ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল


লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

কিছু মানুষ জন্ম নেন শুধু ইতিহাস গড়ার জন্য নয়, নিজের বুক চিতিয়ে স্বদেশের মানচিত্রকে নতুন করে আঁকার জন্য। ১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোতে মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে যারা জীবন বাজি রেখেছিলেন, তাদেরই একজন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। বার্ধক্যের ছাপ চেহারায় এলেও তাঁর দীপ্ত চোখে আজও জ্বলজ্বল করে একাত্তরের সেই বিজয়ী আলো। তিনি শুধু লক্ষ্মীপুর গ্রামের বা কুলিয়ারচরের অহংকার নন, পুরো বাংলাদেশের এক জীবন্ত ইতিহাস ও পরম শ্রদ্ধার অভিভাবক।

১৯৫১ সালের ২৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হাজী মো. আবদুল করিম বক্স মুন্সি। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশব ও কৈশোর জন্মস্থানেই কাটে তাঁর। স্থানীয় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ১৯৬৮ সালে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭২ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৭৫ সাল পর্যন্ত একই কলেজে ডিগ্রিতে লেখা পড়া করেন।

১৯৭১ সালে ছাত্রজীবনেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। ভারতের মেঘালয় জেলার ইকো ওয়ান (Eco-1) স্থান থেকে প্রশিক্ষণ শেষ করে তিনি বাংলাদেশের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা হিসেবে তৎকালীন সেক্টর কমান্ডার মীর শওকত আলীর অধিনে দীর্ঘ ৯ মাস সম্মুখ সমরে যুদ্ধ করেন। সিলেট, সুনামগঞ্জ, ভোলাগঞ্জ এবং ছাতক (বর্তমানে সিমেন্ট ফ্যাক্টরী) এলাকায় তিনি সাহসিকতার সাথে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। তিনি ৩ কোম্পানির টু-আইসি (2nd-in-Command) কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সাথে একই এলাকার লক্ষ্মীপুর পূর্ব পাড়ার কৃতি সন্তান (প্রয়াত শিক্ষক) বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনও একই সেক্টরে সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার দুই মাস পর সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটের ব্যবস্থা সম্পন্ন করে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

আরও পড়ুন: কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম ইউপি নির্বাচনে তিনি এলাকার মানুষের অনুরোধে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের বৃহত্তর ১নং (বর্তমানে ১, ২ ও ৩নং) ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে মেম্বার পদ থেকে পদত্যাগ করে ১৯৭৪ সালে সহকারী খাদ্য পরিদর্শক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন এবং খুলনার মংলা পোর্টে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে তিনি খাদ্য পরিদর্শক হিসেবে অবসরগ্রহণ করেন।

চাকরি থেকে অবসর নিয়ে নিজ এলাকায় ফিরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্থানীয় লক্ষ্মীপুর বাজারে আর.এফ.এল (RFL)-এর একটি শোরুম পরিচালনা করেন। এর পর থেকে তিনি আর.এফ.এল নামে পরিচিতি লাভ করেন। বর্তমানে সবাই তাঁকে আর.এফ.এল আওয়াল নামে চিনেন। পরবর্তীতে ব্যবসা ছেড়ে তিনি কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নে তিনি আমৃত্যু নিবেদিতপ্রাণ। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতি এবং লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সদস্য হিসেবেও দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আলহাজ্ব জালাল উদ্দিন কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট কলেজ পরিচালনা কমিটি এবং লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব সততার সাথে পালন করে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর সন্তানেরাও নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল ও প্রতিষ্ঠিত। বড় ছেলে মো. হাবিবুল আলম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ও মো. শরীফুল আলম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কর্মরত আছেন।
মেয়ে নূরজাহান বেগম লাকি অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ইতালিতে বসবাস করছেন এবং কারিমুন্নেছা মুক্তি বিএ পাস করে বিমানে চাকুরির সুবাদে সৌদি আরব ছিলেন। বর্তমানে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে ডাক্তার স্বামীর সাথে সাভারে আছেন তিনি।

৭১-এর এই বীর সেনানি ও তাঁর পরিবারের দেশপ্রেম এবং ত্যাগের আদর্শ নতুন প্রজন্মের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সূর্যসন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছে পুরো দেশবাসী।

আরও পড়ুন: সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


প্রধানমন্ত্রী জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বাংলাদেশ জলবায়ু তহবিলের অনুদান চায়, ঋণ নয়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়টি তুলে ধরবেন।

বুধবার (১১ নভেম্বর) কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন ইকোনমি এবং গ্রিন এনার্জির জন্য সোলার এনার্জি, নদী খননসহ বাংলাদেশে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি ওয়ার্ল্ড জলবায়ু ফোরামে তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়গুলোও আলোচনা করবেন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সম্মেলনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে, কিভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে কী কী পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরবেন সরকারপ্রধান।

জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের মতো দেশগুলোর সমস্যা বহুদিনের উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বিষয়ে কার্যকর কিছু প্রত্যাশা করছে সবাই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা চাই ক্লাইমেট ফান্ডিংয়ের বিষয়ে একটি সমাধান আসবে। জলবায়ু পরিবর্তনে এফেক্টেড দেশগুলোর সমস্যা সমাধানে কি উপায় মোকাবিলা করা যায়, সে বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করছি।

এদিকে, চীনের উপ-রাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সাথে আজ প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। তুরস্কের ফার্স্ট লেডির সাথে প্রধানমন্ত্রী এবং জুবাইদা রহমানের বৈঠকও রয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই প্রতিনিধি দলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রাষ্ট্রপতি ছাত্র হিসেবে এই হলেই ছিলেন।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে আসে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জানান, এস এম হলের ছাত্র হিসেবে তিনি গর্ববোধ করেন। হলের অবস্থানকালের বিভিন্ন স্মৃতিচারণও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিনিধি দল জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব অনুভব করে। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে। রাষ্ট্রপতি জবাবে বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।’

সাবেক ছাত্র হিসেবে প্রতিনিধি দলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। প্রতিনিধিদল এজন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল হক পলাশ: ‘এত স্মৃতি কোথায় জমা রাখব’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


জিয়াউল হক পলাশ: ‘এত স্মৃতি কোথায় জমা রাখব’

দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই দীর্ঘ সময়ের মধ্যে ধারাবাহিকটি শুধুমাত্র একটি নাটক হিসেবে নয়, বরং দর্শকদের জন্য আনন্দ, হাসি এবং আবেগের বিশেষ অংশ হয়ে উঠেছে।

প্রতিটি চরিত্র দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শুটিং শেষের মুহূর্তে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট করেছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে থাকার কথা তুলে ধরেছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে শুরুর দিনগুলোর স্মৃতি, নিজের বেড়ে ওঠা এবং এই যাত্রায় পাওয়া অসংখ্য মানুষের ভালোবাসার গল্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’

দীর্ঘ সময়ের পরিবর্তনের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি।

আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’

স্মৃতির ভার ও বিদায়ের অনুভূতি প্রকাশ করে পলাশ লিখেছেন, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’

পোস্টের শেষাংশে নিজের স্বপ্ন দেখার দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা বলেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’

পলাশের এই আবেগঘন পোস্টে স্পষ্ট, ‘ব্যাচেলর পয়েন্ট’ তার কাছে কেবল একটি অভিনয় প্রকল্প নয়, বরং জীবনের দীর্ঘ একটি অধ্যায়। শুটিং শেষ হলেও কাবিলা চরিত্র এবং এই ধারাবাহিকের স্মৃতি যে তাঁর জীবনে বিশেষ জায়গা নিয়ে থাকবে, তা তাঁর লেখাতেই ফুটে উঠেছে। একই সঙ্গে প্রিয় ধারাবাহিকটির শুটিং শেষের খবরে আবেগাপ্লুত দর্শকরাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: রাষ্ট্রপতি

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আজ বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।’

এ সময় তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, এস এম হলের সাবেক ছাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁরা গৌরব বোধ করছেন। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।

হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ জন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময়ে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%