ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নারীকে অপহরণ করতে গেলেন সিআইডি পরিচয়ে ৭ সদস্য, অতঃপর...


নারীকে অপহরণ করতে গেলেন সিআইডি পরিচয়ে ৭ সদস্য, অতঃপর...

মাগুরার শ্রীপুরে সিআইডি পরিচয়ে এক নারীকে অপহরণ চেষ্টার সময় ভুয়া সিআইডি চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন—ঝিনাইদহের পাগলাখানা গ্রামের মোছা. আছমা খাতুন (৩১), পবহাটি এলাকার হাসানুজ্জামান (২৮), পাগলাখানা এলাকার ওসমান গনি (২৫), আরবপুর এলাকার সালমান শাহ (২৫), কুড়িগ্রামের কালিঘাট পাঁচমাথা এলাকার ছাব্বির হোসেন (২২), ঝিনাইদহের নলডাঙ্গা এলাকার সাকিব (২৩) এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের আল-আমিন হোসেন (২২)।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে শ্রাবণী নামে এক নারীকে অপহরণের চেষ্টা করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে চক্রের ৭ সদস্যকে হাতেনাতে আটক করে।

বুধবার দুপুরে এক প্রেস কনফারেন্সে মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আরও জানান, এই অপহরণ চেষ্টার মূল পরিকল্পনাকারী হলেন ভুক্তভোগী শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুল। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন, তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: আবদুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: আবদুস সালাম

সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তন করতে হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আহলা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মহানবী (সা.)-এর আগমন সারা বিশ্বের জন্য সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুল (সা.)-এর প্রদর্শিত পথেই পৃথিবীর কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।’

বক্তব্যে দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সমস্যা প্রসঙ্গে আবদুস সালাম উল্লেখ করেন, ‘দীর্ঘদিনের জমে থাকা এসব সংকট নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের আমলের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সমস্যা তৈরি হয়েছে, যা রাতারাতি সমাধান সম্ভব নয়।’

পুরোনো ঢাকার নানা নাগরিক সমস্যার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জলাবদ্ধতার জন্য নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সাময়িক কোনো পদক্ষেপ নয়, বরং পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের সমন্বিত পরিকল্পনা দরকার। অতীতের অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণেই আজ পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।’ পুরোনো ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতাকে মানিয়ে নিয়েই নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক নাগরিকদের প্রতি নিজের বাসা-বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

এছাড়া পুরোনো ঢাকাকে সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কার করা এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতিগুলো ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি। নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী চলাচল ব্যাপক হ্রাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী চলাচল ব্যাপক হ্রাস

চলতি বছরের প্রথম ছয় মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে।

বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২০২৬ সালের প্রথমার্ধে ৩১.৫ মিলিয়ন (৩ কোটি ১৫ লাখ) যাত্রী আগমন করেছেন, যা গত বছরের একই সময়ে ছিল ৪৬ মিলিয়ন (৪ কোটি ৬০ লাখ)।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে বিমান চলাচলের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।যা একই সাথে জ্বালানির দাম বাড়িয়ে বিশ্বজুড়ে বিমানের ভাড়া বাড়িয়ে দিয়েছে।

২০২৬ সালের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে তেহরান তার উপসাগরীয় প্রতিবেশীদের ওপর সামরিক চাপ সৃষ্টি ও হামলা চালিয়েছে। এর মূল লক্ষ্য ছিল বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিকে ব্যাহত করা এবং মার্কিন মিত্রদের মাধ্যমে ওয়াশিংটনকে যুদ্ধ বন্ধে বাধ্য করা

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ কার্যক্রম পরিচালনার অনুমতি পেল আরও ৩৮ এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


হজ কার্যক্রম পরিচালনার অনুমতি পেল আরও ৩৮ এজেন্সি

সরকার ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আরও ৩৮টি এজেন্সিকে অনুমতি প্রদান করেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ষষ্ঠ পর্যায়ের প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে শর্ত সাপেক্ষে।

এটি উল্লেখযোগ্য যে, পূর্বে পাঁচ দফায় ৬৪২টি এজেন্সিকে আগামী হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২৫ আগস্ট) ষষ্ঠ পর্যায়ের তালিকা প্রকাশের পর ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত তালিকার কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করে, তাহলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলোকে হজযাত্রী নিবন্ধনের আগে নির্ধারিত সময়ের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে গ্রুপ (অ্যালায়েন্স) গঠন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত এজেন্সিপ্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা পূরণ করতে পারলে সেই এজেন্সি বা লিড এজেন্সি সৌদি আরবে হজযাত্রী পাঠানোর অনুমতি পাবে।

 

এতে আরো বলা হয়েছে, "এজেন্সিগুলোকে ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্ধারণ করে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই প্যাকেজই হজযাত্রী ও এজেন্সির মধ্যে চুক্তিপত্র হিসেবে বিবেচিত হবে। প্যাকেজে সৌদি আরবে প্রদেয় সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব এবং প্যাকেজের মূল্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।"

"প্রত্যেক এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে।

 

অর্থাৎ একজন গাইডের জন্য নির্ধারিত সমসংখ্যক হজযাত্রী হলে এজেন্সিটি সমন্বয়ে অংশ নিতে পারবে। অন্যথায়, লিড এজেন্সির আওতাধীন অন্য কোনো এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের (ট্রান্সফার) মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।"

"প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য আরবি ভাষায় দক্ষ, তথ্য-প্রযুক্তি বিষয়ে জ্ঞানসম্পন্ন এবং হজ পরিচালনায় অভিজ্ঞ একজন হজ গাইড নিয়োগ দিতে হবে। ই-হজ সিস্টেমে গাইড যুক্ত করার সময় তার পাসপোর্টের তথ্য ও হজের অভিজ্ঞতার তথ্য দিতে হবে।"

"অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া যাবে না।

 

যদি কোনো এজেন্সি এমন উদ্যোগ নেয়, তাহলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই তাদের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে, যদি কোনো এজেন্সি হালনাগাদ তথ্যসহ আবেদন করে, তাহলে যাচাই-বাছাই শেষে তাদের নাম পরবর্তী যোগ্য তালিকায় প্রকাশ করা হবে।"

"যোগ্য তালিকা প্রকাশের পর যদি কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে শাস্তি দেওয়া হয়, তাহলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সেই এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হবে।"

"এজেন্সিগুলোকে ২০২৭ সালের জুন পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন করতে হবে।"

"এ ছাড়া প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং আয়কর সনদ জমা দিয়ে ঢাকা হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।"

যোগ্য তালিকাভুক্ত এজেন্সি ছাড়া অন্য সব এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। পরে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলে শর্তে উল্লেখ করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেটে জাল ব্যান্ডরোল শনাক্ত এবং অব্যবহৃত নকল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কোম্পানির উৎপাদন কারখানা সিলগালা করেছে। 

আজ এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে অবস্থিত বিউটি টোব্যাকো কোম্পানিতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ দল।

অভিযানে জাল ব্যান্ডরোল ব্যবহারের সন্দেহে কিং ব্ল্যাক, ডি অ্যান্ড জি, ডলার, সেনর গোল্ড ও বারবি ব্র্যান্ডের মোট ৩ লাখ ৭০ হাজার সিগারেট এবং ১৩ হাজার অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দ করা সিগারেট ও ব্যান্ডরোলের নমুনা যাচাইয়ের জন্য ১২ আগস্ট গাজীপুরে অবস্থিত সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে পাঠানো হয়।

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন গত ২৩ আগস্ট তাদের পরীক্ষার ফলাফলে জানায়, ডলার ব্র্যান্ডের সিগারেটে ব্যবহৃত ব্যান্ডরোল এবং উদ্ধার করা অব্যবহৃত ব্যান্ডরোলগুলো জাল।

এনবিআর জানায়, জব্দ করা ৩ লাখ ৭০ হাজার সিগারেটের মধ্যে ৯০ হাজার সিগারেটে জাল ব্যান্ডরোল পাওয়া গেছে। এছাড়া উদ্ধার করা সব ১৩ হাজার অব্যবহৃত ব্যান্ডরোলই নকল বলে প্রমাণিত হয়েছে।

এ ঘটনায় জড়িত অনিয়মের কারণে প্রযোজ্য শুল্ক ও করের পরিমাণ আনুমানিক ১১ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে এনবিআর।

জাল ও অবৈধ ব্যান্ডরোল সংরক্ষণ এবং ব্যবহারের মাধ্যমে শুল্ক-কর ফাঁকির অভিযোগে ২৬ আগস্ট শিবালয় থানায় বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ, ২৫বি, ২৫ডি ও ২৫ই ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

এনবিআর জানায়, মামলাটি ২৬ আগস্ট শিবালয় থানায় ২১ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

এদিকে বিউটি টোব্যাকো কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তামাক খাত থেকে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতির আওতায় এসব অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%