শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০১ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে। তবে, দলের পক্ষ থেকে উপনির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে রিজভী এই তথ্য জানান।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের মানবিক অনুপ্রেরণায় চাঁদপুর সদরে অসচ্ছল প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এটি ছিল ৫ম পর্যায়ের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের হাতে এই হুইলচেয়ারগুলো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী এবং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিতরণকালে বক্তারা বলেন, "মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা ও অনুপ্রেরণায় সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণার্থে ধারাবাহিকভাবে নানামুখী সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করা হচ্ছে।" নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন যে, এ ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারবর্গ এ ধরনের মানবিক উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলার ইন্দ্রসিংপাড়া এলাকায়, জোন কমান্ডারের নির্দেশনায়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দেড় শতাধিক মানুষ উপকৃত হয়েছে।
এমন দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছেন। অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জীবন যাপন করছেন। বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
এই বিষয়ে ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে: ওয়াসির বলেন, “আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য এই দুর্গম এলাকার মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এমন জনহিতকর উদ্যোগ অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর তানোর সদরের একটি সার ও কীটনাশক দোকানে চুরির ঘটনা ঘটেছে, যেখানে জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সাড়ে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসলাম ট্রের্ডাস নামক দোকানে এই রহস্যজনক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইসলাম ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দোকানের মালিক সাটার টেনে তালা দিয়ে চলে যান। পরদিন শুক্রবার সকালে, সকাল সাড়ে ৬টার দিকে দোকানের মালিকের পিতা মাইনুল ইসলাম দোকান খুলে গোডাউনের ভিতরের তালা ও দোতালার জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।
পরে জানা যায়, ইনসিপিও ৮০ মিলি ৮১ কার্টন, ইনসিপিও ১০০ মিলি ৫৪ কার্টন, এমিস্টার টপ ২০ মিলি ২০ কার্টন কীটনাশক চুরি হয়ে গেছে। দোকানদারের মতে, এই চুরির বাজার মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান বলেন, ‘নাইট গার্ডরা প্রতিদিনের মতো দায়িত্ব পালন করা অবস্থায় পেছনের দিকে দোতালার জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সিনজেনটা কোম্পানীর সবচাইতে দামী বিষের কার্টনগুলো চুরি হয়ে গেছে। আনুমানিক রাত ২টার মধ্যে একটি চার্জার ভ্যানে করে চোরের দল মেইন রোড় দিয়ে চোরাই কীটনাশকের কার্টুনগুলো নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান জানান, সিসিটিভি ফুটেজ যাচাই করে চোরের দলকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সীমান্তে চলে যাওয়ার কারণে বিএসএফ কর্তৃক আটক ৫ বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের মাধ্যমে তাদের ১১ দিন পর মুক্তি দেওয়া হয়।
৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুলবশত: ভারতীয় সীমানায় প্রবেশ করে রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিনজন পাট ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ ৫ জনকে আটক করে। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকালে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জানানো হয় যে, তাদের ফেরত দেওয়া হবে না এবং সরকারিভাবে আবেদন করতে হবে।
আটক হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের সঙ্গে যোগাযোগ করেন। সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ১৩ সেপ্টেম্বর সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে বৈঠক করেন এবং আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার বিষয়ে আশ্বস্ত করেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের মাধ্যমে ১১ দিন পর বিএসএফ তাদের ফেরত দেয়।
মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।
বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি ১১ দিন পর ফেরত আসার পর রাজশাহী-৬ বাঘা-(চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ সহ স্থানীয়দের সঙ্গে তারা ছবি তুলেন।
এ বিষয়ে মুক্তিপ্রাপ্ত মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, "এমপি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দিয়েছেন।" তিনি আরও জানান, এর আগে এমপি তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।
অন্যদিকে মুক্তিপ্রাপ্ত আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, "আমার ভাইসহ ৫ জনকে ভারতের রানীনগর থানায় রাখা হয়েছিল। ১১ দিন সেখানে থাকার পর মুক্তি পেয়ে আমাদের কাছে এসেছেন।"
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান জানান, "বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত করে আমাদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।"
এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, "রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ