১১:৩৩ পি.এম
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজের পরবর্তী ছবিতে ০০৭ চরিত্রে অভিনয় করবেন ‘দ্য ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতা। এর ফলে ৪০ বছর বয়সী প্যাটিনসন জেমস বন্ড চরিত্রে সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হলেন।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। তিনি বলেন, “জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান। আমার ওপর আস্থা রাখার জন্য পরিচালক ডেনিস ভিলেনিউভ, প্রযোজক অ্যামি প্যাসকেল, ডেভিড হেম্যান এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
প্যাটিনসন আরো বলেন, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন এই যাত্রা এবং সংশ্লিষ্ট দলের সঙ্গে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও পড়ুন: মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে, রেজিস্ট্রির তারিখও জানা গেল
২০২৫ সালে বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া শুরু করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বাছাই কার্যক্রম। ‘গেম অব থ্রোনস’খ্যাত কাস্টিং পরিচালক নিনা গোল্ডের তত্ত্বাবধানে চলে অভিনেতা নির্বাচনের প্রক্রিয়া।
গত অক্টোবরের শেষ দিকে লন্ডনে পাঁচজন চূড়ান্ত প্রার্থীর স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এতে অভিনয়, সংলাপ উপস্থাপন, ক্যামেরার সামনে উপস্থিতি এবং অ্যাকশন দৃশ্যে দক্ষতা যাচাই করা হয়। চূড়ান্ত তালিকায় প্যাটিনসনের সঙ্গে ছিলেন নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনর। পরিচালক ডেনিস ভিলেনিউভ এবং প্রযোজক অ্যামি প্যাসকেল ও ডেভিড হেম্যানের সম্মতিতে শেষ পর্যন্ত প্যাটিনসনকে বেছে নেওয়া হয়।
পুরো নিয়োগপ্রক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে সম্পন্ন করা হয়। আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন রোববার সকালে পরিচালক ডেনিস ভিলেনিউভ নিজেই ফোন করে প্যাটিনসনকে তার নির্বাচিত হওয়ার খবর জানান। ঘোষণার সঙ্গে প্রকাশিত একটি বিশেষ টিজার ভিডিওতে বন্ডের চিরচেনা কালো টাক্সিডো পরা অবস্থায় হাতে ওয়ালথার পিপিকে পিস্তল নিয়ে দেখা গেছে প্যাটিনসনকে।
‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্যাটিনসন পরে ‘দ্য ব্যাটম্যান’, ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন: অমিতাভ বচ্চন ও অভিষেককে হত্যার হুমকি, মুম্বাইয়ে ২০০ সহযোগী সক্রিয় থাকার দাবি
প্যাটিনসনের আগে দীর্ঘ ১৫ বছর জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড হিসেবে যাত্রা শুরু করে ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে সেই অধ্যায়ের ইতি টানেন তিনি। এ সময়ে মোট পাঁচটি সিনেমায় ০০৭ চরিত্রে অভিনয় করেন ক্রেগ।
বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে প্যাটিনসনকে। ছবিটির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। নতুন এই বন্ড সিনেমা ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন