মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৬ পি.এম
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩২ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লার চাঁপাপুরে অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ সংযোগ ব্যবহারের কারণে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীবের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অভিযান সূত্রে জানা গেছে, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে অভিযানটি পরিচালিত হয়। এতে ২১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়। এ ছাড়া প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ থাকার নয় দিন পর মঙ্গলবার একটি পরিত্যক্ত খামারবাড়ি থেকে আবদুল জলিল নামের স্থানীয় বাবুর্চি বাজারের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি বাবুচি বাজারে মুদি মালামালের ব্যবসা পরিচালনা করতেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের আত্মীয় এবং পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়ী আবদুল জলিল গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। গত কয়েকদিন ধরে সম্ভাব্য সকল স্থানে তার সন্ধান করতে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। ১৭ নভেম্বর মঙ্গলবার, বেলা সাড়ে দশটার দিকে, এক নারী বাবুচি বাজারের পূর্বে অবস্থিত পরিত্যক্ত খামারবাড়ির পাশ দিয়ে হাঁটার সময় সেখানে একটি অস্বাভাবিক গন্ধ পান। তিনি কাছে গিয়ে দেখেন, পরিত্যক্ত ঘরের মধ্যে আবদুল জলিলের মরদেহ পড়ে রয়েছে। এরপর তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আবদুল জলিলের মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বনশ্রীতে চার বছরের শিশু আসফিয়া জাহান নুরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বনশ্রী বি-ব্লকের একটি ভবনের তৃতীয় তলা থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, ৯৯৯-এ সংবাদ পাওয়ার পর বনশ্রী বি-ব্লকের, রোড-৭, বাসা-২৫-এর তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মা মেহেরুন নেসাকে ওই বাসা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই বাসায় আসফিয়াকে নিয়ে স্বামী-স্ত্রী থাকতেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় স্বামী ইমন বাসায় ছিলেন না, তিনি একটি দোকানে কাজ করেন। তার স্থানীয় বাড়ি গ্রিন রোড এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে সন্তানকে হত্যা করে মেহেরুন নেসা নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার স্বামী ইমন জানিয়েছেন, এর আগেও মেহেরুন নেসা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সরকারের ভূমিকা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি মঙ্গলবার একটি বিবৃতিতে সরকারের নীরব প্রশ্রয়কে এই ঘটনার জন্য দায়ী করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দেশের ইতিহাসের ‘সবচেয়ে ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চিহ্নিত করেন।
সাদিক কায়েম তার বিবৃতিতে অভিযোগ করেন যে, জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যার অভিযোগ তুলে যারা মায়াকান্না করেছিল, সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বর্তমানে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে লিপ্ত রয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়ন চালানোর পর তারা আবারও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
ডাকসু ভিপি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের শত্রু এই হিংস্র গোষ্ঠীর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তবে সরকারের নীরব প্রশ্রয়ের কারণে গোপালগঞ্জের পরিস্থিতি আজকের এই পর্যায়ে পৌঁছেছে বলে তিনি দাবি করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে সাদিক কায়েম প্রশ্ন রাখেন, ‘থানা পুড়িয়ে লুটপাটের পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ?’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ, অডিও এবং ছবি ব্যবহার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি উল্লেখ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির মোকাবিলায় ধৈর্য ধরে কাজ করছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়ায় থানায় হামলা, একজন সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের কথিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা সেখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও সরকার নিশ্চিত করতে চায় যে কোনো নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান।
তিনি বলেন, আমরা একটি প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, সেটি নিশ্চিত করতে হবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না। সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ