০২:৪১ এম
আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এটি একদিকে ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি গভীর শোকের দিন হিসেবেও বিবেচিত। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে।
হিজরি ৬১ সনের ১০ মহররম, সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। এই ঘটনাটি মুসলমানদের কাছে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথকভাবে বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
ধর্মপ্রাণ মুসলমানরা এইদিনে নফল রোজা পালন করার পাশাপাশি কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। অনেক মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে আজ বিশেষ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে আজ তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হবে। তবে, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন করা এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন