০৩:০৬ পি.এম
পেরুর লা রিনকোনাদা, পৃথিবীর সর্বোচ্চ স্থায়ী জনবসতি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় অবস্থিত। এটি আন্দিজ পর্বতমালার পূর্বাংশে অবস্থিত এবং চারদিকে বরফঢাকা পাহাড়, পাতলা বাতাস ও দুর্গম পরিবেশ দ্বারা পরিবেষ্টিত। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে এখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের এই জনপদে বিশুদ্ধ পানির সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ নেই। সোনার খোঁজে প্রতিকূল পরিবেশে এখানে মানুষগুলো বসবাস করছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নাসার চোখে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি
২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা লা রিনকোনাদাকে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি হিসেবে উল্লেখ করে। নাসার ল্যান্ডস্যাট-৮ স্যাটেলাইটের অপারেশনাল ল্যান্ড ইমেজার যন্ত্রে ২০১৯ সালের ১ আগস্ট তোলা ছবিতে এই জনপদ দেখা যায়। এটি দক্ষিণ-পূর্ব পেরুর আন্দিজ পর্বতমালায়, বলিভিয়া সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আনানেয়া পর্বতের ঢালে এবং লা বেলা দুরমিয়েন্তে নামের একটি হিমবাহের নিচে গড়ে উঠেছে বসতিটি। স্প্যানিশ ভাষায় লা বেলা দুরমিয়েন্তে অর্থ ‘ঘুমন্ত সুন্দরী’ বলে পরিচিত।
আরও পড়ুন: ইয়েমেনের তাইজে হামে প্রাণ গেল ২৬ জনের
নাসার তথ্যমতে, লা রিনকোনাদার যাত্রা শুরু হয়েছিল প্রায় চার দশক আগে অস্থায়ী খনিশ্রমিকদের বসতি হিসেবে। সেখানে শুরুতে স্থায়ী শহর গড়ে তোলার পরিকল্পনা ছিল না, তাই নাগরিক সুবিধা যেমন পানি, পয়োনিষ্কাশন কিংবা বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করা হয়নি।
সেখানে সোনার খনিতে শ্রমিকদের কাজের ব্যবস্থা ছিল ভিন্ন। পুরুষ খনিশ্রমিকরা একটানা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত খনিতে কাজ করতে পারতেন। এ সময় তাঁরা নির্দিষ্ট মজুরি পেতেন না, তবে খনি থেকে যতটুকু সোনা সংগ্রহ করতে পারতেন, তা নিজেদের কাছে রাখার সুযোগ ছিল। এই ব্যবস্থা অস্থায়ী খনিশিবিরটিকে স্থায়ী জনবসতিতে পরিণত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
সোনার দাম বাড়তেই বাড়ে জনসংখ্যা
জীবনযাপনের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ২০০০-এর দশকে লা রিনকোনাদার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। নাসার তথ্য অনুযায়ী, সোনার বাজারদর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এখানকার জনসংখ্যা বেড়েছিল ২৩০ শতাংশ। ওই দশকেই প্রথম বিদ্যুৎ পৌঁছায় জনপদটিতে।
আরও পড়ুন: মার্কিন ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
তবে এখনো বর্জ্য ব্যবস্থাপনার কোনো কার্যকর ব্যবস্থা নেই। বাসিন্দাদের অনেকেই শহরের বাইরে আবর্জনা পুড়িয়ে ফেলেন বা মাটিচাপা দেন। এর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পাতলা বাতাসে বসবাসের স্বাস্থ্যঝুঁকি
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় হওয়ায় লা রিনকোনাদার বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক কম। নাসার তথ্য অনুযায়ী, এখানে শ্বাস নেওয়ার সময় শরীরে সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় অর্ধেক পরিমাণ অক্সিজেন প্রবেশ করে।
এমন পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে ক্রনিক মাউন্টেন সিকনেস বা দীর্ঘস্থায়ী উচ্চতাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে মাথা ঘোরা, মাথাব্যথা, কানে শব্দ হওয়া ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে হৃদ্যন্ত্র বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
নাসার গবেষকদের অনুমান, লা রিনকোনাদার প্রতি চারজন বাসিন্দার একজন এ সমস্যায় ভুগছেন। এ কারণে গবেষকেরা সেখানে যান উচ্চতাজনিত অক্সিজেনস্বল্পতার স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা করতে।
পর্যটকদের জন্য কি আদর্শ গন্তব্য?
পেরুতে রয়েছে মাচুপিচুর মতো বিশ্ববিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা আকর্ষণ। প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক এসব স্থান দেখতে যান। তবে লা রিনকোনাদা তেমন কোনো পর্যটনকেন্দ্র নয়।
২০২৫ সালে ট্রিপসাইডের এক প্রতিবেদনে জনপদটিকে প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ২০০০-এর দশকের শুরুর দিকে সোনার খোঁজে মানুষের আগমন বাড়তে থাকায় একসময়কার ছোট পাহাড়ি গ্রামটি ৫০ হাজারের বেশি মানুষের বসতিতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার
প্রতিবেদনটিতে শহরটির নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এগুলো ওই সংবাদমাধ্যমের নিজস্ব পর্যবেক্ষণ। নাসা ও ট্রিপসাইড—উভয় প্রতিবেদনেই উঠে এসেছে, লা রিনকোনাদা মূলত খনিশ্রমিকদের বসতি, পর্যটকদের জন্য পরিকল্পিত কোনো শহর নয়।
সোনার আকর্ষণে গড়ে ওঠা লা রিনকোনাদা প্রমাণ করে, প্রাকৃতিক সম্পদের সন্ধানে মানুষ কত প্রতিকূল পরিবেশেও বসতি গড়ে তুলতে পারে। তবে সেখানে জীবনযাপনের মৌলিক সুযোগ-সুবিধার অভাব একটি বড় বাস্তবতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন