মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৫ পি.এম
রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আল মামুন মন্তব্য করেছেন যে, সরকারের পতন আগামী ছয় মাসের মধ্যে ঘটতে পারে যদি সরকার জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে ব্যর্থ হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকে।
তিনি উল্লেখ করেন, সারের সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকরা প্রয়োজনীয় সার সময়মতো পাচ্ছেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে আল মামুন বলেন, "কৃষকদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।" তিনি আরও বলেন, "কৃষকদের কাছে সার পৌঁছে দিতে ব্যর্থ হলে কৃষিমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।"
মঙ্গলবার রাতে বদরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ড, উৎখাতের দাবি এবং ককটেল ও বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ও মশাল মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মশাল মিছিলটি বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আল মামুন আরও বলেন, বদরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন সময় টাকা-পয়সা নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, "তারা বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে বালু উত্তোলনের টাকা ভাগ-বাটোয়ারা করছেন।" এসব অনিয়মের জবাব প্রশাসনকে দিতে হবে এবং বদরগঞ্জবাসীকে বালু উত্তোলনের টাকার হিসাব দিতে হবে।
তিনি আরও জানান, "ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত এবং বালু সিন্ডিকেটের মাধ্যমে যারা চাঁদাবাজি করছেন, তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।" আল মামুন পুলিশকে সতর্ক করে বলেন, "যদি পুলিশ চাঁদাবাজদের গ্রেপ্তার না করে, তবে থানার ওসিকেও সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।"
আল মামুন বলেন, পলাতক শেখ হাসিনা দিল্লির সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্বহীন একটি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন। তিনি অভিযোগ করেন, "বাংলাদেশের স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশকে দিল্লির প্রভাবাধীন একটি প্রদেশে পরিণত করার অপচেষ্টা চালিয়েছিলেন।"
মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, "জিয়াউল আহসান একাই শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছেন।" হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও করেন তিনি।
সরকারের সমালোচনা করে আল মামুন বলেন, বিএনপির সরকার তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে প্রধানমন্ত্রী করেছে। অথচ যাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তিনি দেশের মাটিতে ছিলেন না; তিনি শিলংয়ের একটি হোটেলে ছিলেন। সেখানে পালিয়ে থাকা ব্যক্তিকে দেশে এনে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা এনসিপির সদস্য সচিব আবু রেজা, যুগ্ম সদস্য সচিব মোহসীন আলী বকসি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজ, উপজেলা এনসিপির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব সেতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক, পৌর এনসিপির আহ্বায়ক মনোয়ারা বেগম ও সদস্য সচিব মোস্তাফিজার রহমান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুরঞ্জন ঘোষ মন্তব্য করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র সংখ্যালঘু সম্প্রদায়কে ইস্যু করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।
তিনি উল্লেখ করেন, "সংখ্যালঘু সম্প্রদায়ের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা দেশ ও সমাজের জন্য মঙ্গলজনক নয়।"
মঙ্গলবার (২৪ নভেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া নামকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, ভক্তবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত নামকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরঞ্জন ঘোষ।
বক্তব্যের শুরুতে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে সুরঞ্জন ঘোষ বলেন, "প্রতিবেশী রাষ্ট্র সংখ্যালঘু সম্প্রদায়কে ইস্যু করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।" তিনি সতর্ক করেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম ব্যবহার করে যেকোনো ধরনের অপতৎপরতা কিংবা রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা দেশ ও সমাজের জন্য মঙ্গলজনক নয়। এ বিষয়ে দেশের সব ধর্মের মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক নড়াইলের সহিংসতার প্রসঙ্গ টেনে সুরঞ্জন ঘোষ বলেন, "অপরাধীদের কোনো ধর্ম নেই, তাদের একমাত্র পরিচয় অপরাধী।" তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা উচিত, কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নয়।
তিনি আরও বলেন, "কোনো রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া কিংবা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।" অতীতেও বিভিন্ন সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিচ্ছিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। এ ধরনের অপচেষ্টা রুখে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে সুরঞ্জন ঘোষ বলেন, "হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেমিশে সহাবস্থানে বসবাস করবে, বর্তমান সরকারের এটাই মূল অঙ্গীকার।" আবহমান কাল ধরে এ দেশের মানুষ যেভাবে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিয়ে বসবাস করে আসছে, সেই সম্প্রীতির বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থেকে নামকীর্তন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ এমদাদুল উলুম মাদরাসার উদ্যোগে ২৬ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার মাদরাসা ময়দানে আয়োজিত এক বিশাল ওয়াজ মাহফিলে তাদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি হাফিজুদ্দীন হাফি।
প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকার মুফতি ফজলুল্লাহ নোমানী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবদুল মজিদ, মুফতি গাজী বেলাল উদ্দিন নান্নুড়ী ও মুফতি নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ ডা. জাকারিয়া আলী।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ সময় ২৬ জন হাফেজে কোরআনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি উপস্থিত সবার প্রতি অন্তত একজন করে হাফেজে কোরআনের অভিভাবক হওয়ার আহ্বান জানানো হয়।
মাহফিলে মাদরাসার পক্ষ থেকে আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ শিক্ষাবর্ষে নূরানী বিভাগে ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। ভর্তি কার্যক্রম দুই ধাপে চলবে। প্রথম ধাপে ১ থেকে ১৬ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ১৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নূরানী বিভাগে ভর্তি নেওয়া হবে।
এ ছাড়া জামিয়ার তত্ত্বাবধানে কালিতলায় প্রতিষ্ঠিত ইসলামিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ