ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়াকাটার ‘পায়রা রেস্টুরেন্ট’ যেন পর্যটক ঠকানোর ফাঁদ! সাধারণ খাবারেও আকাশছোঁয়া বিলের অভিযোগ


কুয়াকাটার ‘পায়রা রেস্টুরেন্ট’ যেন পর্যটক ঠকানোর ফাঁদ! সাধারণ খাবারেও আকাশছোঁয়া বিলের অভিযোগ

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার ‘পায়রা রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে খাবারের অতিরিক্ত মূল্য বা ‘গলাকাটা’ দাম রাখার গুরুতর অভিযোগ উঠেছে। খাবারের মান নিয়ে প্রশ্ন থাকার পাশাপাশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ পর্যটকদের সাথে চরম দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। ফলে নতুন আসা পর্যটকরা এখানে খেতে বসে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন।
ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, এই রেস্টুরেন্টে এক প্লেট সাধারণ ভাতের দামই রাখা হচ্ছে ৪০ টাকা, যা বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, খাবারের মানও অত্যন্ত নিম্নমানের।
সম্প্রতি কুয়াকাটায় ঘুরতে এসে চরম হেনস্তার শিকার হয়েছেন সোহান নামের এক পর্যটক। তিনি জানান, "আমরা গত শুক্রবার সকালে কুয়াকাটায় ঘুরতে আসি। রাতে চারজন মিলে পায়রা রেস্টুরেন্টে খেতে বসি। আমাদের খাবারের মেন্যুতে ছিল মাত্র ডিম ভাজা, শুঁটকি ভর্তা আর পাতলা ডাল। খাওয়া শেষে বিল দেখে আমাদের চোখ কপালে ওঠে। সামান্য এই খাবারের বিল আসে ৯০০ টাকা!"
সোহান আরও অভিযোগ করেন, "একটি সাধারণ খাবারের এত টাকা বিল কীভাবে আসলো—তা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা আমাদের সাথে অত্যন্ত খারাপ ও অমার্জিত আচরণ করে। কুয়াকাটার মতো একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে এমন নৈরাজ্য চলতে পারে না। এখানে প্রশাসনের কঠোর নজরদারি দেওয়া উচিত।"
এদিকে, খাবারের অতিরিক্ত দাম রাখার বিষয়ে পায়রা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো অনুতপ্ততা প্রকাশ না করে উল্টো উগ্র ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। রেস্টুরেন্ট প্রতিনিধি দামের বিষয়টি স্বীকার করে এক প্রকার হুমকি ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আমরা দীর্ঘ ছয় বছর ধরে এভাবেই বিল রাখছি। আপনারা পারলে কিছু করেন।" তাদের এমন ‘ঠেড ব্লক’ বা খামখেয়ালিপূর্ণ কথাবার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সাধারণ পর্যটকরা।
কুয়াকাটার পর্যটন শিল্পের ভাবমূর্তি রক্ষায় এবং সাধারণ মানুষকে এমন প্রকাশ্য পকেট কাটা থেকে বাঁচাতে স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিটের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিটের উদ্বোধন

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাক টিকেট উদ্বোধন করেছেন।

আজ রবিবার, সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকেটের উদ্বোধনটি অনুষ্ঠিত হয়। ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেটের সাথে একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান।

৬ জুলাই 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানে সম্পন্ন হলো খামেনির প্রথম জানাজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


তেহরানে সম্পন্ন হলো খামেনির প্রথম জানাজা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর অবশেষে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে) তেহরানের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজা নামাজে ইমামতি করেন প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি। এর আগে শনিবার (৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে, খামেনির ছেলে মোজতবা খামেনি তার পিতার জানাজা পড়াবেন না। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার (৩ জুলাই) থেকেই তেহরান মসজিদ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়।

যুদ্ধের প্রথম দিনেই নিহত হয়েছিলেন দেশটির এই শীর্ষ নেতা। দীর্ঘ চার মাস পর তার মরদেহ দাফনের প্রক্রিয়া শুরু করে ইরান সরকার। এই উপলক্ষে দেশটিতে নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং শেষ বিদায়ের জন্য বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

এর আগে, শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ রাখা হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত কেইকো ফুজিমোরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত কেইকো ফুজিমোরি

 

কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র বিক্ষোভ, ভোট জালিয়াতির অভিযোগ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। দেশের নির্বাচন দপ্তর আনুষ্ঠানিকভাবে রক্ষণশীল দলের প্রার্থী কেইকো ফুজিমোরিকে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেছে।

গত ৭ জুনের রানঅফ (দ্বিতীয় দফা) নির্বাচনে ৫১ বছর বয়সী ফুজিমোরি ৫০.১৩৫% ভোট পেয়ে দেশের সর্বোচ্চ পদে জয়ী হন। এটি রাষ্ট্রপতি পদে তার চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা ছিল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বামপন্থী কংগ্রেসম্যান রবার্তো সানচেজকে মাত্র প্রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মোট ভোট পড়েছিল ১ কোটি ৮০ লক্ষ।

দলের সদর দপ্তরে কর্মীদের উদ্দেশ্যে ফুজিমোরি বলেন, ‘আজ পেরুর জন্য এক নতুন যুগের সূচনা হলো—আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য দায়িত্ববোধ, সংলাপ ও ফলাফলের এক যুগ।’

আগামী ২৮ জুলাই ক্ষমতা গ্রহণের পর কেইকো ফুজিমোরি ২০১৬ সালের পর থেকে পেরুর ১০ম রাষ্ট্রপতি হবেন। তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হোসে বালকাজারের স্থলাভিষিক্ত হবেন। কেইকো ফুজিমোরি হলেন পেরুর সাবেক প্রয়াত বিতর্কিত প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা, যিনি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত কঠোর হস্তে দেশ শাসন করেছিলেন।

কেইকো নিজেও অতীতে নির্বাচনী প্রচারণার অর্থায়নের অভিযোগে দীর্ঘ তদন্তের মুখে পড়েছিলেন এবং কয়েক দফায় প্রায় দেড় বছর জেল খেটেছেন। যদিও গত বছর তার সেই অভিযোগ প্রত্যাহার করা হয়।

তীব্র রাজনৈতিক বিভাজনে খণ্ডিত পেরুকে ঐক্যবদ্ধ করা এবং গ্রামীণ ও শহরের মধ্যকার বিশাল অর্থনৈতিক বৈষম্য দূর করাই এখন নতুন রাষ্ট্রপতি কেইকো ফুজিমোরির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালিশ বৈঠকে নাতির গুলিতে আহত দাদা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ পি.এম


সালিশ বৈঠকে নাতির গুলিতে আহত দাদা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি সালিসি বৈঠকে বাকবিতণ্ডার কারণে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় নজরুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের কারণে ডাকা সালিসি বৈঠককে কেন্দ্র করে আশিক নামে এক যুবক তাকে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, আশিক গুলিবিদ্ধ বৃদ্ধ নজরুল ইসলামের নাতি।

ঘটনাটি শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে ঘটে। গুলিবিদ্ধ নজরুল ইসলাম রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর সন্তান। অভিযুক্ত যুবক আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, আশিকের বাবা ইসমাইল হোসেনের সঙ্গে তার মা আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে একাধিক পারিবারিক বিষয়ে কলহ চলছে। এই সম্পর্কিত বিষয় নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একটি সালিস বৈঠক ডাকা হয়েছিল। সে বৈঠকে নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন নজরুল ইসলামের সঙ্গে আয়েশা বেগমের তর্কবিবাদ হয়। আয়েশা বেগম বিষয়টি মোবাইল ফোনে ঢাকায় অবস্থানরত দে‌র ছেলে আশিককে জানান। এর পর শনিবার আসামি আশিক গ্রামে এসে নজরুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি নজরুলের উপর গুলি ছোড়ে।

ইসমাইল হোসেন ফারুক অভিযোগ করেন, "আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল ফোনে ডেকে এনেছেন। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

গুলিবিদ্ধ নজরুল ইসলাম জানান, "ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিসি বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠেন। উনি কারও কথা শুনতে রাজি ছিলেন না। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর পরেই আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, "গুলিবিদ্ধ অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তার এক্স-রে করার পরামর্শ দিয়েছি। এক্স-রে করার পরে শরীরের ভিতরে গুলি রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারবো। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে রেফার করা হয়েছে।”

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেছেন, "ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আশিককে আটকের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আগেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%