০৫:০৫ পি.এম
নরসিংদীর মনোহরদীতে তিন শতাধিক কৃষকের মধ্যে বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং গম ও ভুট্টার আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটি এ নিয়ে চতুর্থবারের মতো কৃষকদের মধ্যে বীজ বিতরণ করছে।
শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ কেজি গম ও তিন কেজি ভুট্টার বীজ দেওয়া হয়। এ সময় কৃষিবিদরা কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বীজ বপন ও ফসলের পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্যসচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
আরও পড়ুন: দাউদকান্দিতে আগাম টমেটো চাষে কৃষকদের সাফল্য ও আগ্রহ বৃদ্ধি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. মাহবুবুর রহমান এবং গাজীপুর কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মোস্তফা খান। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। গম ও ভুট্টার মতো গুরুত্বপূর্ণ খাদ্য ও শিল্পফসলের আবাদ সম্প্রসারণে কৃষকদের উন্নতমানের বীজ সরবরাহ এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। শুধু বীজ বিতরণ নয়, ফসলের সঠিক পরিচর্যা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কেও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া জরুরি।
তারা বলেন, কৃষকের হাতে মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে গম ও ভুট্টার আবাদ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে।
প্রধান বক্তার বক্তব্যে কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষকদের পাশে দাঁড়াতে এ্যাবের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গোয়ালন্দের দুর্গম চরে মাষকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন