১২:১৫ পি.এম
রংপুর নগরীর ধাপ লালকুঠির মোড়ে অবস্থিত ওয়াকফ সম্পত্তির ৩ শতাংশ জমি নিজের নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে মোতাওয়াল্লি আসফাকুর রহমান ডাবলুর বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, ১৯৯২ সালে ২৩ শতক জমির মধ্যে ২০ শতক ওয়াকফ সম্পত্তি হিসেবে রেকর্ড করা হয়। বাকি ৩ শতক জমি মোতাওয়াল্লি পরিবারের আসফাকুর রহমান নিজের জমির সঙ্গে যুক্ত করে রেকর্ড করে নেন। এর ফলে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে।
স্থানীয়রা দাবি করছেন, বিতর্কিত ৩ শতক জমির বর্তমান বাজারদর প্রায় দুই কোটি টাকা। তাদের মতে, জমির রেকর্ড ও দলিলপত্র যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দলিলের তথ্যানুযায়ী, ১৯৭৭ সালের ১৭ মার্চ ৮০৫১ নম্বর দলিলে সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের সম্পত্তির উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে কবির মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
অভিযোগকারীরা জানিয়েছেন, ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ওয়াকফ দলিলটি গোপন রাখা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নথিপত্র যাচাই করে, তাহলে প্রকৃত তথ্য এবং সম্পত্তির মালিকানাসংক্রান্ত রহস্য উদ্ঘাটিত হবে বলে তাদের বিশ্বাস।
ওয়াকফ এস্টেটের ব্যবস্থাপনা, আয়-ব্যয়ের হিসাব ও জমির সীমানা নিয়েও প্রশ্ন উঠেছে। আগের ওয়াকফ পরিদর্শকের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এস্টেটটির আয় দেখানো হয়েছে দুই লাখ ৬৫ হাজার টাকা। তবে স্থানীয়দের দাবি, এই সম্পত্তি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় হওয়ার কথা।
স্থানীয়দের অভিযোগ, আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের গরমিল রয়েছে। তাই তারা নিরপেক্ষ নিরীক্ষার মাধ্যমে হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার দাবি জানিয়েছেন।
তাদের ভাষ্য, এস্টেটের জমিতে একটি হোটেলসহ ১৫-১৬টি দোকানঘর ভাড়া দেওয়া হয়েছে। এসব দোকানের বিপরীতে অগ্রিম জামানত হিসেবে মোটা অঙ্কের অর্থ নেওয়া হলেও জামানতের পরিমাণ, ভাড়ার চুক্তি কিংবা অর্থ কোথায় জমা রাখা হয়েছে, সে বিষয়ে কোনো স্বচ্ছ তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: একাধিক কাজী নিয়োগের খসড়া বাতিলের দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
এছাড়া গুরুত্বপূর্ণ এই ওয়াকফ সম্পত্তিতে দৃশ্যমান কোনো সাইনবোর্ডও নেই। সম্পত্তির আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব ও জবাবদিহি নিশ্চিতে জেলা প্রশাসকের উদ্যোগে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাইফুদ্দিন আহমেদ ও তার মা ইফফাত আরা বেগম ১৯৭৭ সালের ১৭ মার্চ ৮০৫১ নম্বর দলিলে সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের নামে রংপুরের রঘুনাথগঞ্জ মৌজার ২৩ শতক জমি ওয়াকফ করেন। দলিলে উল্লেখ রয়েছে, জমি থেকে প্রাপ্ত আয় মসজিদ, মাদরাসা, এতিমখানা, পাঠাগার, সমাজসেবামূলক কার্যক্রম এবং দেশ ও জাতির কল্যাণে ব্যয় করার উদ্দেশ্যে সম্পত্তিটি উৎসর্গ করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়েছে, ২০২০ সালে আসফাকুর রহমান ডাবলুর সহকারী মোতাওয়াল্লি পদ স্থগিত করা হয়। তবে এরপরও অভিযোগ রয়েছে যে তিনি এস্টেটের কার্যক্রম পরিচালনা করেছেন।
অভিযোগের বিষয়ে আসফাকুর রহমান ডাবলু বলেন, "সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ছিলেন আমার ভাই। আমি ছিলাম সহকারী মোতাওয়াল্লি। তিনি ঢাকায় আইন পেশায় ব্যস্ত থাকায় আমাকে লিখিতভাবে মোতাওয়াল্লির দায়িত্ব দেওয়া হয়েছে।"
আরও পড়ুন: সরকারি খরচে মালয়েশিয়ায় যাওয়া ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ কারা? অস্বচ্ছতা ও নাম প্রকাশের দাবিতে প্রশ্ন
দোকানের ভাড়া ও কমিটি ছাড়া ব্যয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "দোকানঘরগুলো আমার টাকায় করা। আমি দোকানের ভাড়া তুলে এলাকার মসজিদ এবং লালমনিরহাটের চাপারহাটে শ্বশুরের মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করি, যার হিসাব আমি রেখেছি।"
রংপুরের ওয়াকফ পরিদর্শক শামিমুল হক বলেন, "১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশের ৪৪ ধারার বিধান অনুযায়ী আসফাকুর রহমান সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি হয়ে থাকলে মেয়াদ শেষ হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হবেন।"
তিনি আরও বলেন, "আর যদি ৪৩ ধারার বিধান অনুযায়ী নিয়োগ দেওয়া হয়ে থাকে, তাহলে ওয়াকফ অধ্যাদেশের ৩২(১) ধারা অনুসারে তাকে অপসারণ করতে হবে। সাইফুদ্দিন ওয়াকফ এস্টেট নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন