ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রভাতী ইনস্যুরেন্স পিএলসি-র মেরিন দাবির ১.৩৫ কোটি টাকার চেক হস্তান্তর


প্রভাতী ইনস্যুরেন্স পিএলসি-র মেরিন দাবির ১.৩৫ কোটি টাকার চেক হস্তান্তর

সম্প্রতি, প্রভাতী ইনস্যুরেন্স পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাখাওয়াত হোসেন মামুন, রূপালী ব্যাংক পিএলসি, লোকাল অফিস, দিলকুশা বা/এ, ঢাকা-এর গ্রাহক এরেবা ক্যাপসুল লিমিটেড-এর পরিচালক জনাব এহতিয়াজ করিম এবং নির্বাহী পরিচালক রিসেনা করিমের কাছে মেরিন দাবির ১,৩৫,৯৯,৮২৮/-(এক কোটি পঁয়ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার আট শ আঠাশ) টাকার চেক হস্তান্তর করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পানির হাটখোলা শাখার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও শাখা প্রধান জনাব নেওয়াজ মোহাম্মদ রাশেদুল করিম। এছাড়া, এরেবা ক্যাপসুল লিমিটেড-এর সিএফও জনাব জালাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট জনাবা সৈয়দা শাহানাওজ শিল্পী (এ্যানি) এবং ডেপুটি ম্যানেজার জনাব আব্দুল আওয়ালও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ওমেরা উদ্বোধন করল এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের

রাজশাহী মহানগরীর থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে মানবিক আচরণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলা তদন্তে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) আরএমপি সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পুলিশ কমিশনার অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো, কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার এবং থানার কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কোনো চাপ বা প্রভাবে মামলা তদন্তে পক্ষপাত না করার নির্দেশ দেন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২০ দশমিক ১০ গ্রাম হেরোইন, ৫ কেজি ৩২৬ দশমিক ৪০ গ্রাম গাঁজা, ৭৪৭ পিস ইয়াবা, ৪ হাজার ৭৮৪ পিস ট্যাপেন্টাডল, ১২ বোতল অ্যালকোহল ও ৭১ দশমিক ৪২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৩০টি মামলা দায়ের এবং ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ১৯৫টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আদালত ও মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ২৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবার পার্টি: পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘের অধীনে কার্যকর গঙ্গা চুক্তি চায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


লেবার পার্টি: পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘের অধীনে কার্যকর গঙ্গা চুক্তি চায়

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জাতিসংঘের তত্ত্বাবধানে কার্যকর আন্তর্জাতিক পানি চুক্তির দাবি জানিয়েছেন। তিনি গঙ্গা, তিস্তা এবং অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য এই আহ্বান জানান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ আউয়াল নাঈম মিলনায়তনে লেবার পার্টি ঢাকা মহানগরের আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি তুলে ধরেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, "মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনায় অভিন্ন নদীর পানির অধিকার প্রতিষ্ঠা ও দেশ বাঁচাতে জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "উজানে একতরফা পানি প্রত্যাহার, বাঁধ ও জলাধার নির্মাণের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বাংলাদেশের নদ-নদী, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, কৃষি, অর্থনীতি ও জনজীবন মারাত্মক সংকটে পড়েছে। নদীনির্ভর বাংলাদেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ সুরক্ষায় অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা জরুরি।"

গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।" তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন ও সমন্বিত ব্যবস্থাপনায়ও কার্যকর অগ্রগতি প্রয়োজন বলে তিনি জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই বলেন, "ভারতকে অভিন্ন নদীগুলোর উজানে একতরফা পানি প্রত্যাহার বন্ধ করতে হবে।" চুক্তিতে ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা, গ্যারান্টি ক্লজ সংযুক্ত করা এবং নদীর অববাহিকাভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনার নিশ্চয়তা থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, "জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনের আলোকে অভিন্ন নদীগুলোর সুষম ও ন্যায্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।"

লেবার পার্টি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আহমেদ হাসান হাফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ঢাকা মহানগর লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, যুবমিশনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজিব, বাংলাদেশ ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ডেমরা থানা লেবার পার্টির সভাপতি মো. হারুনুর রশীদ, পল্টন থানা লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন এবং ছাত্রমিশনের কেন্দ্রীয় সদস্য মো. সাব্বির আহমেদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমেরা উদ্বোধন করল এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ওমেরা উদ্বোধন করল এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি

বাংলাদেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি (RFS) উদ্বোধন করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও ওমেরা সিলিন্ডার্স লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাটির উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিস্ফোরক পরিদর্শকের প্রধান পরিদর্শক মোহাম্মদ মহসিন উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ সারওয়ার (অব.) এবং বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান।

ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজীম চৌধুরী, সিওও মাথিন্দ্রা ডি জয়সা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এলপিজি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওমেরার এক দশকের পথচলা নিয়ে একটি অডিওভিজ্যুয়াল উপস্থাপনা, নতুন স্থাপনার কারিগরি কার্যক্রমের পরিচিতি এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন ও ফিতা কাটার পর প্রধান অতিথিসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা আরএফএস স্থাপনা এবং ওমেরার মোংলা টার্মিনাল পরিদর্শন করেন।

মোংলা থেকে দেশজুড়ে ওমেরার এক দশকের পথচলা ২০১৫ সালে মোংলায় এলপিজি টার্মিনাল স্থাপনের মাধ্যমে শুরু হয়। দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন ও নিরাপদ জ্বালানি পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে ঘোড়াশাল, মিরসরাই ও শেরপুরে কার্যক্রম সম্প্রসারণ করে ওমেরা। একই সঙ্গে গড়ে তোলে দেশব্যাপী বিস্তৃত সরবরাহ ও বিতরণব্যবস্থা, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে ওমেরার এলপিজি।

অবকাঠামো উন্নয়ন, সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী বিতরণব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় ওমেরা আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ এলপিজি অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এক দশকের এই পথচলায় ওমেরার দায়িত্ব এখন শুধু এলপিজি সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহকের কাছে জ্বালানি পৌঁছে দেওয়ার পাশাপাশি সেই জ্বালানি বহনকারী সিলিন্ডারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

সিলিন্ডার সংস্কার ও পুনরায় যোগ্যতা যাচাই কেন জরুরি তা উল্লেখ করা হয়েছে। এলপিজি সিলিন্ডার দীর্ঘদিন ব্যবহার করা যায়। তবে বারবার পরিবহন, ওঠানামা এবং বিভিন্ন পরিবেশে ব্যবহারের কারণে সিলিন্ডারে মরিচা, আঘাতজনিত ক্ষতি, ভালভের সমস্যা কিংবা অন্যান্য ত্রুটি দেখা দিতে পারে।

প্রযোজ্য নিরাপত্তাবিধি অনুযায়ী নির্ধারিত মেয়াদে, সাধারণত ১০ বছর পর পুনরায় যোগ্যতা যাচাইয়ের পর্যায়ে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয় যে সিলিন্ডারটি আরও ব্যবহার করা নিরাপদ কি না।

রিফারবিশমেন্ট বা সংস্কার প্রক্রিয়ায় নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ সিলিন্ডারের প্রয়োজনীয় মেরামত, অনুমোদিত যন্ত্রাংশ পরিবর্তন ও সুরক্ষামূলক কাজ করা হয়। অন্যদিকে রিকোয়ালিফিকেশন প্রক্রিয়ায় কারিগরি পরীক্ষা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সিলিন্ডারটি পুনরায় ব্যবহারের উপযুক্ত কি না, তা নিশ্চিত করা হয়।

অর্থাৎ, পুরনো সিলিন্ডারে শুধু নতুন রং করাই যথেষ্ট নয়। প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সঠিক পরীক্ষা, সংস্কার ও পুনরায় যোগ্যতা যাচাই। যেসব সিলিন্ডার নির্ধারিত নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেগুলো পুনরায় ব্যবহার করা যায়। আর অনুপযুক্ত সিলিন্ডারগুলো নিয়ম অনুযায়ী ব্যবহার থেকে সরিয়ে নিতে হয়।

পুরো এলপিজি খাতের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মোংলা ও হবিগঞ্জে রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন সুবিধা গড়ে তোলার মাধ্যমে ওমেরা দেশে প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার সংস্কার ও পুনরায় যোগ্যতা যাচাইয়ের সমন্বিত ব্যবস্থা চালু করেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, মোংলায় স্থাপিত আরএফএস কেন্দ্রটি ওমেরার নিজস্ব সিলিন্ডারের পাশাপাশি দেশের অন্যান্য এলপিজি অপারেটরদের সেবা দেওয়ার জন্যও তৈরি করা হয়েছে। এর ফলে দেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় সংস্কার এবং পুনরায় ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করার সুযোগ আরও বিস্তৃত হবে।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন সিলিন্ডারের নিরাপত্তা ও নিয়মনীতি মেনে চলার বিষয়টি আরও জোরদার হবে, অন্যদিকে নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ সিলিন্ডার যথাযথ সংস্কারের মাধ্যমে পুনরায় ব্যবহার করা সম্ভব হলে অপ্রয়োজনীয় অপচয়ও কমবে।

২০১৫ সালে নিরাপদ ও পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের যে অঙ্গীকার নিয়ে ওমেরার যাত্রা শুরু হয়েছিল, এক দশক পর সেই অঙ্গীকার আরো বিস্তৃত হলো। এখন লক্ষ্য শুধু দেশের প্রতিটি প্রান্তে এলপিজি পৌঁছে দেওয়া নয়, বরং সিলিন্ডারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। নিরাপদ সিলিন্ডার, নিরাপদ গ্রাহক—আর সেই লক্ষ্যেই আরো নিরাপদ বাংলাদেশ গড়তে ওমেরার এই উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের সঙ্গে সম্পর্ক নয়, উন্নয়নের অংশীদারি গড়ার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


প্রবাসীদের সঙ্গে সম্পর্ক নয়, উন্নয়নের অংশীদারি গড়ার তাগিদ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা উল্লেখ করেছেন যে, প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বজায় রাখার পাশাপাশি, তাদের দেশের উন্নয়নের কার্যকর অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য পেশাগত দক্ষতা অনুযায়ী সম্ভাবনাময় খাত চিহ্নিত করে প্রবাসী বিশেষজ্ঞদের দেশীয় প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার আমারি হোটেলে ‘ব্রিজ টু বাংলাদেশ’ ও অক্সফাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল: ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সংলাপে বক্তারা জানিয়েছেন, বিশ্বের ৬০ থেকে ৭০টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো গেলে অর্থনীতি, প্রযুক্তি, শিল্প ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করা সম্ভব।

যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান মন্তব্য করেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা প্রায়ই দেশের নেতিবাচক খবর শুনতে পান। তবে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রবাসীদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কাছে দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও সংস্কৃতি সম্পর্কে অনেক প্রবাসী জানেন না। দেশে সমস্যা থাকলেও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে কূটনীতিক ও রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের মধ্যেই ভবিষ্যতের অনেক সমস্যার সমাধান রয়েছে। সব সমাধান পশ্চিমা বিশ্বে খুঁজতে হবে, এমন নয়।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে বাংলাদেশিরা কাজ করছেন। তাদের অভিজ্ঞতা দেশের কাজে লাগাতে প্রযুক্তি, শিল্প ও সেমিকন্ডাক্টরের মতো সম্ভাবনাময় খাত চিহ্নিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, এসব খাতে দক্ষ প্রবাসীদের শনাক্ত করে দেশীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্ভাবনাময় ব্যক্তি ও ধারণা খুঁজে বের করা যেতে পারে।

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে সবুর খান বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি তৈরি হলেও দেশের অনেক পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে প্রবাসীদের উদ্যোগ ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের কূটনীতিক অ্যাবি ডেভিস বলেন, প্রবাসীদের সঙ্গে কার্যকর অংশীদারি গড়ে তোলার সমাধান কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেসব সমস্যা সমাধানে কাজ করছে, সেসব উদ্যোগে প্রবাসী বিশেষজ্ঞদের যুক্ত করতে একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা ও গবেষণা প্রয়োজন।

সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, বিশ্বের ৬০ থেকে ৭০টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। দেশভেদে তাদের পেশাগত অভিজ্ঞতা ও আগ্রহের ধরনও ভিন্ন। যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও যুক্তরাজ্যে বড় একটি অংশ রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত।

যুক্তরাজ্যে ১০ হাজারের বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের অনেকগুলো ভারতীয় রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। সেগুলোকে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে পরিচিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতি বাড়বে।

হামজা চৌধুরীর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সাফল্য নতুন সম্ভাবনা তৈরি করেছে উল্লেখ করে ফারুক সোবহান বলেন, মালয়েশিয়ায় দুই মিলিয়নের বেশি এবং দক্ষিণ কোরিয়ায় প্রায় ৭০ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের সঙ্গে সম্পৃক্ততার অন্যতম লক্ষ্য হওয়া উচিত বিনিয়োগ আকৃষ্ট করা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করা। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশের সম্পর্ক ধরে রাখাও জরুরি।

পর্তুগালের ডিউক অব কোইমব্রা সউসা আরুজো মার্টিন্স বলেন, প্রবাসীদের মধ্যে নিজ দেশের ইতিহাস ও শিকড় নিয়ে গর্ববোধ তৈরি করা প্রয়োজন। ইতিহাসের কোনো নেতিবাচক অধ্যায়ের কারণে নতুন প্রজন্ম যেন পুরো দেশের ইতিহাস ও অবদান সম্পর্কে আগ্রহ হারিয়ে না ফেলে, সেদিকে নজর দিতে হবে।

পর্তুগালের প্রায় ৯০০ বছরের ইতিহাসের উদাহরণ দিয়ে তিনি বলেন, অতীতের একটি স্বৈরশাসনের সময়কাল দিয়ে পুরো দেশের ইতিহাস মূল্যায়ন করা ঠিক নয়। প্রবাসীদের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।

তিনি জানান, পর্তুগালের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তার স্ত্রীর নির্মাণাধীন আট পর্বের একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশটির ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে জানানো হবে। বাংলাদেশের ক্ষেত্রেও ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%