক্ষা চৌধুরী। মডেলিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পরিচিতি রয়েছে। সম্প্রতি পুণেতে অনুষ্ঠিত একটি নবরাত্রির অনুষ্ঠানে অংশগ্রহণের সময় আয়োজকদের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন এই তারকা। তিনি দাবি করেছেন, ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। পুরো অভিজ্ঞতাকে তিনি অপহরণের সঙ্গে তুলনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় শুরু থেকেই ঘাটতি ছিল। আয়োজক দলের তিন সদস্য তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনি দাবি করেছেন, তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর। নির্ধারিত সময় পেরিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর জন্য গাড়ির ব্যবস্থা করা হয়নি। অথচ ওই সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, নিজে থেকে কাউকে পাঠানোর অনুরোধ না জানালে আয়োজকেরা তাঁকে অনুষ্ঠানস্থলে নেওয়ার উদ্যোগই নিতেন না।

পুণের পেডকর গ্রাউন্ডসে পৌঁছানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। তাঁর দাবি, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর দর্শকদের সামনে গাড়ি থামিয়ে দেওয়া হয়। সঙ্গে নিজের দল না থাকায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে রাজি হননি। নিরাপত্তাহীনতার কথা জানালেও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন বলে অভিযোগ করেন এই তারকা।

ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন, "জোর করে গাড়িতে বসিয়ে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে দল নেই, তাই আমি ভেতরে যেতে পারব না। আমি নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেরা হাসছিল, আমার কথা শুনছিল না।"

আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "কী বোকা ব্যবস্থাপনা! এরা একেবারে চোর। সবার পারিশ্রমিক নিয়ে নিয়েছে, নিজেদের কাজে লাগিয়েছে।"

ঘটনাটিকে অপহরণের মতো অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে আকাঙ্ক্ষা দাবি করেন, তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারার পর গাড়িটি থামে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আকাঙ্ক্ষার ভাষায়, "আমাকে যেন অপহরণই করা হয়েছিল। আমি যখন ওদের চড় মারি, তখন ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব, কাউকে ছাড়ব না।"

নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের পাশাপাশি পারিশ্রমিক পরিশোধ না করা এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহারের বিষয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আকাঙ্ক্ষা। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর-যুবকদের শিক্ষামূলক কর্মসূচিতে যুক্ত করতে চান ছাত্রদল নেতা কাওসার খান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব আহমেদ ঢাকা

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ এম


কিশোর-যুবকদের শিক্ষামূলক কর্মসূচিতে যুক্ত করতে চান ছাত্রদল নেতা কাওসার খান

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি মো. কাওসার খানের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়।

ছাত্রদল নেতা কাওসার খান বলেন, কিশোর ও যুবসমাজকে শিক্ষামূলক, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন। তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষার আলোয় গড়ে তুলতে হবে। তাদের মেধা ও শক্তিকে দেশ গঠন এবং সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে কিশোর-যুবকদের সম্পৃক্ত করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোমা আতঙ্কে ইসরাইলের বিমানের জরুরি অবতরণ বুলগেরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


বোমা আতঙ্কে ইসরাইলের বিমানের জরুরি অবতরণ বুলগেরিয়ায়

বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরাইলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। এই ঘটনা ঘটে রোববার (১৮ অক্টোবর)।

অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে অবস্থানকালে বোমার হুমকি পায়। নিরাপত্তার স্বার্থে বিমানটি সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে দেশটির মিগ-২৯ যুদ্ধবিমান দ্বারা পাহারা দেওয়া হয়।

বিমানের ছয়জন ক্রু এবং ৫১ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে অস্ট্রিয়ান এয়ারলাইনস জানায়, বিমানে নিরাপত্তা তল্লাশি চলছে। তল্লাশি শেষে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। ঘটনার তদন্তও চলছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ায় অবতরণ করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পর বিমানটি দক্ষিণ দিকে মোড় নেয়। এডিএস-বি এক্সচেঞ্জের তথ্যেও বিমানটির জরুরি সংকেত পাঠানোর বিষয়টি দেখা যায়।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহকারী পাইলটের বিরুদ্ধে কুঠার দিয়ে পাইলটকে আক্রমণের অভিযোগ ওঠে। ওই বিমানে ১৭৪ জন যাত্রী ছিলেন। ঘটনার সময় বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে গেলেও অন্য পাইলটরা নিয়ন্ত্রণ ফিরে পান। পরে বিমানটি সউদী আরবের তাবুক শহরে জরুরি অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের অভিযোগ, ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি আত্মঘাতী মিশনের অংশ হিসেবে বিমানটি ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। এরপর ইসরাইল সরকার দেশটিতে অবতরণকারী সব বিমানের পাইলটদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দেয়। তথ্যসূত্র: আল-জাজিরা, এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সবাইকে আহ্বান জানিয়েছেন, জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে।

মন্ত্রী বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পাশাপাশি শান্তিতে বসবাস করে।" তিনি উল্লেখ করেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের উচিত সম্প্রীতি বজায় রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া।

গতকাল দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী পাঁচদোনা শ্রী শ্রী হরি মন্দির ও পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "দেবী দুর্গার আগমন ও প্রস্থানের তাৎপর্য আমাদের উপলব্ধি করতে হবে।" তিনি আরও বলেন, দুর্গাপূজার মধ্যে যে শিক্ষা রয়েছে, তা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং ব্যক্তি ও সামাজিক জীবনেও অনুসরণ করা প্রয়োজন।

ড. আবদুল মঈন খান বলেন, "সাধারণ মানুষের প্রতি অবিচার দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেতনা সবার মধ্যে ধারণ করতে হবে।"

এ সময় তিনি নরসিংদীকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও এ অঞ্চলের মানুষ সম্প্রীতি বজায় রেখেছেন।" তিনি ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থানের এই ধারা অব্যাহত রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এমন একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, "সবাই বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করতে হবে।"

পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে বক্তৃতাকালে মন্ত্রী জানান, পলাশের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি প্রতিবছরই এ অঞ্চলের পূজামণ্ডপে আসার চেষ্টা করেন।

তিনি বলেন, মন্দির ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মা দুর্গার আদর্শ অনুসরণ করে পলাশকে একটি সুন্দর ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%