শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০২:৪৭ পি.এম
বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত ভোলা দেশের একমাত্র দ্বীপ জেলা। মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিশাল মোহনায় পলি জমে গঠিত এই দ্বীপটি প্রকৃতির এক অপার সুষমামণ্ডিত ক্যানভাসের মতো। চারপাশে পানির খেলা, অন্তহীন আকাশ এবং সবুজ ম্যানগ্রোভ বনের মিতালি ভোলা উপকূলকে রূপের এক অভয়ারণ্যে পরিণত করেছে।
ভোলার উপকূলীয় অঞ্চল মানেই পানি ও স্থলের অন্তহীন মিতালি। উত্তাল মেঘনা এবং প্রমত্তা তেঁতুলিয়া নদী এই জেলাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, কিন্তু এর বুক চিরে বয়ে চলা ছোট-বড় শাখা নদী ও জালের মতো ছড়িয়ে থাকা আঁকা বাঁকা খালের সৌন্দর্য একে জাদুকরী রূপে রূপান্তরিত করেছে। এখানকার জোয়ার-ভাটার, নদী পাড়ের মানুষের জীবনযাত্রা এবং লবণাক্ত বাতাসের গন্ধ এক ভিন্ন পরিবেশের সৃষ্টি করে।
উপকূলীয় ভোলার সবচেয়ে বড় আকর্ষণ হলো সবুজ বনায়ন। প্রাকৃতিক দুর্যোগ থেকে দ্বীপটিকে রক্ষা করতে গড়ে ওঠা এই বনাঞ্চল আজ নিজেই একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র হিসেবে পরিচিত। চর কুকরি-মুকরি, ভোলার মুকুটহীন রত্ন বলা চলে এই চরটিকে। এখানকার বালিয়াচ্ছাদিত সৈকত এবং বনের ছায়ায় গড়ে উঠেছে বিশাল বন্যপ্রাণীর অভয়ারণ্য, যেখানে জীববৈচিত্র্য, হরিণ, বানর, উদবিড়াল এবং নাম না জানা শত প্রজাতির পাখির কলকাকলীতে মুখরিত থাকে চারপাশ। শীতের মৌসুমে সাইবেরিয়া ও অন্যান্য শীতল অঞ্চল থেকে আসা হাজার হাজার অতিথি পাখির ডানার ঝাপটায় উপকূলের আকাশ মুখরিত হয়।
বালুর চরে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার দল ঘুরে বেড়ানো এবং বালুর ওপর চমৎকার আলপনা তৈরি করা প্রকৃতির এক অপূর্ব দৃশ্য, কেওড়া ও গেওয়া বন, সবুজ পাতার অরণ্য এবং গাছের শ্বাসমূলের অদ্ভুত গঠন প্রকৃতির রূপকে আরো রহস্যময় করে তোলে। মনপুরা দ্বীপ, যা মূল ভোলা থেকে আরো গভীরে অবস্থিত, যেন রূপকথার কোনো দ্বীপ। এখানকার সবুজ মাঠ, নদীর চরে ছুটে চলা মহিষের পাল এবং গোধূলি বেলার আকাশ পর্যটকদের মন কেড়ে নেয়।
তজুমদ্দিন ও চর নিজাম, এখানকার নিরিবিল সৈকত এবং সূর্যাস্তের দৃশ্য যেকোনো ভ্রমণপিপাসুর ক্লান্তি দূর করতে সক্ষম। জেলেরা নদীর বুকে রঙবেরঙের পালতোলা নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য উপকূলীয় সংস্কৃতির এক জীবন্ত দলিল। প্রকৃতির এই অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এখানকার মানুষের নিরন্তর জীবনসংগ্রাম। নদীভাঙন, জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগকে নিত্যদিনের সঙ্গী করেই ভোলা উপকূলের মানুষ বেঁচে থাকে। তবুও তাদের মন বড় উদার। অতিথিপরায়ণতা, সুস্বাদু ইলিশ মাছের ঘ্রাণ এবং স্থানীয় সংস্কৃতির সরলতা এই অঞ্চলের সামাজিক রূপকে সমৃদ্ধ করেছে।
ভোলার উপকূল কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি বাংলা মায়ের এমন এক রূপ, যা একাধারে স্নিগ্ধ ও রুদ্র, শান্ত ও উত্তাল। প্রাকৃতিকভাবে সুরক্ষাবলয় তৈরি করা এই উপকূলীয় অরণ্য আমাদের জাতীয় সম্পদ। যথাযথ সংরক্ষণ এবং টেকসই পর্যটন ব্যবস্থার মাধ্যমে এই রূপের অভয়ারণ্য টিকে থাকুক যুগ যুগ ধরে— এটাই উপকূলবাসীর প্রাণের দাবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তিউনিসিয়ায় পুলিশের হাতে কয়েকজনের মৃত্যুর পর রাজধানী তিউনিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। দেশটির চলমান গভীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্যে নতুন করে অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
রাজধানীর উপকণ্ঠ ইততাদামেনে মাদক ব্যবসার সন্দেহে আটক এক ব্যক্তির মৃত্যুর ঘটনা কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত হয়। ওই ব্যক্তির পরিবার অভিযোগ করেছে যে, পুলিশের নির্যাতনের কারণে তার মৃত্যু ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাদক গিলে ফেলার পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে, টায়ারে আগুন দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ওই এলাকার একটি জাতীয় রক্ষীবাহিনীর স্থাপনা নিরাপদ রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
এদিকে, দেশটির স্ফাক্স প্রদেশের জেবিনিয়ানা শহরেও এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, নিরাপত্তা বাহিনীর ধাওয়া খেয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেন এবং টায়ার পোড়ান। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
অন্যদিকে, উপকূলীয় শহর স্ফাক্সে হৃদ্যন্ত্রের সমস্যায় আক্রান্ত এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৩ অক্টোবর) স্ফাক্স বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
এছাড়া, তিউনিসিয়ায় জীবনযাত্রার অবনতি ও সরকারি সেবার দুরবস্থা নিয়ে মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবারের (২২ অক্টোবর) সংঘর্ষের ঘটনাগুলো দেশজুড়ে আরও বড় ধরনের সহিংস বিক্ষোভের আশঙ্কা তৈরি করেছে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীতে প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। হাজারো মানুষ ওই কর্মসূচিতে অংশ নিয়ে তার বিরুদ্ধে গণতন্ত্র দুর্বল করা এবং অর্থনীতি পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তোলেন।
এদিকে, বুধবার (২১ অক্টোবর) দেশটির একটি সামরিক আদালত বিরোধী রাজনীতিক ওলফা হামদিকে চার বছরের কারাদণ্ড প্রদান করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সামরিক বাহিনীকে আদেশ অমান্যে উসকানি দেওয়ার অভিযোগে তাকে দণ্ডিত করা হয়। প্রেসিডেন্ট সাঈদের বিরোধীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অপরিচিত নম্বর থেকে ফোন আসলে এবার কলারের পরিচয় জানা যাবে। নতুন কলার শনাক্তকরণ ব্যবস্থা ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (সিএনএপি) আগামী ১ নভেম্বর থেকে ভারতে চালু হতে যাচ্ছে। এই প্রযুক্তি কার্যকর হলে ফোনের স্ক্রীনে অপরিচিত নম্বরের পাশাপাশি সিম নিবন্ধনের সময় দেওয়া নামও প্রদর্শিত হবে।
ভারতের টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) দেশের সকল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানকে এই সেবা চালুর নির্দেশনা প্রদান করেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
যেভাবে কাজ করবে নতুন প্রযুক্তি
ভারতে তৈরি সিএনএপি প্রযুক্তি প্রাথমিকভাবে ৪জি ও ৫জি নেটওয়ার্কে চালু করার পরিকল্পনা রয়েছে। তবে ২জি ও ৩জি নেটওয়ার্ক এবং ল্যান্ডলাইন ফোনের জন্যও এই সেবা চালুর আলাদা পরিকল্পনা করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় ফোনে যদি কোনো নম্বর আগে থেকে সংরক্ষিত থাকে, তবে সেই নাম দেখা যাবে। অন্যদিকে, যদি নম্বরটি সংরক্ষিত না থাকে, তাহলে সিম নিবন্ধনের সময় দেওয়া নাম প্রদর্শিত হবে। বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে কলারের নামের পরিবর্তে ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখানোর পরিকল্পনা রয়েছে।
এ জন্য টেলিকম অপারেটরদের গ্রাহকদের নাম ও নম্বরের হালনাগাদ তথ্য সংরক্ষণ করে একটি সুরক্ষিত তথ্যভান্ডার তৈরি করতে হবে। কল আসার সময় সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে কলারের পরিচয় প্রদর্শিত হবে।
গোপনীয়তা রক্ষায় বিশেষ ব্যবস্থা
নতুন প্রযুক্তি চালুর পাশাপাশি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। এ ক্ষেত্রে ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কল শেষ হওয়ার পর কলারের ব্যক্তিগত তথ্য ডেটাবেসে সংরক্ষণ না রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ (সিএলআইআর) সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় থাকবে। ফলে এই সুবিধা গ্রহণকারী গ্রাহকদের নাম অন্যের ফোনের স্ক্রীনে প্রদর্শিত হবে না।
ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য নিবন্ধিত ট্রেডমার্ক অথবা জিএসটি পোর্টালে নথিভুক্ত ব্যবসার নাম প্রদর্শনের সুযোগ থাকবে। তবে এসব তথ্য যাচাই করে অনুমোদন দেবে সংশ্লিষ্ট টেলিকম অপারেটর।
প্রতারণা ঠেকানোর লক্ষ্য
অপরিচিত নম্বর থেকে ফোন করে ভুয়া পরিচয়ে প্রতারণা, আর্থিক জালিয়াতি ও সাইবার অপরাধের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশা করছেন, কলারের পরিচয় সহজে শনাক্ত করা সম্ভব হলে সন্দেহজনক ফোনকল চেনা সহজ হবে এবং প্রতারণার ঝুঁকি কমাতে নতুন এই ব্যবস্থা সহায়ক হবে।
তবে প্রযুক্তিটি চালু হলেও অপরিচিত নম্বর থেকে আসা প্রতিটি কল যে নিরাপদ হবে, এমন নিশ্চয়তা নেই। তাই কলারের নাম প্রদর্শিত হলেও ব্যক্তিগত তথ্য, ব্যাংকিংয়ের গোপন তথ্য কিংবা ওটিপি শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁওয়ের হুমায়ুন কবির পাপোশ তৈরি করে স্বাবলম্বী হয়েছেন। মাসে লাখ লাখ টাকা আয় করছেন তিনি পাপোশ তৈরির মাধ্যমে। শুধু তাই নয়, দুই শতাধিক নারীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার প্রচেষ্টার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
২০১৯ সালে চাকরির খোঁজে না গিয়ে নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ছোট পরিসরে পাপোশ তৈরি শুরু করেন হুমায়ুন কবির। প্রথমদিকে তার পাপোশ তৈরির কারখানা অনেক ঝড়ের সম্মুখীন হয়। করোনার সময় ব্যবসা প্রায় থমকে গিয়েছিল, কিন্তু তিনি স্বপ্ন দেখা থামাননি। তার নিজ জেলার একটি বেসরকারি সংস্থা সহায়তার জন্য এগিয়ে আসে। এরপর তিনি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেন।
জীবিকা নির্বাহের একমাত্র পথ হিসেবে পাপোশ তৈরি ও বিপণন ব্যবসা বেছে নেন তিনি। ইএসডিওর রেইজ প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা তাবরেদী রায় জানান, ঋণ সহায়তা পেয়ে নতুন করে ঘুরে দাঁড়ান হুমায়ুন কবির। ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদীর তীরঘেঁষে বরুনাগাঁও গ্রামে তার ছোট্ট এই কারখানা অবস্থিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেলাই মেশিনের নানা শব্দ চলে। সরেজমিনে দেখা যায়, নারীরা কর্মব্যস্ত সময় পার করছেন। কেউ পাপোশ তৈরি করছেন, কেউ রশি তৈরি করছেন, আবার কেউ রঙ ও ফিনিশিংয়ের কাজে ব্যস্ত।
কারখানায় কর্মরত নারী শাম্মী আক্তার বলেন, "আগে বাড়িতে বসে থাকতাম। এখানে কাজ করে নিজের আয় করতে পারছি। সংসারে সহযোগিতা করতে পারছি।"
নুরবান, যিনি এখানে কাজ করছেন, পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন পাপোশ তৈরি করে সংসার চালাচ্ছেন। আরেক নারী ফাতেমা বেগম বলেন, "পাপোশ তৈরি করা, সেলাই করা, ফিনিশিং দেওয়া সবকিছুই আমি করি। এখানকার নারীরা কাজ করে স্বাবলম্বী হয়েছে। মাসে আমরা প্রায় ১৫-১৬ হাজার টাকা উপার্জন করি।" রেইজ প্রকল্পের কর্মকর্তারা জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, আয়বর্ধক কর্মকাণ্ডে মানুষকে যুক্ত করা এবং টেকসই জীবিকা নিশ্চিত করা।
হুমায়ুন কবির জানান, ২০১৯ সালে পল্লি কর্মসংস্থান ও ইএসডিওর প্রশিক্ষণের পাশাপাশি তিন লাখ টাকা ঋণ সহায়তা পাওয়ার পর নতুন উদ্যমে পাপোশ তৈরির কাজ শুরু করেন।
"আজ আমি স্বাবলম্বী হয়েছি। বর্তমানে এই কারখানায় ৪৮ জন নারী নিয়মিত এবং প্রায় ১৫০ জন নারী খণ্ডকালীন ভিত্তিতে কাজ করছেন।"
হস্তশিল্প ও কারুপণ্য সংস্থার পরিচালক চন্দনা ঘোষ বলেন, "নিষ্ঠার সঙ্গে লেগে থাকলে যেকোনো শিল্পকর্ম মানুষের ভাগ্য বদলে দিতে পারে।"
বিসিক শিল্পনগরী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সঠিক প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং নিজের চেষ্টা থাকলে হুমায়ুন কবিরের মতো উদ্যোক্তা হয়ে নিজেকে স্বাবলম্বী করা সম্ভব। হুমায়ুন কবির এক্ষেত্রে একটি উদাহরণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাধীনতার পর ৫৫ বছর অতিবাহিত হলেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশালুয়া গ্রামের মানুষের পাকা রাস্তার স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। বছরের পর বছর ধরে আশ্বাস পাওয়া সত্ত্বেও রাস্তার উন্নয়ন কার্যক্রম বাস্তবে দেখা যাচ্ছে না। বর্ষাকালে কাদাপানি এবং শুষ্ক মৌসুমে খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে গিয়ে অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। কৃষকেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। তাদের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়িতে নিয়ে যেতে বাড়তি শ্রমিক ও পরিবহন খরচ বহন করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ুয়াশালুয়া গ্রামের মধ্য দিয়ে যাওয়া কাঁচা রাস্তাটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে ধান, গম, মসুর, কলাইসহ নানা ফসলের চাষ হয়। কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন কৃষিকাজ ও যাতায়াতের জন্য। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্ষাকালে রাস্তাজুড়ে কাদা ও পানি জমে থাকে, ফলে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে যায়। শুষ্ক মৌসুমে কাদাপানি না থাকলেও গর্ত, উঁচু-নিচু মাটি ও খানাখন্দের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়েন মানুষ। অনেক সময় পায়ে হেঁটে চলতেও দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় কৃষকদের মতে, ফসল উৎপাদনের পর তা মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়া তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনে বাড়তি সময় ও শ্রমিকের প্রয়োজন হচ্ছে। এতে উৎপাদন খরচের পাশাপাশি ফসল ঘরে তোলার ব্যয়ও বাড়ছে। সময়মতো ফসল পরিবহন করতে না পারায় কৃষকেরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
কৃষক তরিকুল ইসলাম জানান, মাঠে ফসল ফলাতে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ করতে হয়। রাস্তার কারণে ফসল ঘরে তোলার সময় নতুন করে দুর্ভোগে পড়তে হয়। রাস্তা ভালো না থাকায় ফসল পরিবহন করা কঠিন হয়ে পড়েছে। তিনি দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানান।
কৃষক মফিজুল ইসলাম বলেন, বর্ষার সময় রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর। মাঠ থেকে ফসল নিয়ে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুষ্ক মৌসুমেও গর্তের কারণে সমস্যা হয়। রাস্তা ভালো হলে কৃষিকাজের খরচ কমবে, সময় বাঁচবে এবং উৎপাদিত ফসল সহজে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হবে।
কৃষক শহিদুল ইসলাম জানান, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার দুর্ভোগ সহ্য করছেন। কৃষিকাজের সঙ্গে জড়িত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, বছরের পর বছর রাস্তা পাকা করার কথা শুনছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। তারা আর আশ্বাস নয়, বাস্তব উন্নয়ন দেখতে চান।
স্থানীয় বাসিন্দা মহাব্বত আলী জানান, এই রাস্তা দিয়ে আশপাশের অনেক গ্রামের মানুষ চলাচল করেন। বর্ষায় কাদা জমলে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অসুস্থ মানুষকে নিয়ে যাতায়াত করতেও সমস্যা হয়। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় রাস্তা উন্নয়নের আশ্বাস দিয়েছেন, তবে স্থায়ী সমাধান এখনও আসেনি।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, নির্বাচনের আগে রাস্তা সংস্কার ও পাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু নির্বাচনের পর আর কেউ খোঁজ নেন না। এলাকার মানুষ প্রতিদিন কষ্ট করছেন। দ্রুত রাস্তাটি পাকা করা হলে কৃষকসহ সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। কৃষিকাজ, পণ্য পরিবহন ও দৈনন্দিন চলাচলে দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তারা রাস্তাটি দ্রুত সংস্কার ও টেকসইভাবে পাকাকরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মিলন বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনি ইউনিয়নের ছোট-বড় প্রায় ৭০টি রাস্তা সংস্কার, নির্মাণ ও পাকাকরণ করেছেন। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও তার সঙ্গে যোগাযোগ করেছেন। রাস্তাটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক এবং এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, এত দিন রাস্তাটির আইডি না থাকায় পাকাকরণের কাজ করা সম্ভব হয়নি। আইডি পাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে আবেদন করেছেন তিনি। তাছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাবর রাস্তাটি পাকাকরণের জন্য আবেদন করা হয়েছে। তিনি আশা করছেন, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু করা সম্ভব হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, উপজেলার যেসব রাস্তার এখনো আইডি হয়নি, সেগুলোর আইডি করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আড়ুয়াশালুয়া গ্রামের রাস্তাটির আইডি করার জন্যও আবেদন করা হয়েছে। রাস্তাটি পাকাকরণের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েও আবেদন করা হয়েছে। আইডি সম্পন্ন হলে দরপত্রের মাধ্যমে পাকাকরণের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে কবে রাস্তাটি পাকা হবে, এখন সেই অপেক্ষায় রয়েছেন আড়ুয়াশালুয়াসহ আশপাশের গ্রামের মানুষ ও কৃষকেরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ