০৬:৩৬ পি.এম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মন্তব্য করেছেন, রাজনীতির ক্ষেত্রে ফুলের মালা গ্রহণের পাশাপাশি জুতার মালা সহ্য করাও জরুরি। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে সম্মান অর্জনের পাশাপাশি অপমানও সহ্য করতে হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন জানান, নির্বাচনের পূর্বে একটি পক্ষ তাকে মাদক কারবারিদের সম্রাট হিসেবে অপবাদ দিয়ে প্রচারণা চালায়। এমনকি তার বিরুদ্ধে জুতার মিছিলও করা হয়। কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেই পক্ষের সদস্যরাই এখন ফুলের মালা নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি নিজে মাঠে নেমে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছেন। বর্তমানে মাদক কারবারিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মাদক কারবারিদের শেকড় যত গভীরেই থাকুক, তা উপড়ে ফেলা হবে।
শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে এমপি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষিত ব্যক্তিদের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।
ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শাহরিয়ার হোসেন লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. পিজিউল আলম প্রমুখ।
আরও পড়ুন: সরকার পোশাক শ্রমিকদের আন্দোলন দমনের চেষ্টা করছে : নাহিদ ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন