মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯:৩৬ পি.এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন দক্ষিণ গ্রাম থেকে দুই শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই শিশু হলো—মোঃ বাচ্চু মিয়ার ৯ বছর বয়সী ছেলে মোঃ জাবেদুল ইসলাম শুভ এবং তার ফুফাতো ভাই ৮ বছর বয়সী মোঃ হোসাইন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।
কোনো হৃদয়বান ব্যক্তি শিশু দুটির সন্ধান পেলে অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৪৮৬২৮৩৫০
শিশু দুটিকে খুঁজে পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে নিহত নাটোরের নলডাঙ্গার দুই প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নলডাঙ্গা উপজেলার খাজুরা ও দীঘিরপাড় গ্রামে নিহতদের মরদেহ পৌঁছায়। দীঘিরপাড় হাফেজিয়া মাদ্রাসা ও খাজুরা আলিম মাদ্রাসায় জানাজা শেষে ফকিরপাড়া একই গোরস্থানে তাদের দাফন করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন, নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন এবং দীঘিরপাড় গ্রামের জাকের আলীর ছেলে শামীম হোসেন। নিহতদের মরদেহ গ্রামে পৌঁছানোর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানাজায় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টো, এছাড়া নিহতদের পরিবারের আত্মীয়স্বজন ও স্থানীয় মুসল্লিরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২৬ তারিখে সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশী প্রবাসী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে ফেরত আসে। বাকি ৭ জনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পর আজ শনিবার দেশে পৌঁছায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন জানান, নিহত পরিবারের দাফন কাফন ও অন্যান্য খরচের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ইতালিয়ান সিরি-আ ক্লাব এসি মিলান যুক্তরাষ্ট্রের প্লেমেকার ক্রিশ্চিয়ান পুলিসিচের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। নতুন চুক্তির আওতায়, ২৮ বছর বয়সী এই ফুটবলার ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।
পূর্ববর্তী চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষে শেষ হওয়ার কথা ছিল। তিনি চার বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।
শুক্রবার রাতে এসি মিলানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “ক্রিশ্চিয়ান পুলিসিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করতে পেরে এসি মিলান আনন্দিত।”
২০২৩ সালে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে সান সিরোয় যোগদান করেন পুলিসিচ। এরপর থেকে, তিনি মিলানের হয়ে সব প্রতিযোগিতায় ১৪২ ম্যাচে ৪৪ গোল করেছেন। চলতি মৌসুমে লিগে তার গোল সংখ্যা দুটি।
বর্তমানে সিরি আ-তে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে মিলান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার ‘সেলফি রোড’-এ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন বরিশাল বিভাগের কমিশনার মো. খলিল আহমেদ এবং জেলা প্রশাসক মামুন খন্দকার।
শনিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নিয়ে নিজ হাতে ঘাস কেটে এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় ‘বিডি ক্লিন’-এর সদস্যরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে যোগদান করেন। তারা সম্মিলিতভাবে এলাকার বড় ঘাস, ঝোপঝাড় পরিষ্কার এবং যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এই কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মামুন খন্দকার মন্তব্য করেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা শুধুমাত্র একদিনের কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি, জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করে তোলা হবে, যাতে মানসম্মত খেলোয়াড় তৈরি করা সম্ভব হয়।
শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী খেলাধুলার ক্ষেত্রে বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে বলেন, "খেলাধুলাকে বর্তমান সরকার পেশাদারী পর্যায়ে নিয়ে যেতে চায়।" তিনি উল্লেখ করেন যে, নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ছোটো থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলার একটি আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "প্রতিটি বাড়িতে যেখানে গরুর খামার রয়েছে, সেখানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে দেশের জ্বালানি সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।" তিনি আরও জানান, তরুণেরা এই প্ল্যান্ট স্থাপন ও সংযোগ দেওয়ার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তরুণ সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি জেলার যুব উন্নয়ন অধিদপ্তর এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশে ও বিদেশে সমানভাবে কাজের সুযোগ পান এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
এর আগে, তিনি প্রধান অতিথি হিসেবে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেন।
এসময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ