বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
১০:১২ পি.এম
রাষ্ট্রপতি পদটি হলো রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী পদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রশাসনিক কাঠামোর মধ্যে রাষ্ট্রপতির এই মহান ভূমিকা রয়েছে। দেশের সব আনুষ্ঠানিক কার্যক্রম রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও, সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা মূলত সীমিত। যদিও তার ক্ষমতা সীমাবদ্ধ, তবুও দেশের প্রথম নাগরিক হিসেবে রাষ্ট্রপতির বেতন, ভাতা ও অন্যান্য প্রতিষ্ঠানের সুবিধা বেশ বিস্তৃত।
বাংলাদেশের সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির স্বাধীন সাংবিধানিক ক্ষমতা প্রধানত দুটি ক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ এই দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতিকে অন্য যেকোনো দায়িত্ব পালনে, অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে কাজ করতে হয়।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির বিশেষ অধিকার হল আদালত অথবা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড মার্জনা, হ্রাস বা মওকুফ করা। সংসদীয় কাঠামোর কারণে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রেও সরকারের সুপারিশের প্রয়োজন হয়ে থাকে। পদমর্যাদার কারণে রাষ্ট্রপতি পূর্ণ সাংবিধানিক দায়মুক্তি পান। রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা দায়ের করা যায় না এবং তাকে গ্রেপ্তার বা সমন জারির বিধান নেই।
একই সঙ্গে রাষ্ট্রপতির আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নির্ধারণ করা হয় বিশেষ আইনের মাধ্যমে। দ্য প্রেসিডেন্টস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ সংশোধন অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা, যেটা সম্পূর্ণ আয়করমুক্ত। ২০১৬ সালের সংশোধনীতে বেতন বাড়িয়ে এই টাকা নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতির দাপ্তরিক ও আবাসিক ঠিকানা হিসেবে ঐতিহাসিক বঙ্গভবন নির্ধারিত রয়েছে। এই বাসভবনের নিরাপত্তা, সাজসজ্জা এবং প্রশাসনিক যাবতীয় রক্ষণাবেক্ষণ ব্যয়ের দায়িত্ব সরকারি কোষাগারের।
যাতায়াত ও সফরের জন্য রাষ্ট্রপতি রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ মানের পরিবহন সুবিধা পেয়ে থাকেন। সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় সরকার নির্ধারিত হারে বিশেষ দৈনিক ভাতা পান। রাষ্ট্রপতির আপ্যায়ন বা বিনোদনের জন্য পৃথক বার্ষিক বাজেট বরাদ্দ থাকে, এবং এই বাজেটের ব্যয় হিসাবের ক্ষেত্রে সাধারণ নিরীক্ষা প্রযোজ্য নয়। মেয়াদ শেষে পদ ত্যাগ বা অবসরে যাওয়ার পরেও সাবেক রাষ্ট্রপতিরা আইন অনুযায়ী পেনশন, বিশেষ নিরাপত্তা এবং আজীবন নির্দিষ্ট কিছু সরকারি সুবিধা ভোগ করেন।
সার্বিকভাবে দেশের নির্বাহী ক্ষমতার কেন্দ্রে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা অবস্থান করলেও, সংবিধানের সুরক্ষক এবং রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : ইরানের রেভল্যুশনারি গার্ড সতর্ক করেছে, সৌদি আরব ইয়েমেনে তেহরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে না। বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই সতর্কবার্তা দেওয়া হয়।
রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেইন মোহেবি দেফা প্রেসে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘সৌদি আরব নিশ্চিতভাবেই ইয়েমেন ও আনসারুল্লাহকে(হুথিদের আরেক নাম) নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তাদের হামলা থেকেও নিরাপদ থাকতে পারবে না।’
বার্তা সংস্থা এএফপি থেকে তেহরান জানিয়েছে যে, ‘গত কয়েক দিনে আমরা যেমন দেখেছি, সৌদি আরব যত বেশি হামলা চালাচ্ছে, পাল্টা হামলাও তত বেশি হচ্ছে।’
২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলাসমূহের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, গত মাসে ইয়েমেন সেই যুদ্ধে নতুন ফ্রন্ট হিসেবে যুক্ত হয়েছে।
জুলাইয়ের শুরুতে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর, হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে তাদের হামলা বাড়াতে এবং লোহিত সাগরের বন্দরগুলো অবরোধের চেষ্টা করতে শুরু করেছে। উল্লেখ্য, এর আগে ইরানের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছিল।
ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। সর্বশেষ এই লড়াইয়ের ফলে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে গেছে।
চলতি সপ্তাহে ইয়েমেনের এক মন্ত্রী এএফপিকে জানান, হুথি বিদ্রোহীরা বাব আল-মানদাব প্রণালীর তীরবর্তী এলাকা দখলের পরিকল্পনা করছেন। বাস্তবে এটি কার্যকরী করা সম্ভব হলে, গুরুত্বপূর্ণ এই নৌপথে আরও বড় ধরণের হুমকি তৈরি করতে পারবে তারা।
বাব আল-মানদাবের কাছে হুথিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনি সরকারি বাহিনীর তিনজন হুথি সামরিক সূত্র ও একজন মুখপাত্রও এএফপিকে নিশ্চিত করেন যে, বিদ্রোহীরা তাদের বর্তমানে নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। ঢাকা জেলার মধ্যে ধামরাই উপজেলায় সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে। চলতি বছর এখানে কোনো প্রকার অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র বৈধ ও সরকারি অনুমোদনপ্রাপ্ত ইটভাটাগুলোকেই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে। অন্যান্য সব অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।’’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নে করতে হবে ভূমিকা। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তাবায়নের সারথী হিসেবে তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে এসে বেশি করে গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় প্রশাসন প্রতিনিধি ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের পর উপজেলার ১৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়, উপজেলা চত্তরে বৃক্ষরোপণ করা হয়, ১৬ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেওয়া হয়। আব্দুস সুবাহান মডেল হাই স্কুলের ৭০০ শিক্ষার্থীর মাঝে একটি করে গাছ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং বেদে পল্লীতে টিন, নগদ টাকা ও খাবার সামগ্রী বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে আহত মার্কিন সেনার সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) ডেটাবেস হালানাগাদে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা যায়, নতুন করে আরো ৫০ জনের বেশি সেনার আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।
ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ এবং ‘অপারেশন এপিক ফিউরির’ হিসাব একত্রিত করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।
গত মাসে প্রতিরক্ষা দপ্তর ডিসিএএস-এ ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করে। সেখানে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের হিসাব রাখা হচ্ছে।
তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি, কিংবা ঠিক কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্ট করেনি।
এদিকে, ইরানের লাগাতার হামলার পরও ডিসিএএস-এ হতাহতের সংখ্যা কমে যাওয়ার ঘটনায় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের ব্যাপক তোপের মুখে পড়েছিল পেন্টাগন। এই প্রেক্ষাপটে বুধবার ডেটাবেসে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তিনি এই হামলাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে তুর্কির সঙ্গে ইসরাইল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘রাজনৈতিক স্বার্থে’ সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘চরমপন্থী ও অবিশ্বস্ত ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন।
গোলান আরও বলেন, নেতানিয়াহু ‘ইসরাইলের প্রতি আস্থা ক্ষয় করছেন’। তার মতে, এ ধরনের নেতৃত্ব প্রয়োজন যারা নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি ব্যবহার করবে এবং রাজনৈতিক টিকে থাকার জন্য ‘আরেকটি যুদ্ধ’ তৈরি করবে না।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আটটি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় বিমানঘাঁটির রানওয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সিরিয়া এবং অন্যান্য আরব দেশসহ জর্ডান, যুক্তরাষ্ট্র ও তুরস্ক তীব্র নিন্দা জানায়।
আঙ্কারা সিরিয়ায় নিজেদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। হামলার পর দুই দেশের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
হামলা চালানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দামেস্ক ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। তিনি জানান, ইসরাইল বারবার সতর্ক করেছিল যে, এমন পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। তবে সিরিয়া ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে।
জবাবে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর গত বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে জানায়, সিরিয়ার ওই সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা একটি ভিত্তিহীন ধারণা।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’
তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচনের সামনে এসে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।
তুরস্ক বলেছে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এ জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানায়, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ