০১:৪৭ পি.এম
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপান করে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু ঘটেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। এই ঘটনাটি মণিপুরের চান্দেল জেলায় ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এই সময়ে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তবে তাদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে চান্ডেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন