০৯:০৬ এম
অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘকাল ধরে কাজ করে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার তিনি তার পেশাগত জীবনে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর, তিনি প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগদান করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নতুন দায়িত্বের বিষয়টি জানিয়েছেন মিথিলা। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। সেখানে নিউইয়র্কের ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবেন।
মিথিলা জানিয়েছেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রারম্ভিক শৈশব বিকাশ, পরিবারের সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করা। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ ও সহায়তার সঙ্গে যুক্ত করার পাশাপাশি স্থানীয় মানুষের চাহিদা এবং গবেষণার লক্ষ্যকে একসঙ্গে এগিয়ে নেওয়ার জন্য এই উদ্যোগ গৃহীত হয়েছে।
আরও পড়ুন: বিচ্ছেদের পর জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন উঠেছে
গবেষণার পাশাপাশি, মিথিলা সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে সহযোগী সহকারী অধ্যাপক হিসেবেও শিক্ষকতা শুরু করেছেন। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন।
নতুন এই পথচলায় সাবেক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। আন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন দায়িত্বে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে কাজ করার সুযোগকে নিজের পেশাগত জীবনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন