১১:২৯ পি.এম
মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করবে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনটির পক্ষ থেকে ‘বিজয় উৎসব-২০২৬’ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সৈকত আরিফ উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধ এ অঞ্চলের জনগণের সংগ্রামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বলেন, "সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সেই আকাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা এখনো গড়ে তুলতে পারিনি। সেই আকাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এজন্য আমরা মাসব্যাপী বিজয় উৎসব আয়োজন করছি।" তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের একমুখী যে বয়ান আওয়ামী লীগ তৈরি করেছিল, তার বাইরে এই আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে চান।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নানা ধরনের সহিংসতা সৃষ্টি করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এই ধরনের সহিংসতা আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রোধ করে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জুলাই গণহত্যার সুষ্ঠু বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।"
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, বিজয়ের মাসের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন ঘোষণা, ‘মুক্তিযুদ্ধ : জাতীয় মুক্তির সংগ্রাম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন, ‘মুক্তিযুদ্ধ : জনযুদ্ধের গণবয়ান’ শীর্ষক আলোচনা সভা, ‘মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা : কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভার আয়োজন, মুক্তিযুদ্ধবিষয়ক ৩টি চলচ্চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, কুইক কুইজ, উন্মুক্ত ক্যানভাস, মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যার চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, বিজয় কনসার্ট, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মহব্বত হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক, আল-আমিন রহমান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া প্রমুখ।
আরও পড়ুন: মেজর জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্থান ও আধুনিকায়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন