ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহের নান্দাইলে ভুয়া কাজিদের দৌরাত্ম্য, বিয়ে নিবন্ধনে উদ্বেগ


ময়মনসিংহের নান্দাইলে ভুয়া কাজিদের দৌরাত্ম্য, বিয়ে নিবন্ধনে উদ্বেগ

ময়মনসিংহের নান্দাইলে অনিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার (কাজি)-এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি বিধিমালার প্রতি অগ্রাহ্য করে শতাধিক ভুয়া কাজি উপজেলায় বিয়ে নিবন্ধনের নামে প্রতারণা করছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে।

তথ্য অনুসারে, উপজেলার ১২ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট ১৩ জন নিবন্ধিত কাজি থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন ১০ জন। চণ্ডীপাশা ইউনিয়নসহ তিন ইউনিয়নে প্রায় ২০ বছর ধরে নিবন্ধিত কাজি নেই।

এদিকে, নিবন্ধিত কাজি না থাকার সুযোগে উপজেলায় ভুয়া কাজির সংখ্যা বাড়ছে। ফলে বিয়ের আসরে যে নিবন্ধন হচ্ছে, তা সরকারি খাতায় উঠছে কিনা, তা অনেক বর-কনে বা তাদের অভিভাবকদের জানা নেই।

আরও পড়ুন: এমপি নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শনিবারে বিএনপির বিক্ষোভ মিছিল

১০ কাজির আটজনই শিক্ষক

অনুসন্ধানে দেখা গেছে, নান্দাইলের ১০ জন নিবন্ধিত কাজির মধ্যে মাত্র দুজন ছাড়া বাকি আটজনই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তাদের মধ্যে মাদরাসাপ্রধানও (সুপার বা অধ্যক্ষ) রয়েছেন। এসব প্রতিষ্ঠান থেকে তারা নিয়মিত বেতন-ভাতা বা আর্থিক সুবিধা নিচ্ছেন, এবং একইসঙ্গে কাজি হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

যা রয়েছে আইনে

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লাভজনক পদে কর্মরত ব্যক্তি কাজি হিসেবে লাইসেন্স পাওয়ার যোগ্য নন। অন্যদিকে, কেউ কাজি পদে থাকাকালে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তার লাইসেন্স বাতিলযোগ্য।

আরও পড়ুন: মিরসরাইয়ে ১ নং করেরহাট ইউনিয়নে রেজাউল করিম হক সাবের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

টাকা দিলেই মেলে ভলিউম বই

উপজেলার বৈধ কাজিদের অধীনে অন্তত ‘সাব-কাজি’ পরিচয়ে ১০ জন করে মাঠে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এসব ‘সাব-কাজি’র শিক্ষাগত যোগ্যতা, আইনি কিংবা ধর্মীয় জ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে।

‘সাব-কাজি’ পরিচয় দেওয়া আবুল খায়ের জানান, “কোনো কাজ না পেয়ে বাধ্য হয়ে মোটা অঙ্কের টাকা জমা দিয়ে একজন মূল কাজির কাছ থেকে একটা বই (ভলিউম) নিয়েছি। সেই বইয়ের জন্য প্রতি বিয়েতে মূল কাজিকে ৮০০ টাকা করে দিতে হয়।”

অভিযোগ রয়েছে, সরকারি ‘সিটিজেন চার্ট’ অনুযায়ী বিয়ের খরচের তোয়াক্কা না করে বর-কনে বা তাদের পরিবারের কাছ থেকে ইচ্ছামতো ফি আদায় করছেন এই ‘সাব-কাজিরা’। আদায় করা ফির সিংহভাগ বৈধ কাজিদের পকেটে যাচ্ছে। সেখান থেকে সরকারের খাতে কোনো টাকা জমা হচ্ছে কিনা, তা দেখার কেউ নেই।

আরও পড়ুন: সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে শোকজ করেছে চট্টগ্রাম আইনজীবী সমিতি

এক ইউনিয়নেই ১২ ভুয়া কাজি

নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কাজি আনোয়ার কাদির দাবি করেন, তার ইউনিয়নে অন্তত ১২ জন ভুয়া কাজি সক্রিয়। আতিকুল্লাহ, শাহ আলম ও হেদায়েত উল্লাহ নামে তিনজনের কথা উল্লেখ করে আনোয়ার কাদির বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে অজ্ঞাত স্থান থেকে জাল বই বা ভলিউম এনে দেদারসে বিয়ের কাজ সম্পন্ন করছে ভুয়া কাজিরা। এতে বৈধ কাজিরা যেমন বেকায়দায় পড়ছেন, তেমনি বর-কনের ভবিষ্যৎও হুমকিতে পড়ছে।

নান্দাইল পৌরসভার নিকাহ নিবন্ধক (কাজি) গোলাপ মওলা ‘সাব-কাজি’ (প্রকৃতপক্ষে সহকারী) রাখার সত্যতা স্বীকার করে বলেন, “একদিনে একাধিক বিয়ে হলে একার পক্ষে সামলানো সম্ভব হয় না। তাই লোক রাখতে হয়। তবে এখন ভুয়া বই ছাপিয়ে ভুয়া কাজি সেজে অসংখ্য প্রতারক মাঠে নামায় পরিস্থিতি জটিল হয়েছে।”

আইনি অধিকার অরক্ষিত, ফাঁদে দুই পক্ষ

আরও পড়ুন: রাবির পাঁচ শিক্ষার্থী আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন

বিয়ের আসরে হুট করে অজ্ঞাত বই নিয়ে হাজির হওয়া ‘সাব-কাজি’ ও ভুয়া কাজিদের নিবন্ধন প্রক্রিয়া অধিকাংশ সময়ই সরকারি মূল ভলিউমে বা ডাটাবেজে ওঠে না। ফলে বিয়ের পর দম্পতির মধ্যে কোনো ঝামেলা দেখা দিলে কাবিননামার খোঁজ নিয়ে জানা যায়, সেটি জাল।

কাবিননামা বৈধ না থাকায় নারীরা দেনমোহর ও খোরপোশের আইনি দাবি তুলতে পারছেন না, অন্যদিকে পুরুষরাও প্রতারণার শিকার হচ্ছেন।

আইনে ‘সাব-কাজি’ বলে কিছু নেই

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ অনুযায়ী, সরকার নির্দিষ্ট এলাকার জন্য কেবল একজন লাইসেন্সপ্রাপ্ত কাজি নিয়োগ করে। এই লাইসেন্স অন্য কাউকে ভাড়া বা সাব-কন্ট্রাক্ট দেওয়া সম্পূর্ণ বেআইনি।

আরও পড়ুন: সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন

যোগাযোগ করা হলে ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার প্রদীপ কুমার সাহা কালের কণ্ঠকে বলেন, “বৈধ কাজি ছাড়া অন্য কারো বিয়ে নিবন্ধন করার বিন্দুমাত্র আইনি ক্ষমতা নেই। ‘সাব-কাজি’ বলতে আইনের চোখে কোনো পদের অস্তিত্বই নেই। আর ফিও সরকার নির্ধারিত।” তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া বা ‘সাব-কাজিদের’ বিরুদ্ধে অচিরেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক ও কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক ও কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এ সময় কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে।

আলোচনার সময় শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব এবং এসব বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়গুলো প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।

কানাডার হাইকমিশনার ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল খাতসহ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের জন্য কানাডার আগ্রহের কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সততা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সততা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সততা, জবাবদিহি এবং নৈতিকতার চর্চা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি একই সঙ্গে ইভটিজিংসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি আধুনিক, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের পথিকৃৎ। তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি আধুনিক, মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ। তাই পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।’

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের সাহস, দেশপ্রেম ও দায়িত্ববোধ বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কায়সার কামাল বলেন, শিক্ষাঙ্গন শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; বরং সুনাগরিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাবে কিশোর গ্যাং ও মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা বিস্তার লাভ করছে। এসব সমস্যা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে।

মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক চেতনার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের আচরণ, দায়িত্ববোধ ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাকে উৎসাহিত করা জরুরি। শিক্ষাঙ্গণে সুস্থ বিতর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক মতবিনিময়ের পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে জাতীয় ভাবনায় উদ্বুদ্ধ করতে হবে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীদের চিন্তা, মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশ গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করা প্রয়োজন। শিক্ষাঙ্গন থেকেই জাতীয় পর্যায়ের ইতিবাচক চিন্তা, সৃজনশীল উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের সাফল্যের দিকে তোমাদের বাবা-মায়ের পাশাপাশি গোটা জাতি তাকিয়ে আছে। নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলো। আসুন, সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।’

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপ মো. জি কে গউছ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ এবং প্রফেসর মোহাম্মদ আবদুল মজীদ।

এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়ালো বিআরটিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়ালো বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আবারও মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা দেড় মাস বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার কর্তৃক মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে, মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল বিআরটিএ’র পক্ষ থেকে। এজন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

নির্দেশনায় বলা হয়েছে, মালিকদের নিজেদের উদ্যোগে এ নম্বরপ্লেট বসাতে হবে। পূর্বে জানানো হয়েছিল, মোটরসাইকেল চালকদের ১৫ নভেম্বরের মধ্যে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৬ অক্টোবর বিআরটিএ একটি জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।

সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করতে হবে।

সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের আকার মোটরসাইকেলের ধরন অনুযায়ী নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের জন্য নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

এসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের পর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পুলিশ যখন তাদের মহাসড়ক থেকে সরাতে চেষ্টা করে, তখন বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনাবাড়ী ও কাশিমপুরে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%