০৩:০৬ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি এবং তাঁর মাতা তাহমিনা বেগমকে হত্যা সংক্রান্ত মামলায় মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে সুমাইয়াকে হত্যার জন্য দুই লাখ টাকা এবং তাহমিনা বেগমকে হত্যার জন্য এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সুমাইয়ার ভাই ও সহপাঠীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁরা দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসিন আরাফাত এ রায় প্রদান করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম, যিনি ফয়সাল নামে পরিচিত, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর জিআর ৭১২/২৫ এবং নারী ও শিশু মামলা নম্বর ১৮০/২৬। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া এবং তাঁর মা তাহমিনা বেগম অবস্থান করছিলেন। ওই দিন রাত ১০টার দিকে তাজুল ইসলাম বাসায় গিয়ে বোনকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি বোনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁর মাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তাহমিনার মাথা ও কনুইয়ে রক্তের চিহ্ন এবং নাক-মুখে আঘাতের চিহ্ন ছিল। পরে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁদের হত্যা করে বাসা থেকে কয়েকটি মুঠোফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
মামলার তদন্তে ৯ সেপ্টেম্বর মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
জবানবন্দিতে মোবারক জানান, তিনি বালুতুপা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ঝাড়ফুঁক দেওয়ার সূত্রে সুমাইয়া ও তাঁর মায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২ সেপ্টেম্বর তিনি তাঁদের বাসায় গিয়ে ঝাড়ফুঁক করেন। পরে ৭ সেপ্টেম্বর সকালে সুমাইয়ার মায়ের ডাকে তিনি ওই বাসায় যান।
আরও পড়ুন: দুদকের বিরুদ্ধে সাবেক পুলিশ কর্মকর্তা তুহিন লস্কর ও তার স্ত্রীর মামলা
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন মোবারক সুমাইয়াকে ধর্ষণ করেন। বিষয়টি তাহমিনা বেগম দেখে ফেললে তিনি তাঁকে ধাক্কা দেন। পরে মোবারক তাঁকে গলা চেপে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এরপর সুমাইয়াকেও গলা চেপে হত্যা এবং বাসা থেকে ল্যাপটপসহ কয়েকটি জিনিস নিয়ে যাওয়ার কথা তিনি স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ১৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২৩ জুলাই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে আসে। আদালত ১৬ আগস্ট মামলাটি আমলে নেন এবং ২০ আগস্ট অভিযোগ গঠন করেন। একই দিনে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আয়েশা আক্তারকে নিয়োগ দেওয়া হয়।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ১২ অক্টোবর ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৯ অক্টোবর আসামির বক্তব্য নেওয়া হয়। ২৭ অক্টোবর যুক্তিতর্ক শেষে ৫ নভেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত। পরে রায়ের তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সুমাইয়ার ভাই তাজুল ইসলাম। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত এ রায় বাস্তবায়ন দেখতে চাই। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। আশা করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।"
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
সুমাইয়ার সহপাঠী নূরানী শেখ বলেন, "আমরা শুরু থেকেই চেয়েছি, এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায় ঘোষণার পর তা কার্যকর হতে যেন দীর্ঘ সময় না লাগে, সেটাই আমাদের প্রত্যাশা।"
আরেক সহপাঠী সামিউন সোলতানা ঐশী বলেন, "সুমাইয়া ও তাঁর মায়ের হত্যার রায় ঘোষণার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা চাই, রায় ঘোষণার পর এর কার্যকরের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন