রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০৪ পি.এম
বান্দরবানে লামার রূপসীপাড়া ইউনিয়নের গহিন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির লাশ। তাকে পিটিয়ে ও পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. সগীর (৪৫)। তিনি লামা উপজেলার পূর্ব শিলেরতুয়া এলাকার ছামাইঝিরির বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। মো. সগীর পেশায় ছিলেন দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রূপসীপাড়া বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে হাতিরঝিরি এলাকায় একটি জুমখেতের পাশে গহিন জঙ্গলে লাশটি পড়ে ছিল। সকালে একজন ম্রো জুমচাষি তার সঙ্গে থাকা কুকুরের মাধ্যমে লাশটির সন্ধান পান। পরে পুলিশকে অবহিত করা হয়।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, মো. সগীরকে সর্বশেষ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দারা রূপসীপাড়া বাজারে দেখেছেন। তার শরীরে মারধরের আঘাত রয়েছে এবং তাকে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ওই দিনমজুরকে কেন বা কারা হত্যা করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সী যমজ ভাই-বোন তানিশা ও রায়হানের মৃত্যু ঘটেছে। নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যমজ ভাই-বোন তানিশা ও রায়হান কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যমজ ভাই-বোন কয়েক দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় তারা। এক পর্যায়ে একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের নানা কাশেম মিয়া বলেন, "দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।"
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নানাবাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোন পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিন দিনের শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য ওয়াশিংটন সফরের সময় জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ না দেওয়ার ফলে বেইজিংয়ের বহুপাক্ষিক কূটনীতির প্রতি অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার নিউইয়র্কে সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার জন্য চীন ভাইস-প্রেসিডেন্ট হান ঝেংকে পাঠায়। হান বড় দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান, যা আমেরিকা ও ইসরায়েলের প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।
বেইজিং দীর্ঘদিন ধরে নরম শক্তি গড়ে তোলা ও বৈশ্বিক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় জাতিসংঘের গুরুত্বকে তুলে ধরেছে। শি’র এই সিদ্ধান্ত বিশেষভাবে নজর কাড়ছে, কারণ নিউইয়র্ক ওয়াশিংটন থেকে খুব দূরে অবস্থিত নয়। বিশ্লেষকরা মনে করছেন, এটি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অগ্রাধিকারকে নির্দেশ করে।
সাম্প্রতিক শীর্ষ বৈঠকটি মে মাসে ট্রাম্পকে আতিথ্য দিয়ে চীনের আয়োজিত বৈঠকের প্রতিচ্ছবি ছিল, যেখানে দুই বৈঠকই ৪৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ ছিল; কোনো পার্শ্বসফর বা বহুপাক্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এতে বেইজিংয়ের কাছে ভূরাজনৈতিক সমতার ধারণার গুরুত্ব স্পষ্ট হয়েছে।
শীর্ষ বৈঠকে শি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী দেশের নেতার সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ পেয়েছেন, যেখানে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান যুদ্ধের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, জাতিসংঘ ছিল ভিন্ন ধরনের মঞ্চ—সেখানে চীন বহুপাক্ষিক সহযোগিতার রক্ষক এবং বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছে। হান বেইজিংয়ের বার্তা পৌঁছে দিয়েছেন।
যদিও শির অনুপস্থিতিতে জাতিসংঘে চীনের প্রতিনিধিত্বের গুরুত্ব হ্রাস পায়, তবে এই সিদ্ধান্ত কূটনৈতিক অগ্রাধিকারের এক ধরনের বিনিময় ঘটিয়েছে।
ওয়াশিংটনের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে শি দুই পরাশক্তির মধ্যে সরাসরি আলোচনাকেই অগ্রাধিকার দিয়েছেন; আর সাধারণ পরিষদে তাঁর অনুপস্থিতি এটি নির্দেশ করে যে, বেইজিংয়ের দৃষ্টিতে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আসলে কোথায় অনুষ্ঠিত হচ্ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতে উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসের কারণে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু ঘটেছে। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার এই তথ্য প্রকাশ করেছে।
উত্তর প্রদেশ, যা ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, সেখানে জনসংখ্যা ২৪ কোটির বেশি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে প্রতি বছর মৌসুমী বৃষ্টির সময়ে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়ে থাকে।
লখনৌ থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে খবর প্রকাশ করেছে।
রিলিফ কমিশনারের কার্যালয় একটি বিবৃতিতে জানায়, রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ‘অস্বাভাবিক ভারি বৃষ্টি’ হওয়ার সময় সর্বশেষ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে ওই অঞ্চলে বৃষ্টিপাত বাড়িয়ে দেয়।’ এর ফলে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল ধরণকে সম্পর্কিত মনে করছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত ছিল ৭ দশমিক ৬ মিলিমিটার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আন্তর্জাতিক মহলে আলোচনা করে বঙ্গোপসাগরের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ওই গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সভায় মন্ত্রী বলেন, “যারা সাংবিধানিকভাবে বাংলাদেশে রাজনীতি করার জন্য নিষিদ্ধ এবং যাদের অতীত ইতিহাস খুন, গুম, লুণ্ঠন ও মানুষের কণ্ঠরোধের ইতিহাস—তারা যদি গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চায়, তাহলে মানিকগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা বাংলাদেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য একজন সৎ রাজনৈতিক নেতা। সারা বিশ্বে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং জাতিসংঘে বক্তব্য রেখেছেন। এ কারণে তাদের হিংসা হচ্ছে।” তিনি বিভিন্ন স্থানে পটকা ও ককটেল বিস্ফোরণ এবং ব্যানার টাঙানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন।
বঙ্গোপসাগরের গ্যাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বঙ্গোপসাগরের নিচে চারদিকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে। আমাদের গ্যাসও নিচ দিয়ে চলে যাচ্ছে।” এ বিষয়ে তিনি আগের সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নেতৃত্ব নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
সারের মজুত প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে পরিমাণ সার রেখে যাওয়া হয়েছিল, বর্তমানে তার চেয়ে বেশি সার মজুত রয়েছে। তার দাবি, প্রতিটি উপজেলায় পর্যাপ্ত সার রয়েছে এবং কোথাও সারের সংকট নেই।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল রহমান খান প্রমুখ।
সভা শেষে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ