ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভুলে অজু ছাড়া নামাজ পড়লে আদায় হবে না, পুনরায় অজু করতে হবে


ভুলে অজু ছাড়া নামাজ পড়লে আদায় হবে না, পুনরায় অজু করতে হবে

নামাজ আদায়ের জন্য অজু ও পবিত্রতা অর্জন অপরিহার্য। পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। তবে কখনো ব্যস্ততা, অন্যমনস্কতা কিংবা ভুলে যাওয়ার কারণে কেউ অজু ছাড়াই নামাজ পড়ে ফেলতে পারেন। নামাজ শেষ করার পর যখন মনে পড়ে যে তার অজু ছিল না, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে—এ অবস্থায় কি নামাজ হয়ে গেছে? এ জন্য কি গুনাহ হবে? নাকি নামাজ আবার আদায় করতে হবে?

ইসলাম মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান দেয়নি। অনিচ্ছাকৃত ভুল ও বিস্মৃতির জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করেন না। তবে ভুলবশত কোনো ইবাদতের অপরিহার্য শর্ত বাদ পড়ে গেলে সেই ইবাদত শুদ্ধ হয় না। তাই ভুলে অজু ছাড়া নামাজ পড়ে ফেললে শরিয়তের বিধান এবং এ অবস্থায় করণীয় সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।

ভুলে অজু ছাড়া নামাজ পড়লে কি গুনাহ হবে? ইসলামের দৃষ্টিতে ভুলবশত অজু ছাড়া নামাজ পড়ে ফেললে এ অনিচ্ছাকৃত ভুলের জন্য কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা বান্দার ভুল ও বিস্মৃতির ব্যাপারে ক্ষমাশীল। পবিত্র কুরআনে মুমিনদের একটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে—

আরও পড়ুন: রাসুলুল্লাহ (সা.) যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا

উচ্চারণ: ‘রব্বানা লা তুআখিজনা ইন নাসিইনা আও আখ্থনা।’

অর্থ: ‘হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আমাদের পাকড়াও করবেন না।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৮৬)

এ আয়াতের ব্যাখ্যায় মুসলিমের একটি বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা এ দোয়ার জবাবে বলেছেন, ‘আমি তা কবুল করলাম।’ (মুসলিম ১২৬)

আরও পড়ুন: কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের বরেণ্য আলেমরা

অন্যদিকে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ

‘নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং যে কাজ করতে তাদের বাধ্য করা হয়, তা ক্ষমা করে দিয়েছেন।’ (ইবনে মাজাহ ২০৪৩, ইবনে হিব্বান ৭২১৯)

অতএব, কেউ যদি সত্যিই ভুলে অজু ছাড়া নামাজ পড়ে ফেলেন, তাহলে এ কারণে তার গুনাহ হবে না। তবে বিষয়টি স্মরণ হওয়ার পর শরিয়তের বিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: নেতিবাচক চিন্তার ক্ষতি ও মুক্তির উপায় নিয়ে আলোচনা

অজু ছাড়া নামাজ আদায় করলে কি নামাজ শুদ্ধ হবে? ভুলবশত অজু ছাড়া নামাজ পড়লে গুনাহ না হলেও সেই নামাজ শুদ্ধ হবে না। কারণ নামাজের অন্যতম পূর্বশর্ত হলো পবিত্রতা অর্জন করা। ভুলে যাওয়া বা অনিচ্ছাকৃত হওয়ার কারণে নামাজের এ শর্ত মাফ হয়ে যায় না। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বলেছেন—

لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ

‘পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল করা হয় না।’ (মুসলিম ২২৪)

এখানে পবিত্রতা বলতে প্রয়োজন অনুযায়ী অজু বা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন বোঝানো হয়েছে।

আরও পড়ুন: সেজদার সময় পায়ের আঙুল কীভাবে রাখতে হবে

পবিত্র কুরআনেও নামাজের আগে অজু করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ

‘হে মুমিনগণ! তোমরা যখন নামাজের জন্য দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ করো এবং টাখনু পর্যন্ত পা ধৌত করো।’ (সুরা আল-মায়িদা: আয়াত ৬)

অতএব, অজু ছাড়া নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না। ভুলবশত আদায় করলেও নামাজটি পুনরায় পড়তে হবে।

আরও পড়ুন: তুরস্কে মুসলিমদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

হানাফি ফিকহ অনুযায়ী এ বিষয়ে বিধান

হানাফি মাজহাবের প্রসিদ্ধ ফিকহগ্রন্থ ‘ফাতাওয়া হিন্দিয়া’তে উল্লেখ করা হয়েছে, কেউ যদি অজু ছাড়া নামাজ আদায় করেন এবং পরে বিষয়টি স্মরণ হয়, তাহলে তাকে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। একইভাবে কাপড়ে নাপাকি থাকা অবস্থায় নামাজ পড়লে এবং পরে তা স্মরণ হলেও বিধান অনুযায়ী নামাজ পুনরায় আদায় করতে হবে। (আল-ফাতাওয়াল হিন্দিয়া ১/৮৯)

অর্থাৎ ভুলের কারণে গুনাহ না হলেও নামাজের শুদ্ধতার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

এ ক্ষেত্রে করণীয় কী?

আরও পড়ুন: হজের পরিভাষাগুলো জানা জরুরি

কেউ যদি নামাজ শেষ করার পর নিশ্চিতভাবে স্মরণ করেন যে তাঁর অজু ছিল না, তাহলে তাঁর করণীয় হলো—

নামাজের জন্য পবিত্রতা অর্জন অপরিহার্য। তাই অজু ছাড়া নামাজ আদায় করলে তা ভুলবশত হোক কিংবা ইচ্ছাকৃত—নামাজ শুদ্ধ হবে না। তবে কেউ যদি ভুলে বা অন্যমনস্কতার কারণে অজু ছাড়া নামাজ পড়ে ফেলেন, তাহলে এ অনিচ্ছাকৃত ভুলের জন্য তার গুনাহ হবে না। কিন্তু বিষয়টি স্মরণ হওয়ার পর নতুন করে অজু করে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে।

একজন মুমিনের উচিত নামাজের আগে অজু আছে কি না, তা নিশ্চিত হওয়া এবং পবিত্রতার ব্যাপারে সচেতন থাকা। একই সঙ্গে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত সংশোধন করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের নামাজের যাবতীয় বিধিবিধান যথাযথভাবে পালন করার এবং পবিত্রতার সঙ্গে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কখনো পিছপা হয়নি। অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পর পর মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধানকে গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, শ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটি স্বাভাবিক। দেশে গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি। শ্রমিকরা তাদের দাবি জানাবেন এবং মালিকপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরবেন। আলোচনার মাধ্যমে একটি মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় অতীতেও তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, আবারও এমন চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।

এ সময় গণসংহতি আন্দোলনের জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই সহোদরের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ এম


চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই সহোদরের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডের কারণে মোহাম্মদ আব্দুল্লাহ (১৫) এবং মোহাম্মদ ওমর ফারুক (১৪) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে, বাড়িতে স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করার সময় আকস্মিকভাবে অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে ঘরের ভেতরে দগ্ধ হন দুই ভাই।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মোহাম্মদ ওমর ফারুক মারা যান। একই দিন রাত ৮টার দিকে, গ্রামের মসজিদ মাঠে নিহত ওমর ফারুকের জানাজার প্রস্তুতির সময় খবর আসে যে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহও মারা গেছেন।

রাত ৯টার দিকে, ওমর ফারুকের দাফন শেষ করে অপর ভাইয়ের লাশ আনতে হাসপাতালে ছুটে যান স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে, বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে, করাইয়াঘোনা জামে মসজিদ কবরস্থানে ছোট ভাই ওমর ফারুকের কবরের পাশে দাফন করা হয় বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহকে।

চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ আব্দুল্লাহ ও ওমর ফারুক একই এলাকার মাওলানা ফজলে কাদেরের সন্তান। তারা দুজনই একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। তিনি বলেন, "কয়লার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।" প্রাথমিকভাবে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি জানান, এ পরিবারকে আরও সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্তিরি করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডে দগ্ধ হয় আপন দুই ভাই। নিহতদের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহণের বাসে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ এম


বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহণের বাসে অগ্নিকাণ্ড

রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, "বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের সংবাদ আমরা এই মাত্র পেয়েছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের ইউনিট যাচ্ছে।"

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনি বলেন, "বিষয়টি নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে চার বাসে আগুন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


রাজধানীতে চার বাসে আগুন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে, বাড্ডা লিংক রোডে এবং রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তরা চারটি বাসে আগুন দেয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে, গত সোমবার দুপুর থেকে ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছেন।

বাসে আগুন

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, রাত ৯টা ২৫ মিনিটে তিতুমীর কলেজের সামনে অলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের অপর একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া, বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাস এবং রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব ঘটনায় হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, মঙ্গলবার রাতে গাজিপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার খবরও পুলিশ পেয়েছে।

মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টার মধ্যে রাজধানীর আরো চারটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কৃষি মার্কেটের সামনে, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয় এলাকায় ককটেল হামলা চালানো হয়।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৫টি মামলা দায়ের করেছে। এর মধ্যে মিরপুর বিভাগে ১৫০ জন গ্রেপ্তার হয়েছে, যা সর্বাধিক।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদপুরে তিন নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।

এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%